RK NEWZ হাওড়া জেলা হাসপাতালে নির্মীয়মাণ সিসিইউ বিল্ডিংটির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই এই একশো শয্যার সিসিইউ বিল্ডিংয়ে চিকিৎসা পরিষেবা চালু হয়ে যাবে। আজ, শুক্রবার হাওড়া জেলা হাসপাতালের এই নতুন সিসিইউ বিল্ডিংটি ঘুরে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। এদিন এই নতুন বিল্ডিংটি পরিদর্শনের পর মন্ত্রী জানান, ‘‘আগামী দিনে হাসপাতালের পরিষেবা ও সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত, সুশৃঙ্খল ও সুসংহত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’’ এদিন মন্ত্রীকে নতুন হাসপাতাল বিল্ডিংটি ঘুরে দেখান হাওড়া জেলা হাসপাতালের সুপার শুভাশিস শী। হাওড়া জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই নতুন সিসিইউ বিল্ডিংয়ের জন্য চিকিৎসার নতুন সরঞ্জাম কেনা হবে। তৈরি করা হবে ক্যাথ ল্যাব। প্রসঙ্গত, এই বিল্ডিং তৈরির জন্য রাজ্য সরকার প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ করে। এই ৪৬ কোটি টাকার মধ্যে সিসিইউ ভবনটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ৩০.৫৫ কোটি, যন্ত্রপাতি কিনতে ১৩.৯৫ কোটি ও ল্যাবরেটরি তৈরি করতে খরচ হচ্ছে ১.২৫ কোটি টাকা। সিসিইউ বিল্ডিং তৈরির পাশাপাশি ওই বিল্ডিংয়েই ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিও তৈরি হচ্ছে। এই বিল্ডিংটি প্রায় ৮ তলা তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের পূর্ত দপ্তর এই কাজ করছে। হাওড়া জেলা হাসপাতালে ১২ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। কোভিডের সময় এই সিসিইউয়ের সংখ্যা বাড়িয়ে দ্বিগুন অর্থাৎ ২৪ করা হয়। হাওড়া জেলা হাসপাতালে এই সিসিইউ শয্যাগুলিকে রেখেই নতুন আরও একশো শয্যার এই সিসিইউ বিল্ডিং হয়েছে। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে অনুমোদন প্রাপ্ত বেডের সংখ্যা ৬৫০টি। এরমধ্যে ফাংশনিং রয়েছে ৫১৬টি। একই সঙ্গে হাওড়া জেলা হাসপাতালের আউটডোর পরিষেবাতেও পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে। আউটডোরে নতুন করে নেফ্রোলজিস্ট বা কিডনি রোগের বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। হাওড়া জেলা হাসপাতালের সুপার রাজ্য সরকারের কাছে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আবেদন করেছেন। জেলা হাসপাতালের উন্নয়নে কী কী লাগবে, তা জানিয়েছেন। সেই মতোই সরকার জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সহায়তা করছে। সব মিলিয়ে হাওড়া জেলা হাসপাতালে সিসিইউ বিল্ডিংটি চালু হলেই এর পরিকাঠামোগত উন্নতি হবে। ফলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকটাই উন্নত হবে।





