RK NEWZ দল নির্বাচন নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠতেই পারে। কিন্তু কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ যেভাবে ইঙ্গিত দিয়েছেন যে, সিরাজের নাম বা ধর্মীয় পরিচয়ের কারণেই বাদ দেওয়া হয়েছে– সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। মহম্মদ সামির ক্ষেত্রেও প্রযোজ্য।এর সপক্ষে প্রমাণ প্রয়োজন। ইঙ্গিত বা কটাক্ষ যথেষ্ট নয়। ভারতীয় ক্রিকেট ধর্মের প্রভাবমুক্ত থেকেছে বহু দিন। এই অর্জন যেন আমরা হাতছাড়া না করি! রাজদীপ সরদেশাই বলেন, ‘আমাদের প্রাত্যহিকের বেঁচে থাকায় এমন কোনও পরিসর কি থাকতে পারে না, যা সাম্প্রদায়িক মনোভাবের ছোঁয়াচ থেকে মুক্ত?’ ডিসেম্বর, ১৯৪০। ‘বম্বে পেন্টাঙ্গুলার’ ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে প্রশ্ন করা হলে– মহাত্মা গান্ধী এই তীক্ষ্ণ প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন। ধর্মীয় সম্প্রদায়ের প্রেক্ষিতে, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ধারণাটি, অত্যন্ত অস্বস্তিকর বলে প্রতিভাত হয়েছিল তঁার কাছে। বিখ্যাত ‘বম্বে কোয়াড্র্যাঙ্গুলার’ টুর্নামেন্ট শুরু ইউরোপীয় ও পারসিদের প্রতিনিধিত্বকারী দলগুলিকে নিয়ে। পরে এতে হিন্দু ও মুসলিম দলগুলি যুক্ত হয়। ১৯৩৭ সালে ‘দ্য রেস্ট’ (অন্যদের নিয়ে গঠিত দল) নামে পঞ্চম একটি দল যুক্ত হওয়ার পর এটি ‘পেন্টাঙ্গুলার’ নামে পরিচিত পায়। ঐক্যবদ্ধ করার পরিবর্তে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে, প্রতিদ্বন্দ্বিতার আবহে ক্রিকেটের এহেন চর্চা গান্ধীজিকে চিন্তিত করে তুলেছিল।
তিনি চেয়েছিলেন এই সাম্প্রদায়িক বিভাজনের অবসান ঘটুক। বম্বের জনগণের প্রতি আহ্বান জানান, তঁারা যেন তঁাদের ক্যালেন্ডারের ক্রীড়াসূচি থেকে এই সাম্প্রদায়িক ম্যাচগুলিকে বাদ দিয়ে দেন। ১৯৪৬ সালে অবশ্য এই ‘পেন্টাঙ্গুলার’ টুর্নামেন্টটি বন্ধই হয়ে যায়।প্রায় ৮৬ বছর পরে, গান্ধীজির প্রশ্নটি যেন আবারও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নতুন শতকে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সাফল্য– এক সময়ের ধর্মীয় ও আঞ্চলিক বিভাজন কাটিয়ে ওঠার সক্ষমতা। অথচ, মহম্মদ শামি, সরফরাজ খান এবং অতি সম্প্রতি মহাম্মদ সিরাজকে দলের বাইরে রাখার ঘটনা এ ধরনের অভিযোগের জন্ম দিয়েছে যার মর্মার্থ: মুসলিম ক্রিকেটারদের সঙ্গে ভিন্ন আচরণ করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট যখন অনেকটা দূর এগিয়ে এসেছে, এবং যখন সে যাত্রাপথ উদ্যাপনের সময় সমাগত, ঠিক তখনই কি আমরা ক্রিকেটকে উল্টো পথে নিয়ে যেতে শুরু করেছি? দ্বিধাহীনভাবেই বলা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতীয় একাদশ থেকে মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। বিদেশের মাটিতে তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার। তঁার পরিসংখ্যান সম্ভ্রমযোগ্য। তঁাকে বাদ দেওয়ার নেপথ্যে কারণ যাই হোক, টিম ম্যানেজমেন্টের উচিত, ক্রিকেটপ্রেমীদের কাছে সে বিষয়ক একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া। সাম্প্রতিক সময়ে শামিও ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার। আর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সরফরাজ-ও দলে জায়গা পাওয়ার জোরালো দাবি তৈরি করেছিলেন। দল নির্বাচনের ক্ষেত্রে যৌক্তিক প্রশ্ন উঠতেই পারে। কিন্তু কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ যেভাবে ইঙ্গিত দিয়েছেন যে, সিরাজের নাম বা ধর্মীয় পরিচয়ের কারণেই তঁাকে বাদ দেওয়া হয়েছে– সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এটি একটি গুরুতর অভিযোগ, যার সপক্ষে প্রমাণের প্রয়োজন; কেবল ইঙ্গিত বা কটাক্ষ যথেষ্ট নয়। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়া মানেই যে সেটি সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত, এমন কিন্তু নয়।
