Top 5 This Week

spot_img

Related Posts

এক বছর পর কলকাতায় ফিরছে রনজি! জয়ের হ্যাটট্রিকের পর ইডেনে নামবে বাংলা

RK NEWZ কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ, কখনও সরকারি অনুষ্ঠান। যার ফলে গত এক বছরে ইডেনে ম্যাচ খেলারই সুযোগ পায়নি বাংলা। শেষবার নন্দনকাননে দল খেলেছিল গত বছর অক্টোবরের শেষ সপ্তাহে। রনজি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে। তারপর রনজিতে খান পাঁচেক হোম ম্যাচ খেলেছে বাংলা। প্রতিটাই হয়েছে কল্যাণীতে। অবশেষে সোমবার থেকে ফের ইডেনে খেলতে নামছে বাংলা। যে ম্যাচে প্রতিপক্ষ মহারাষ্ট্র। একদিন আগেই কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলেছে দল। তবে সময় নষ্ট না করে শনিবার থেকেই মহারাষ্ট্র ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। সকালে ইডেনের নেটে ব্যাটাররা প্রায় সকলেই পুরোদমে ট্রেনিং করলেন। আসলে প্রথম তিনটে ম্যাচে বিশেষ ধারাবাহিকতা দেখাতে পারেননি দলের কোনও ব্যাটারই। বিশেষত অভিজ্ঞ সুদীপ চট্টোপাধ্যায় একেবারেই ফর্মে নেই। তাই যেন ব্যাটিং ইউনিটে বাড়তি নজর কোচ লক্ষ্মীর। তবে পেসাররা বিশেষ বোলিং করেননি। মহম্মদ শামিকে একটা সময় দেখা গেল, মজার ছলে নেটে স্পিন বোলিং করতে। মহারাষ্ট্রের বিরুদ্ধে দলে একটা পরিবর্তন করতে চলেছে বাংলা। আমির গনি বসছেন। তাঁর পরিবর্তে দলে ঢুকবেন এক পেসার। অর্থাৎ দুই স্পিনার এবং তিন পেসারের কম্বিনেশন নিয়ে নামছে দল। স্পিন ব্রিগেডে শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামাণিক থাকবেন। প্রথমজন সাম্প্রতিক সময়ে দলের সেরা ম্যাচ উইনার। কেরল ম্যাচে দশ উইকেট নিয়েছেন প্রদীপ্ত। অন্যদিকে, শামির সঙ্গী হিসেবে সূরজ সিন্ধু জয়সওয়াল কার্যত চূড়ান্ত। জল্পনা তৃতীয় পেসার নিয়ে। আসলে কেরল ম্যাচে চোট লেগেছিল মহম্মদ কাইফের। ফিটনেস ইস্যুতে তিনি ছিটকে গেলে দলে আসতে পারেন বাঁ-হাতি পেসার গীত পুরি। বাংলা তিন পেসার নিয়ে নামলেও উইকেটে বিশেষ ঘাস থাকছে না। দলের কেউ কেউ মনে করছেন, পরের দিকে ব্যাটিং সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অবশ্য মহারাষ্ট্রের স্কোয়াডে বিশেষ বড় নাম নেই। রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ চৌধুরিরা নিউজিল্যান্ড সফরে। অধিনায়ক পৃথ্বী শ ফর্মে নেই। এদিন দুপুরে মহারাষ্ট্র ইডেনে অনুশীলনে নামলেও সেখানে ছিলেন না তারকা ওপেনার। খোঁজ নিয়ে জানা গেল, দলের সঙ্গে শহরে আসেননি পৃথ্বী। অবশ্য ফর্মে রয়েছেন অঙ্কিত বানে, রাজবর্ধন হাঙ্গারগেকারের মতো ক্রিকেটাররা। গ্রুপ পর্বের শুরুতে টানা তিন ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে মহারাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles