Wednesday, July 29, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ফ্রান্সের কোচ জিদান!‌ ইটালির রবার্তো!‌ বিশ্বফুটবলে ‘নেক্সট জেন’দের মগজাস্ত্রের যুদ্ধ

RK NEWZ ফুটবল বিশ্বকাপ শেষ। এবার কোনও দলের লক্ষ্য ইউরো কাপ, কারও লক্ষ্য কোপা আমেরিকা। কারও বা লক্ষ্য পরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন। সেই কারণে কোচ বদল করছে বিভিন্ন দেশ। ফ্রান্স নিয়োগ করেছে কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানকে। আবার ইটালি কোচ বাছতে বিরাট সমস্যায় পড়েও শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে। সব মিলিয়ে বিশ্ব ফুটবলেও ‘নেক্সট জেন’ কোচিং শুরু হতে চলেছে। বিশ্বকাপের আগেই ঠিক ছিল, দিদিয়ের দেশঁ দায়িত্ব ছাড়বেন। বিশ্বকাপে সেমিফাইনালে থামে ফ্রান্সের লড়াই। জল্পনা ছিল, এরপর এমবাপেদের কোচ হবে দেশঁ। অবশেষে তাতে শিলমোহর পড়ল। ফ্রান্সের কোচ হচ্ছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ১৯৯৮-র বিশ্বজয়ী ফুটবলার দায়িত্ব পেয়ে বলছেন, “আমি বাকরুদ্ধ। কথা বলতে পারছি না। আমি শুধু ফ্রান্সের কোচিংই করতে চেয়েছিলাম। গত চার-পাঁচ বছরে অনেক ক্লাবের প্রস্তাব ফিরিয়েছি।” অনেক সময় ভালো ফুটবলার ভালো কোচ হন না। কিন্তু জিদান ব্যতিক্রমী। একসময় বিশ্বের সেরা ফুটবলার ছিলেন। আবার কোচ হিসেবেও খুবই সফল। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। ওই সময় টানা তিন বছর মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। ২০১৯-এ রিয়ালের কঠিন সময়ে ফিরে আসেন। সেই সময়ও রিয়ালকে লা লিগা জেতান। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের অফার থাকলেও ফ্রান্সের দায়িত্ব নেওয়ার জন্যই অপেক্ষা করছিলেন জিদান। এদিকে ইটালিতে চরম সংকট। গত তিনবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি চারবারের চ্যাম্পিয়ন দল। সেই দুরবস্থা ঘোচাতে প্রাক্তন ফুটবলার পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর। প্রধান পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয় ব্রাজিলের প্রাক্তন ফুটবলার লিওনার্দোকে। তাঁদের পরামর্শে ইটালির কিংবদন্তি ফুটবলার আন্দ্রে পির্লোকে কোচ হিসেবে বাছা হয়। তবে পিরলোর সঙ্গে একটি রাশিয়ার বেটিং সংস্থার চুক্তি আছে। সেই কারণে পির্লোকে কোচ করতে রাজি হয়নি ইটালি। এরপরই পদত্যাগ করেন মালদিনি ও লিওনার্দো। এর আগে তাঁরা কথা বলেছিলেন কার্লো আন্সেলোত্তি এবং পেপ গুয়ার্দিওলার সঙ্গে। দু’জনেই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। অবশেষে দীর্ঘ নাটকের ইটালি নিয়োগ করেছে রবার্তো মানচিনিকে। এর আগে ২০১৮ সালের মে থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় ইউরো জিতলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। অন্যদিকে ফাইনালে হারের পর লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ থাকবেন কি না এখনও নিশ্চিত নয়। তবে স্কালোনিকে ২০৩০ পর্যন্ত আর্জেন্টিনার কোচ রেখে দিল এক কিশোর। ব্যাপারটা কীরকম? এক কিশোর ভক্ত সোশাল মিডিয়ায় ভিডিও করে স্কালোনির অটোগ্রাফ চেয়েছিল। স্কালোনি তাতে সই করে দেন। পরে দেখা যায়, সেটা ওই কিশোরের হাতে লেখা এক চুক্তিপত্র। যেখানে স্কালোনিকে ২০৩০ পর্যন্ত চুক্তিবৃদ্ধি করা হচ্ছে। স্কালোনি সত্যিই ২০৩০ পর্যন্ত চুক্তি বাড়াতে পারেন। সম্প্রতি তিনি আর্জেন্টিনাতে নিজের শহরে ফিরেছেন। সেখানে ঘরের ছেলেকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয়েছিলেন হাজার হাজার সমর্থক। তাঁদের সামনে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার কোচ। ৪৮ বছর বয়সি কোচ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে স্পেনের শ্রেষ্ঠত্বও অকপটে স্বীকার করে নেন। সমর্থকরা বারবার শ্লোগান দিচ্ছিলেন, ‘লিও ছেড়ে যেও না।’ জার্মানিও নতুন কোচ নিয়োগ করেছে কিছুদিন আগে। তারা দায়িত্ব দিয়েছে জুর্গেন ক্লপকে। ২০৩০ পর্যন্ত জার্মানির কোচ হিসাবে থাকবেন ক্লপ। আপাতত তেমনটাই ঠিক হয়েছে। মূল লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানিকে ফের বিশ্ব ফুটবলের সেরাদের তালিকায় তুলে ধরা। অবশ্য এর মধ্যে একটি ইউরো এবং একটি নেশনস লিগও হবে। জার্মানির কোচ হিসাবে তাঁর প্রথম কাজ হবে নেশনস লিগে সম্মানজনক স্থানে দলকে তুলে আনা। তারপর তিনি ইউরোতে ফোকাস করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles