Top 5 This Week

spot_img

Related Posts

‌‘আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণাই নেই’! ‘অর্ধনারীশ্বর’-এর ছবি দেখিয়ে বিজেপি-সঙ্ঘের বোধোদয়ের চেষ্টা রাহুল গান্ধীর

RK NEWZ মা সনিয়া গান্ধীর স্মৃতিকথার অনুষ্ঠানে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মন্তব্য করায় কম আলোচনা হয়নি। সেই বিতর্কে জড়ানোর কয়েক দিনের মধ্যেই এ বার বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন রাহুল গান্ধী। এক্স-এ এলিফ্যান্টা গুহার ‘অর্ধনারীশ্বর’ ভাস্কর্যের একটি ছবি পোস্ট করে পদ্ম শিবিরকে ‘লোভী, জাতপাতবাদী ও উগ্র পুরুষতান্ত্রিক’ বলে তোপ দেগেছেন তিনি। রাহুলের অভিযোগ, ভারতের আধ্যাত্মিক এবং ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে বিজেপি-আরএসএসের বিন্দুমাত্র ধারণা নেই। ভগবান শিব এবং দেবী পার্বতীর অভিন্ন রূপ ‘অর্ধনারীশ্বর’-এর ছবি শেয়ার করে রাহুল লেখেন, “ভারতীয় আধ্যাত্মিক এবং ধর্মীয় ঐতিহ্যের গভীরে আমি যতই প্রবেশ করছি, বিষয়টি ততই স্পষ্ট হচ্ছে।” তাঁর দাবি, এই ঐতিহ্য সম্পর্কে বিজেপি ও আরএসএস-এর ‘কোনও ধারণাই নেই’। রাহুলের বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সনিয়াকে উদ্দেশ্য করে লেখেন, “দুঃখিত ম্যাডাম, আপনার জীবনের এমন বিশেষ দিনেও উনি আপনাকে বিড়ম্বনা থেকে রেহাই দিতে পারলেন না। দেশ অনেক আগেই তা বুঝে গিয়েছে। আশা করি এ বার আপনিও দেখবেন। এই ‘প্রোডাক্ট’ লঞ্চ বা রিলঞ্চ করার অযোগ্য হয়ে পড়েছে।”

এর আগে দ্বাদশ শতাব্দীর একটি মন্দিরের ভাস্কর্যের ছবি পোস্ট করেছিলেন রাহুল, যেখানে ভগবান শিবের কোলে দেবী পার্বতীকে বসে থাকতে দেখা গিয়েছিল। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ভয়, রাগ এবং ঘৃণা বিজেপি ও আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন এক জাল বুনে দিয়েছে, যা তাঁদের ভালবাসা প্রকাশ করতে বাধা দেয়। নিজেকে ‘প্রকৃত হিন্দু’ বলে উল্লেখ করে রাহুল আরও লিখেছিলেন যে, “এই জাল থেকে তাঁদের মুক্ত করা আমার কর্তব্য, যাতে তাঁরাও জীবনে ভালবাসা ও আপনজনদের সান্নিধ্যের অপূর্ব সৌন্দর্য এবং আনন্দ অনুভব করতে পারেন। সত্যম শিবম সুন্দরম।” সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠানে রাহুলের একটি বক্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের শুরু। বাবা রাজীব গান্ধী এবং মা সনিয়া গান্ধীর গভীর স্নেহ ও ঘনিষ্ঠতার স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল বলেছিলেন, খাওয়ার সময় “বাবার কোলে মা বসে থাকতেন।” ছোটবেলায় তিনি এটিকে অত্যন্ত স্বাভাবিক বিষয় বলেই মনে করতেন। বন্ধুদের বাড়িতে গিয়ে তাঁদের মা-বাবাকে এভাবে বসতে না দেখে অবাক হয়ে বন্ধুদের প্রশ্নও করতেন বলে জানান রাহুল। পাশাপাশি, ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ড কীভাবে তাঁদের সাজানো সংসার তছনছ করে দিয়েছিল, সেই যন্ত্রণার কথাও তুলে ধরেন। রাহুলের পাশে দাঁড়িয়ে বহু মানুষ দাবি করেন, তিনি স্রেফ মা-বাবার ভালবাসার কথা অকপটে বলেছেন। কংগ্রেসের তরফেও এক্স-এ পোস্ট করে রাহুলকে সমর্থন জানানো হয়। দলের বক্তব্য, সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা, স্নেহ এবং সমতা নিয়ে অত্যন্ত জরুরি একটি আলোচনার সূত্রপাত করেছেন রাহুল। ভালবাসা লুকিয়ে রাখার বিষয় নয়, স্নেহ কোনও দুর্বলতা নয় এবং সঙ্গীকে সমান মর্যাদা দেওয়ার মাধ্যমেই সমতার শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles