RK NEWZ তৃণমূল জমানায় মেয়ের মৃত্যুর বিচার মেলেনি। তা নিয়ে ক্ষোভ উগরে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূল জমানায় মেয়ের মৃত্যুর বিচার মেলেনি। তা নিয়ে ক্ষোভ উগরে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। তারপর ভোটে জিতে বিধায়কও হয়েছেন। বারবার তাঁর মুখে শোনা গিয়েছিল, মেয়ের বিচারের কথা। কিন্তু নতুন সরকারের ৬ মাস পেরলেও সে অর্থে কিছুই এগোয়নি তদন্ত। এবার কার্যত দলের বিরুদ্ধেই মুখ খুললেন রত্নাদেবী। বললেন, “পালাবদল হলেও দুর্নীতি কমেনি।” মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলে জানালেন বিধায়ক। বিজেপিতে যোগদানের সময় ও তারপর বহুবার রত্না দেবনাথ বলেছেন, ক্ষমতায় না থাকলে সুবিচার পাওয়া কঠিন। সেই কারণেই বিজেপিতে যোগ। পালাবদলের পর অভয়া ফাইল রিওপেনও হয়েছে। গ্রেপ্তার হয়েছিলেন নির্মল ঘোষ। কিন্তু তাতেও খুশি নন। অভয়ার বাবা-মা। তাঁদের দাবি, মূল অভিযুক্তরা এখনও অধরা। অভয়া কাণ্ডের পর তাঁদের মুখেই শোনা গিয়েছিল, পুলিশ কাজ করছে না। এরপর কলকাতা হাই কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু অভয়ার মায়ের দাবি, তাঁরা কখনই সিবিআই তদন্ত চাননি। সিবিআই কাজ করছে না বলেও অভিযোগ। অভয়ার মা বলেন, “আমরা কোনওদিন সিবিআই তদন্ত চাইনি। ওরা কিছুই করেনি। না পারলে ছেড়ে দিক। পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু সেই মানুষগুলোই রয়েছে। ফলে দুর্নীতি কমেনি।” রত্না দেবীর দাবি, তাঁর কাছে বিভিন্ন মেডিক্যাল কলেজে দুর্নীতির একাধিক ফাইল এসেছে। সেই সব ঘটনার তদন্ত চান তিনি। তাই ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পানিহাটির বিধায়ক। উল্লেখ্য, এদিন ক্লাবের গেটে তালা ঝুলিয়ে তাঁর বিজয়া সম্মিলনীতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন রত্নাদেবী। ২৪ ঘণ্টার মধ্যে সেই পানিহাটি স্পোর্টিং ক্লাবের চাবিই নিজের হেফাজতে নেন বিধায়িকা। রবিবার চাবি হাতে নিয়ে তাঁর ঘোষণা, নতুন পরিচালন কমিটি গঠন করবেন। সভাপতি নির্বাচিত হলেই তাঁর হাতে তুলে দেবেন চাবি।