তবে, বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে যে সন্দেহের সৃষ্টি হয়েছে, তার জন্য একটি প্রতিষ্ঠানকে অবশ্যই কিছুটা দায়ভার গ্রহণ করতে হবে– ‘বিসিসিআই’। বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ডটি অত্যন্ত অস্বচ্ছভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একজন খেলোয়াড়ের পরিবর্তে অন্য একজনকে কেন বেছে নেওয়া হল? ক্রিকেটারদের ফর্ম, ফিটনেস, কাজের চাপ (ওয়ার্কলোড), সর্বোপরি দলের সমন্বয়ের প্রশ্নে কোন কোন বিষয়কে বিবেচনায় রাখা হয়েছিল? চমৎকার রেকর্ড থাকা সত্ত্বেও অভিজ্ঞ খেলোয়াড়দের কেন দলের বাইরে রাখা হল? এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া প্রয়োজন। ‘বিসিসিআই’ যখন তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে অস্বীকার করে, তখন তথ্য-শূন্যতা তৈরি হয়। আর, সেই শূন্যস্থানটি সহজেই পূরণ হয়ে যায় নানা জল্পনা-কল্পনা, ষড়যন্ত্র তত্ত্ব এবং সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে। স্বচ্ছতা বজায় রাখা কোনও দয়া বা অনুগ্রহ নয়, যা বোর্ড জনগণের প্রতি প্রদর্শন করবে; বরং এটি একটি জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠান পরিচালনার অবিচ্ছেদ্য দায়িত্ব।
এবার সময়ঘড়ি ধরে একটু পিছিয়ে, ভারতীয় ক্রিকেটের বৃহত্তর ইতিহাসের দিকে তাকানো যাক। স্বাধীন ভারত সচেতনভাবেই ‘কোয়াড্র্যাঙ্গুলার’ (Quadrangular) ও ‘পেন্টাঙ্গুলার’ (Pentangular) টুর্নামেন্টের সাম্প্রদায়িক কাঠামো থেকে বেরিয়ে এসেছিল। রঞ্জি ট্রফি তখন প্রধান ঘরোয়া প্রতিযোগিতা হয়ে ওঠে, যেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পরিবর্তে রাজ্যভিত্তিক দলগুলি অংশ নিতে শুরু করে। পাঁচ থেকে সাতের দর্শক পর্যন্ত ভারতীয় ক্রিকেটে যে ‘জোনাল’ (অঞ্চলভিত্তিক) নির্বাচন পদ্ধতি প্রচলিত ছিল, তা মূলত আঞ্চলিক প্রতিনিধিত্বের উপর ভিত্তি করে গঠিত। সে ব্যবস্থায় সীমাবদ্ধতা ও আঞ্চলিক পক্ষপাতিত্ব ছিল, তবুও সেখানে ধর্ম আর মূল ভিত্তি হিসাবে কাজ করত না। এখনকার ভারতীয় ক্রিকেট, অতীতের তুলনায়, অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং মেধা-নির্ভর। এখানে প্রতিভাবান খেলোয়াড়দের পরিধি অনেক বিস্তৃত, প্রতিভা অন্বেষণের প্রক্রিয়াটি আরও ব্যাপক, ছোট শহর বা সাধারণ পটভূমি থেকে উঠে আসা খেলোয়াড়দের জাতীয় দলে জায়গা করে নেওয়ার প্রকৃত সুযোগ রয়েছে। এই ব্যবস্থায় কোনও ত্রুটি-বিচ্যুতি নেই, তা নয়– স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব, বা ভুল ক্রিকেটার নির্বাচনের মতো ঘটনা পুরোপুরি অস্বীকার করা যায় না। তবে মূল নীতিটি এখন অনেক বেশি সুদৃঢ়, একজন ক্রিকেটারকে অবশ্যই পারফরম্যান্সের মাধ্যমে দলে জায়গা অর্জন করতে হবে।
ভারতে মুসলিম ক্রিকেটারদের ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি স্পষ্ট হয়। ১৯৪৬ সালে, ইফতিখার আলি খান পতৌদি ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। তঁার ছেলে মনসুর আলি খান পতৌদি ক্রমে দেশের অন্যতম প্রশংসিত অধিনায়ক হয়ে ওঠেন। গোলাম আহমেদ ছিলেন আর-একজন বিশিষ্ট অধিনায়ক। এরপর আসেন মহম্মদ আজহারউদ্দিন, যিনি বেশ কয়েক বছর ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ভারতের ‘ধর্মনিরপেক্ষ’ ভাবমূর্তি তুলে ধরার জন্যই যে তঁাদের প্রতীকীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, তা কিন্তু নয়; বরং তঁারা প্রত্যেকেই প্রতিভা ও পারফরম্যান্সের জোরে দলে জায়গা করে নিয়েছিলেন।
