Top 5 This Week

spot_img

Related Posts

সিএবি-র সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত, সিন্ডিকেট চলছে! নির্বাচনের পদ্ধতি বদলানো সম্ভব বলেও মনে করছেন সৌরভ

RK NEWZ কলকাতা ময়দানে রাজস্থান ক্লাবের হয়ে প্রথম ডিভিশন ক্রিকেট খেলেছেন। সৌরভ সিকদার এ বার জায়গা পেয়েছেন সিএবি-র গ্রাউন্ড কমিটিতে। রাজ্য ক্রিকেট সংস্থার খোলনলচে বদলে দিতে চান। উত্তর দমদমের বিজেপি বিধায়ক বললেন, সকলের আগে সিএবি-র ভোটের সিস্টেমটা বদলে ফেলতে হবে। তাঁর লক্ষ্য, জেলার ভোট বাড়ানো। তাঁর মতে, সিএবি-র সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সিন্ডিকেট চলছে। জানালেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কথাও হয়েছে। সিএবি-র বর্তমান সংবিধান অনুযায়ী মোট ভোট ১৪৯টি। এর মধ্যে ক্লাবের সংখ্যা ৯৪, যার প্রায় সবগুলিই কলকাতার। জেলার ভোট মাত্র ১৮। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলির ভোট আটটি এবং একটি ভোট ওয়েস্ট বেঙ্গল অফিস স্পোর্টস ফেডারেশনের। এখানেই আপত্তি সৌরভের। বললেন, ‘‘সিএবি মানে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কিন্তু এটা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কলকাতা হয়ে গিয়েছে। গোড়াতেই গোলমাল আছে। সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। বার বার অভিযোগ এসেছে দ্বিতীয় ডিভিশন লিগ নিয়ে। অথচ এটাই মূল প্রবেশপথ। সেখানে ক্লাবে খেলার জন্য টাকা নেওয়া হচ্ছে। সিলেকশনের জন্যও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ কোনও অ্যাকাডেমিতে না খেললে ক্লাব পাওয়া যায় না। পুরোটাই সিন্ডিকেট চলছে। মহারাষ্ট্র, গুজরাতে একাধিক ক্রিকেট সংস্থা রয়েছে। এটা তো ভাল। এখানে জেলার প্রতিনিধিত্ব নেই বলেই নানা রকম দুর্নীতি হচ্ছে। যখন শুরু হয়েছিল তখন গ্রামে ক্রিকেটের চল ছিল না। কিন্তু যুগ বদলেছে। ১৯৮৩ সালে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেট নিয়ে উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে গিয়েছে। সেখানে জেলা কেন ব্রাত্য থাকবে? কোথাও তো লেখা নেই সিএবি-র সংবিধান বদলানো যাবে না। মুখ্যমন্ত্রীকে বলেছি। উনি নিজে জেলার মানুষ। ফলে আবেগ বোঝেন। আর ভোটাধিকার পেতে গেলে ক্লাবগুলির মাঠ-সহ যা যা থাকার দরকার, জেলাতে তার সবই আছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সঠিক ক্রীড়ানীতি দরকার। দায়িত্ব নিয়ে বলছি, এগুলো করতে পারলে পাঁচ বছরের মধ্যে ছবিটা বদলে যাবে। এখন প্রত্যেক জেলার একটা করে ভোট। সেই ভোট বরাবরই শাসকদল দ্বারা নিয়ন্ত্রিত। কারণ, পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার মাথায় থাকেন সংশ্লিষ্ট জেলাশাসক। আর তিনি সরকারি আধিকারিক। সচিব বা অন্য পদে যাঁরা আসেন, তাঁরা শাসকদলেরই লোক হন। তাঁরা খেলার জগতের লোক নয়। ফলে তাঁদের কোনও দায় থাকে না। এই সিস্টমটা ভাঙতে হবে। সময় হয়েছে। জেলার প্রতিনিধি না বাড়ালে জেলার হয়ে কথা বলবে কে? শিবশঙ্কর পাল (কোচবিহার), ঋদ্ধিমান সাহা (শিলিগুড়ি), অশোক দিন্ডা (মেদিনীপুর)-র পর পশ্চিমবঙ্গের জেলা থেকে জাতীয় স্তরে আর কোনও ক্রিকেটার উঠে আসেননি। রাজস্থানে যখন খেলতাম আব্দুল খালেক নামে একজন ওপেনার ছিল। দারুণ প্রতিভা। কিন্তু হারিয়ে গিয়েছে। এখন মালদহে কোচিং ক্যাম্প চালায়। এদের হয়ে ওকালতি করার কেউ নেই। কারণ, ক্লাব নেই, ভোটও নেই। কলকাতার কোনও ছেলের জন্য ১০টা ক্লাব লবি করবে। তারা হয় সভাপতি, না হয় সচিব, না হলে অন্য কোনও কর্তাকে চেনে। কিন্তু জেলার ক্রিকেটারদের সেই সুযোগই নেই।’’ মহম্মদ শামি-মুকেশ কুমারদের সাফল্যে খুশি হলেও সৌরভ বললেন, ‘‘আমরা ওদের আপন করে নিয়েছি। কিন্তু ওরা তো ভিন্‌রাজ্যের। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনও অবাঙালি।’’

