RK NEWZ ‘এভাবেই হাসতে থাকো’, সুসকে ৫১তম জন্মদিনের শুভেচ্ছা ললিত মোদির। সাল ২০২২, সপ্তাহের এমনই এক ব্যস্ততম দিনে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই সকলের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। মালদ্বীপ থেকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ললিত মোদি আর বঙ্গতনয়া সুস্মিতা সেন! ছবি ভাইরাল হতেই তোলপাড় সমাজমাধ্যম। সেইসময় আইপিএল টুর্নামেন্টের উত্তেজনাকে ছাপিয়ে ললিত-সুস্মিতা তরজায় মাতোয়ারা গোটা দেশ। শুধু ছবি নয়, দম্পতি হিসেবে নতুন জার্নি শুরুর ঘোষণা একেবারে বোমা বিস্ফোরণের মতো ছিল তা বলাই বাহুল্য। যদিও বর্তমানে দুজনেই আলাদা পথের পথিক। তবে ললিত মোদি কিন্তু, সুস্মিতার গুণগ্রাহী। তাঁর বিরুদ্ধে ওঠা ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’-এর তীব্র প্রতিবাদ করেছিলেন শিল্পপতি ও প্রাক্তন আইপিএল কর্তা। এবার প্রাক্তনকে ৫১তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন ললিত মোদি। সাদা কালো আবহে যুগলের ছবি পোস্ট করে সুস্মিতাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয় বান্ধবী সম্বোধন করে ললিত মোদি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার প্রিয় বান্ধবী। সারাজীবন এভাবেই তোমার ঠোঁটে এমন হাসি লেগে থাকুক।’ বঙ্গতনয়া সুস্মিতা সেনের জন্মদিনের ললিত মোদির শুভেচ্ছা নজর কেড়েছে নেটভুবনের। প্রসঙ্গত, গত জুন মাসে প্রাক্তন আইপিএল কর্তার এক সাক্ষাৎকারে চার বছর পুরনো প্রেমচর্চা ফের উসকে যায়। ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়াতেই ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’-এর তকমা সুস্মিতাকে। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে সুস্মিতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিলেন, “সুস্মিতা এতটাই সাবলম্বী যে তিনি কারও উপর নির্ভরশীল নন। ওকে কেন ডায়মন্ড ডিগার বলেছে? ওঁর কাছে যে পরিমান হিরে আছে আমি আগে কারও কাছে দেখিনি। নিজেরই তো হিরের ব্যবসা রয়েছে। জীবনে যা করছে নিজের ক্ষমতায় করছে। আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি বরং ও করেছে। আমার তো মনে হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য ভাড়া করা প্রেমিক! আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল। সুস্মিতা এমন একজন মানুষ যে কারও থেকে কিছু পাওয়ার আশা করে না।”