আরও পরে জাহির খান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মহম্মদ কাইফ, মুনাফ প্যাটেলের মতো ক্রিকেটার সাফল্যের সঙ্গে ভারতের জার্সি পরে খেলেছেন। তঁাদের ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অবকাশ হয়নি। বরং তঁাদের পরিচয় ছিল, তঁারা ক্রিকেট খেলেন এবং ভারতের হয়ে ক্রিকেট খেলেন। বর্তমান প্রজন্মের দিকে তাকান। জম্মু ও কাশ্মীরের তরুণ ফাস্ট বোলার আকিব নবি কিংবা কেরলম থেকে আসা সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটার ভিন্ন সামাজিক, ভাষাগত এবং সাংস্কৃতিক পটভূমি থেকে এসেছেন। তবুও, তঁারা একই জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। ভারতীয় ক্রিকেটের সৌন্দর্য এখানেই– এটি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাদের একত্র করতে পারে, যঁাদের মধ্যে ক্রিকেট ছাড়া হয়তো খুব কম মিলই থাকত। এর মধ্যে এক গভীর গণতান্ত্রিক চেতনাও নিহিত রয়েছে। এমন বলছি না যে, ভারতীয় ক্রিকেট একটি নিখুঁত প্রতিষ্ঠান, কিংবা খেলাধুলোয় কখনওই বৈষম্য থাকতে পারে না। দল নির্বাচনের সিদ্ধান্ত অবশ্যই চুলচেরা বিশ্লেষণের সুযোগ রাখতে হবে। সুযোগ-সুবিধা, অংশগ্রহণ, আঞ্চলিক প্রতিনিধিত্ব ও নির্বাচকদের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক। তবে, কোনও নির্বাচনের সিদ্ধান্তের সমালোচনা করা, আর প্রমাণ ছাড়া সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ আনা– দু’টির মধ্যে পার্থক্য বোঝা জরুরি।
আমাদের রাজনৈতিক পর্যালোচনায় ‘ধর্ম’ এতটাই গভীরভাবে মিশে গিয়েছে যে, আমরা এখন প্রায় প্রতিটি ঘটনাকেই ধর্মীয় পরিচয়ের চশমা দিয়ে দেখতে শুরু করেছি। রাজনৈতিক নেতারা ভোটারদের সংগঠিত করতে, প্রতিপক্ষকে ঘায়েল করতে, ক্ষোভের জন্ম দিতে ধর্মের আশ্রয় নেন। ভয়ের বিষয়, এই প্রবণতা ধীরে ধীরে প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি ক্রীড়া প্রতিযোগিতায়, প্রতিটি জনপরিসরে ছড়িয়ে পড়তে পারে। ক্রিকেটকে এ প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতেই হবে। এটি এমন হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের একটি– যা ধর্ম, ভাষা বা অঞ্চল নির্বিশেষে লক্ষ লক্ষ ভারতীয়কে একটি সুতোয় বঁাধতে সক্ষম। ক্রিকেটের ড্রেসিং রুম যদি সাম্প্রদায়িক স্বার্থসিদ্ধির আর-একটি রণক্ষেত্রে পরিণত হয়, তবে তা হবে বড় ট্র্যাজেডি। ভক্তদের অধিকার আছে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার; প্রাক্তন ক্রিকেটারদেরও ভিন্নমত পোষণ করার অধিকার রয়েছে। কিন্তু এই বিতর্কটি কেবল ক্রিকেটের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।
গান্ধীজি একবার প্রশ্ন করেছিলেন, ‘আমাদের প্রাত্যহিকের বেঁচে থাকায় এমন কোনও পরিসর কি থাকতে পারে না, যা সাম্প্রদায়িক মনোভাবের ছেঁায়াচ থেকে মুক্ত?’ কয়েক দশক ধরে ভারতীয় ক্রিকেট সেই অভিন্ন পরিসর গড়ে তোলার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা সেই কষ্টার্জিত অর্জনকে হাতছাড়া না করি! ‘কোয়াড্র্যাঙ্গুলার’ বা ‘পেন্টাঙ্গুলার’-এর মতো টুর্নামেন্টের পুরনো পরিমণ্ডল থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। ক্রিকেটের ড্রেসিং রুমে ধর্মকে পুনরায় টেনে না আনাই ভাল।
পুনশ্চ ক্রিকেটীয় নির্বাচন আর ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক করার চেয়ে বরং একটি অস্বস্তিকর প্রশ্ন রাখা যাক, যার উত্তর খুঁজছি: ভারতের প্রধান শাসক দল বিজেপিতে একজনও মুসলিম সাংসদ নেই কেন? এটি এমন এক ‘বাউন্সার’, যা কোনওভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়।