শুধু ক্রিকেট নয়, ফুটবলেও জেলার প্রতিনিধিত্ব চাইছেন বিধায়ক। সিএবি-র মতো আইএফএ-র সংবিধানেও বদল চান সৌরভ। ভারতীয় ফুটবল ফেডারেশনেরও সমালোচনা করে বললেন, ‘‘ভারতীয় ফুটবল দলে বাঙালি কোথায়? ব্রাজ়িল, উরুগুয়ে যুবভারতীতে খেলল। ভারতীয় দল দেখে খারাপ লাগছিল। একজনও বাঙালি নেই। সিস্টেমই দায়ী। আইএফএ-ও কলকাতা-কেন্দ্রিক। বাঙালি হঠাৎ ফুটবল খেলতে ভুলে গিয়েছে, এ রকম নিশ্চয়ই নয়। আইএসএলে বাইরে থেকে প্লেয়ার এনে খেলালে কী হবে? আইএসএল তো এই জন্য চালু হয়নি। ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীর পর স্ট্রাইকার কোথায়? এত দিন যাঁরা প্রশাসন চালিয়েছেন, এই দায় তাঁদের নিতে হবে। কেন এত দিন জেলার দলগুলো নিয়ে ক্রিকেট বা ফুটবল প্রতিযোগিতা হয়নি? ফ্র্যাঞ্চাইজ়ি দল নিয়ে প্রতিযোগিতার কথা কিন্তু বলছি না। সেখানে ব্যবসায়িক স্বার্থ থাকে, বাধ্যবাধকতা থাকে। জেলার দলগুলোকে খেলার সুযোগ দিতে হবে। এটা কোনও ক্রীড়ামন্ত্রীর মাথায় আসেনি! অথচ, জেলায় স্টেডিয়াম আছে। সেগুলো মেলা, ইভেন্টের জন্য ভাড়া দেওয়া হয়। জেলায় খেলাধুলা করলে স্পনসর এসে যাবে। অসুবিধা হবে না। বর্ধমান জেলা যদি খেলে, অনেক রাইস মিলের মালিক এগিয়ে আসবেন। দায়িত্ব নিয়ে বলছি।’’

বিজেপি একটা সময়ে বলেছিল, শিক্ষা, স্বাস্থ্য, খেলা— কোথাও রাজনীতি ঢুকতে দেবে না। কিন্তু তিনি ছাড়া আরও দুই বিধায়ক সজল ঘোষ এবং রীতেশ তিওয়ারিও সিএবির কমিটিতে রয়েছেন। কোনও অন্যায় দেখছেন না সৌরভ। বললেন, ‘‘রাজনীতি সব জায়গায় ঢুকে পড়েছে। ময়লা পরিষ্কার করতে গেলে তো পাঁকে নামতেই হবে। পরিষ্কার জায়গায় থেকে তো জঞ্জাল সাফ করা যাবে না। এটাই আমাদের প্রচেষ্টা থাকবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles