RK NEWZ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ের নিমন্ত্রণ জানালেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার আগে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান রিঙ্কু। একই সঙ্গে তাঁর আশীর্বাদও চান ভারতীয় দলের এই ক্রিকেটার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কু। সেখানে পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্তের কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রিঙ্কু লিখেছেন, ‘আমার পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। তাঁকে আমাদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছি এবং তাঁর আশীর্বাদ চেয়েছি। আমাদের পরিবারের কাছে এটি সত্যিই খুব বিশেষ একটি মুহূর্ত।’ বিয়ের প্রস্তুতি এগোচ্ছে। বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ রিঙ্কুর পরিবারের। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করে তাঁকে বিয়ের নিমন্ত্রণ জানিয়েছিলেন ক্রিকেটারের পরিবারের সদস্যরা। রিঙ্কুর মা বীনা দেবী, ভাই সোনু সিং এবং বোন নেহা সিং লখনৌয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন। ৪ ডিসেম্বর লখনৌয়েই বিয়ের অনুষ্ঠান। লখনৌয়ের রামাডা হোটেলে বসবে বিয়ের আসর। দুই পরিবারেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ক্রিকেট ও রাজনীতির জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। ২০২৫ সালের ৮ জুন লখনৌয়ের সেন্ট্রাম হোটেলে বাগদান হয়েছিল রিঙ্কু ও প্রিয়ার। প্রায় দেড় বছর পর বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন।
বাগদানের পর ২০২৫ সালে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে তাঁর প্রেমের গল্প শুনিয়েছিলেন রিঙ্কু। জানিয়েছিলেন, কোভিডের সময় সোশ্যাল মিডিয়ার একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি প্রথম দেখেন তিনি। ছবিটি দেখে প্রিয়াকে ভালো লেগে গেলেও প্রথমে তাঁকে মেসেজ করার সাহস পাননি। পরে রিঙ্কুর কয়েকটি ছবিতে প্রিয়া লাইক করায় সাহস করে তাঁকে মেসেজ করেন ভারতীয় ব্যাটার। তার পর থেকেই নিয়মিত কথা শুরু হয় দু’জনের। রিঙ্কু বলেন, ‘কোভিডের সময় আইপিএল যখন মুম্বইয়ে হচ্ছিল, তখনই ওকে প্রথম দেখি। ওর গ্রামের ভোট নিয়ে একটি ফ্যান পেজে ওর ছবি ছিল। ছবি দেখেই মনে হয়েছিল, ও আমার জন্য একেবারে উপযুক্ত। কিন্তু প্রথমে মেসেজ করার সাহস পাচ্ছিলাম না। পরে ও আমার কয়েকটি ছবিতে লাইক করার পর আমিই ওকে মেসেজ করি। সেখান থেকেই সব শুরু। তার পর নিয়মিত কথা হতো আমাদের। ম্যাচের আগেও কথা বলতাম। ২০২২ সালে বুঝতে পারি, ওর প্রতি আমার ভালবাসা তৈরি হয়েছে।’ এর পর থেকে রিঙ্কুর খেলা থাকলেই প্রায়ই গ্যালারিতে দেখা গিয়েছে প্রিয়াকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কুর খেলার সময় ইডেন গার্ডেন্সেও তাঁকে গলা ফাটিয়ে সমর্থন করতে দেখা গিয়েছে। এ দিকে, দীর্ঘ দিন পর আবার মাঠে ফেরার অপেক্ষায় রিঙ্কু। শেষ বার জুলাইয়ে জ়িম্বাবোয়ে সফরে ভারতের হয়ে খেলেছিলেন তিনি। এ বার দোহায় হতে চলা ACC রাইজ়িং স্টার এশিয়া কাপের জন্য ভারতীয় ‘এ’ দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিঙ্কু। ১৯ থেকে ২৯ নভেম্বর চলবে প্রতিযোগিতা।





