RK NEWZ জ্যোতির্ময়ী শিকদারের সামনে এখন দায়িত্ব অনেক। দীর্ঘ ১২ বছর পর বাংলা অ্যাথলেটিক্স সংস্থার সচিব পদে পরিবর্তন। কমল মৈত্রের জায়গায় নতুন সচিব হচ্ছেন প্রাক্তন অলিম্পিয়ান ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত জ্যোতির্ময়ী শিকদার। শনিবার ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। শুধু সচিব পদেই নয়, সংস্থার কার্যকরী কমিটিতেও আসছে নতুন মুখ। সহ-সভাপতি পদে দায়িত্ব পাচ্ছেন বাংলার দুই প্রাক্তন অলিম্পিয়ান সরস্বতী সাহা ও সুস্মিতা সিংহ রায়। তবে সভাপতি পদে কোনও পরিবর্তন হচ্ছে না। ওই পদে বহাল থাকছেন বিবেক সহায়। ২০১৪ সাল থেকে বাংলা অ্যাথলেটিক্স সংস্থার সচিবের দায়িত্ব সামলেছেন কমল মৈত্র। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন জ্যোতির্ময়ী। দেশের অন্যতম সফল প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী ২০০০ সালের সিডনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে ৮০০ ও ১০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন তিনি। এবার রাজ্য অ্যাথলেটিক্সের প্রশাসনিক দায়িত্ব সামলানোর পালা তাঁর। নতুন কমিটি গঠনের সময়েই সংস্থার সামনে একাধিক চ্যালেঞ্জ। বিশেষ করে প্রতিভাবান অ্যাথলিটদের সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ এবং পরিকাঠামোর উন্নতির দিকে নজর রাখতে হবে তাঁকে। সম্প্রতি চেন্নাইয়ে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলার অ্যাথলিটদের জার্সি নিয়ে বিতর্কে জড়িয়েছিল সংস্থা। ভাঙড়ের প্রতিভাবান অ্যাথলিট তহুরা খাতুন অভিযোগ জানিয়েছিলেন, প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পর্যাপ্ত জার্সি পাননি তাঁরা। বাধ্য হয়ে কাঁচি দিয়ে নিজেদের জার্সি কেটে স্লিভলেস করে নিতে হয়েছিল অ্যাথলিটদের। সেই ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।
বিষয়টি নিয়ে তৎকালীন সচিব কমল মৈত্রের মন্তব্যও আলোচনায় আসে। তাঁর বক্তব্য ছিল, সমস্যার কথা আগে তাঁকে জানানো উচিত ছিল তহুরার। সরাসরি সোশাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ করায় তিনি অসন্তুষ্ট হন। পরে অবশ্য একটি ভিডিও পোস্ট করে ক্ষমাও চান তহুরা। ঘটনাটি রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার ব্যবস্থাপনা ও অ্যাথলিটদের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলে দেয়। নতুন সচিব হিসাবে জ্যোতির্ময়ীর সামনে তাই দায়িত্ব অনেক। রাজ্যের প্রতিভাবান অ্যাথলিটদের জন্য উন্নত প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতির পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে যাতে কোনও ক্রীড়াবিদকে ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করাও তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তাঁর সঙ্গে সহ-সভাপতির দায়িত্বে দুই প্রাক্তন অলিম্পিয়ান সরস্বতী ও সুস্মিতা। বাংলার অ্যাথলেটিক্সের প্রশাসনে এবার তিন প্রাক্তন অলিম্পিয়ানের নতুন অধ্যায় শুরু।





