Top 5 This Week

spot_img

Related Posts

পিতা-‌পুত্র!‌ দেশকে গর্বিত করা বাপ কাবেটারা

RK NEWZ ‘বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নহি তো থোড়া থোড়া’। এই প্রবাদকেই সত্যি করে দেখাচ্ছেন দুই কিংবদন্তির পুত্র। অন্বয় দ্রাবিড়, আর্যবীর ও বেদান্ত শেহওয়াগ। পদবি দেখে বুঝতে অসুবিধা হবে না কোন দুই ‘দিগ্‌গজ’ ক্রিকেটারের কথা বলা হচ্ছে। বীরেন্দ্র শেহওয়াগ ও রাহুল দ্রাবিড়। বাবারা দেশকে জিতিয়েছেন। এবার তাঁদের ছেলেদের পালা। বীরু-রাহুলপুত্রর মতো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বাবা-ছেলের বহু জুটিই আলোচনায় এসেছে। পতৌদি থেকে শেহওয়াগ,ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বাবা-ছেলের বহু জুটিই আলোচনায় এসেছে। বাবার মতোই ক্রিকেট ধ্যান, ক্রিকেট জ্ঞান…

বাংলা ও ভারতীয় ক্রিকেটে এক উজ্জ্বল বাবা-ছেলে জুটি পঙ্কজ রায় ও প্রণব রায়। পঙ্কজ ছিলেন ভারতের অন্যতম সফল ওপেনার। ৪৩টি টেস্টে করেছেন ২৪৪২ রান। বিনু মানকড়ের সঙ্গে গড়েছিলেন ৪১৩ রানের বিশ্বরেকর্ড। পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। ছেলে প্রণবও খেলেছেন ভারতের হয়ে। দু’টি টেস্টে করেছেন ৭১ রান। তবে ৭২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০৫৬ রান রয়েছে তাঁর। আম্পায়ার ও নির্বাচক হিসাবেও দায়িত্ব সামলেছেন।

ভারতীয় ক্রিকেটে বাবা-ছেলের অনন্য উত্তরাধিকার লালা ও মহিন্দর অমরনাথের। স্বাধীনতার পর দেশের প্রথম টেস্ট অধিনায়ক লালা ভারতের প্রথম টেস্ট শতরানকারী। ২৪ টেস্টে ৪৭৮ রান ও ৪৫ উইকেট নিয়েছিলেন। তাঁর ছেলে মহিন্দর অমরনাথ ওরফে জিমি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক। ব্যাট ও বলে উজ্জ্বল ছিলেন। ৬৯ টেস্টে ৪,৩৭৮ রান ও ৩২ উইকেট রয়েছে। ওয়ানডেতে ১,৯২৪ রান ও ৪৬ উইকেট পেয়েছেন।

ভারতীয় ক্রিকেটে পিতা-পুত্রের নজির গড়েছিলেন ইফতিখার আলি খান পতৌদি ও মনসুর আলি খান পতৌদি। বাবা ইফতিখার ১৯৪৬ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেন। ছেলে টাইগার পতৌদি ৪৬টি টেস্ট খেলে ৪০টিতে অধিনায়কত্ব করেন। দুর্ঘটনায় এক চোখের দৃষ্টি হারিয়েও তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছয়। অর্জুন ও পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন তিনি।

ভারতীয় ক্রিকেটে বাবা-ছেলের দুই প্রজন্মের উজ্জ্বল নাম বিজয় মঞ্জরেকর ও সঞ্জয় মঞ্জরেকর। ১৯৫১ থেকে ১৯৬৫– ভারতের হয়ে ৫৫টি টেস্টে ৩২০৮ রান, সাতটি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরির মালিক বিজয়ের। বাবার পথ ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে পা সঞ্জয়ের। ১৯৮৭ থেকে ১৯৯৬ সালের কেরিয়ারে ৩৭টি টেস্টে ২০৪৩ রান করেছেন। পাশাপাশি ৭৪টি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৪০৩৭ রান।

ভারতীয় ক্রিকেটে বাবা-ছেলের জুটির কথা উঠলে সুনীল ও রোহন গাভাসকরের নাম উঠবে। এক দিকে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া কিংবদন্তি ওপেনার সুনীল, অন্যদিকে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানো রোহন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে দু’জনের সংগ্রহ ২৩,৮৬০ রান ও ১২৩ উইকেট। রোহনের আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে দেশের হয়ে ১১টি ওয়ানডে ম্যাচ।

ভারতীয় ক্রিকেটের অন্যতম বিখ্যাত বাবা-ছেলের জুটি যোগরাজ সিং এবং যুবরাজ সিং। দু’জনেই আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। যোগরাজ ছিলেন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার। ছেলে যুবরাজ সিং ভারতের সর্বকালের সেরা সাদা বলের অলরাউন্ডারদের একজন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ৩০৪ ওয়ানডে, ৪০ টেস্ট ও ৫৮ টি-টোয়েন্টি খেলা যুবরাজ।

ভারতীয় ক্রিকেটে বাবা-ছেলের অলরাউন্ডার জুটি হিসাবে রজার বিনি ও স্টুয়ার্ট বিনির নামও আসে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক রজার বিনি ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর ঝুলিতে ছিল ১৮টি উইকেট। উত্তরসূরি স্টুয়ার্টও ব্যাটে-বলে দেশের হয়ে নজর কেড়েছেন। ভারতের হয়ে ২৩টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪৫৯ রান ও ২৪ উইকেট। ওয়ানডেতে ৬/৪ বোলিং পরিসংখ্যানও দীর্ঘদিন ছিল ভারতীয় বোলারদের সেরা।

বাবা ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর। তিনি ও অর্জুন হলেন আইপিএলের ইতিহাসে খেলা প্রথম বাবা-ছেলের জুটি। উভয়েরই রনজি ট্রফি অভিষেকে সেঞ্চুরি করার অনন্য নজির রয়েছে। শচীন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। খেলেছেন ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে। অর্জুন একজন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার হিসাবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন। ভারতীয় দলে সুযোগ পাননি তিনি।

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক আর্যবীর। পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে করেছেন ৩৬১ রান। প্রতিযোগিতার সর্বোচ্চ রান করেছেন তিনিই। পাশাপাশি প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। আর্যবীরের ভাই বেদান্ত এক ইনিংসে ৭ উইকেট নিয়ে বিপক্ষকে কাঁপিয়ে দিয়েছে। দ্রাবিড়পুত্র অন্বয়ও অনূর্ধ্ব-১৯ দল ও ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকা সামলান তিনি।
‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles