RK NEWZ “মা এবং কোচ বিজয় স্যরকে দেওয়া আবার সোনা জেতার প্রতিশ্রুতি রাখতে পেরেছি” কমনওয়েলথ গেমসে প্রথম সোনা এল মীরাবাই চানুর হাত ধরে। ভারোত্তোলনে মহিলাদের ৪৮ কেজি বিভাগে চার রেকর্ড গড়ে সোনা জিতলেন। কমনওয়েলথ গেমসের চতুর্থ দিন সোনার পদক এল ভারতে। এনে দিলেন সেই মীরাবাই চানু। ভারোত্তোলনে মহিলাদের ৪৮ কেজি বিভাগে চার রেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। পদক জিতে মঞ্চে জাতীয় সঙ্গীতের সময় কেঁদে ফেললেন ভারতের সোনার মেয়ে। প্রথম তিন দিন কমনওয়েলথ গেমসে হতাশ করেছেন ভারতীয় প্রতিযোগীরা। চানু তা করলেন না। ৪৮ কেজি বিভাগে আগের দুই কমনওয়েলথেও সোনা জিতেছিলেন তিনি। তাই তাঁর উপর আশা ছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। নিরাশ করেননি চানু। ২০১৪ সালে নিজের প্রথম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন তিনি। অর্থাৎ, চার বার এই প্রতিযোগিতায় নেমে চারটি পদক ভারতকে এনে দিয়েছেন মণিপুরের সোনার মেয়ে। স্ন্যাচ ইভেন্টে প্রথম প্রয়াসে ৮২ কেজি ভার তোলার চেষ্টা করেন চানু। কিন্তু পারেননি। পরের প্রয়াসে অবশ্য ৮২ কেজি ভার তুলে ৪৮ কেজি বিভাগে কমনওয়েলথে নতুন রেকর্ড করেন তিনি। পরের প্রয়াসে ৮৫ কেজি ভার তুলে নিজের রেকর্ড নিজেই ভাঙেন তিনি। ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে প্রথম প্রয়াসে ১০৫ কেজি ভার তোলার চেষ্টা করেন তানু। পারেননি। পরের প্রয়াসে তুলে ফেলেন। এটিও কমনওয়েলথে রেকর্ড। সব মিলিয়ে মোট ১৯০ কেজি ভার তোলেন চানু। এটিও রেকর্ড। সব মিলিয়ে মোট চারটি রেকর্ড করেছেন। পদক নিতে ওঠার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি চানু। যখন ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তখন জাতীয় পতাকার দিকে তাকিয়ে বুকে হাত রেখে কেঁদে ফেলেন তিনি। তাঁর চোখের জল দেখে সেখানে উপস্থিত ভারতীয় সমর্থকদেরও অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। চানুর এই সোনা ভারতকে পদক তালিকায় এক লাফে সাত নম্বরে তুলে এনেছে। কমনওয়েলথে এখনও পর্যন্ত একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। গ্লাসগোয় ইতিহাস গড়ে চানু বলেন, “আমার পারফরম্যান্সে সন্তুষ্ট। টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে সোনার পদক জিততে পেরে গর্বিত। জাতীয় পতাকা উড়তে দেখা এবং জাতীয় সঙ্গীত বাজতে শোনা অত্যন্ত আবেগের মুহূর্ত। তখনই মনে হয়েছিল, মা এবং কোচ বিজয় স্যরকে দেওয়া আবার সোনা জেতার প্রতিশ্রুতি রাখতে পেরেছি।” এই সাফল্যের জন্য কোচ বিজয়, সাপোর্ট স্টাফ, ওয়েটলিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইওএস, দেশের সকল সমর্থককেও কৃতজ্ঞতা জানিয়েছেন মীরা। তাঁর সংযোজন, “আমার মা ও পরিবারের সদস্যরা সবসময় আমার জন্য প্রার্থনা করেন। তাঁদের আশীর্বাদই আমাকে দেশের জন্য সেরাটা দেওয়ার শক্তি জোগায়।”
ভারোত্তোলনে রুপো নিশিকান্তের
চানুর আগে ভারোত্তোলনে ভারতকে রুপো এনে দিয়েছেন নিশিকান্ত সিংহ। প্রথম বার কমনওয়েলথে নেমে পুরুষদের ৬০ কেজি বিভাগে মোট ২৬৪ কেজি ভার তোলেন তিনি। স্ন্যাচ ইভেন্টে ১২১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ১৪৩ কেজি ভার তোলেন তিনি। ২৭৩ কেজি ভার তুলে সোনা জিতেছেন কেনিয়ার জোশুয়া এমবোয়া।



