Top 5 This Week

spot_img

Related Posts

‘জেন-জি’র বিক্ষোভের আবহে ‘সংবিধান’ পাঠ! রাজ্যের স্কুলগুলিতে বিশেষ কর্মসূচির নির্দেশ, মাঠে সাংসদরাও

RK NEWZ ২৬ নভেম্বর সংবিধান দিবসকে সামনে রেখে রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ এই সংস্থার তরফে রাজ্যের প্রতিটি জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। একদিকে যেমন সরকারি নির্দেশিকায় স্কুলে সংবিধান দিবস পালনের রূপরেখা তুলে ধরা হয়েছে, তেমনই ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ এলাকায় কর্মসূচি আয়োজনের জন্য লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নানা প্রান্তে তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’র (Gen Z) বিক্ষোভের আবহে এই কর্মসূচিগুলিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সংবিধান দিবসে স্কুলে কর্মসূচির পরামর্শ
ভারতীয় সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সংবিধানের আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলগুলিতে যে সমস্ত কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলি হল,প্রাতঃকালীন সমাবেশে পড়ুয়াদের সম্মিলিতভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ।নিজ নিজ জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের বিষয়ে গবেষণা এবং সেই সংক্রান্ত বক্তব্য রাখতে পড়ুয়াদের উৎসাহিত করা। সংবিধান-ভিত্তিক বিষয়বস্তুর ওপর পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ, কোলাজ তৈরি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা।

নজরদারিতে নোডাল অফিসার, এলাকায় কর্মসূচির নির্দেশ সাংসদদের
স্কুল স্তরে এই কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে প্রতিটি জেলায় একজন করে জেলা স্তরের নোডাল অফিসার মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনের জন্য লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের সাম্প্রতিক বিক্ষোভ ও আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষাঙ্গন এবং জনপরিসরে সংবিধানের বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ও তৎপরতা নিয়েই এখন নানা মহলে আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles