RK NEWZ নতুন কাজের সুযোগ তৈরি হলে কর্মসংস্থানের খোঁজে বাংলা ছেড়ে যাওয়া বহু যুবক-যুবতীও আগামী দিনে নিজের রাজ্যে ফিরে এসে কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা কাজের সন্ধানে বাংলা ছেড়ে অন্য রাজ্য বা বিদেশে চলে গিয়েছেন, তাঁদের ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার শিল্প ও কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করছে। ফলে আগামী দিনে চাকরি বা কাজের জন্য আর রাজ্যের যুবসমাজকে বাংলার বাইরে যেতে হবে না। নিউটাউনে লার্সেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রি-র নতুন তথ্যপ্রযুক্তি অফিস উদ্বোধন অনুষ্ঠানে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করাই আমাদের লক্ষ্য। চাকরি না পেয়ে রাজ্যের যুবসমাজকে আর বাইরে যেতে হবে না।’’ তাঁর কথায়, বাংলার যুবসমাজ ব্যবসা চায়, কাজ চায় এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ চায়। সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ শুরু করেছে। তিনি জানান, পশ্চিমবঙ্গে প্রতিভার কোনও অভাব নেই। অথচ উপযুক্ত কর্মসংস্থানের অভাবে বহু মেধাবী যুবক-যুবতীকে অন্য রাজ্য এমনকি বিদেশেও পাড়ি দিতে হয়েছে। রাজ্যে নতুন শিল্প ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রসারের মাধ্যমে সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে। নিউটাউনের নতুন এই অফিসকে পশ্চিমবঙ্গের প্রতি শিল্পমহলের আস্থার প্রতীক বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে দুটি টাওয়ারে বিস্তৃত এই তথ্যপ্রযুক্তি অফিসে প্রায় ৫,৮০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ‘আনন্দ নিকেতন’ নামাঙ্কিত এই প্রকল্পে বিপুল সংখ্যক যুবক-যুবতী কাজের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের বড় শিল্প ও তথ্যপ্রযুক্তি প্রকল্প রাজ্যের কর্মসংস্থানের ছবিই বদলে দিতে পারে। তাঁর আশা, নতুন কাজের সুযোগ তৈরি হলে কর্মসংস্থানের খোঁজে বাংলা ছেড়ে যাওয়া বহু যুবক-যুবতীও আগামী দিনে নিজের রাজ্যে ফিরে এসে কাজ করার সুযোগ পাবেন।



