Top 5 This Week

spot_img

Related Posts

হৈমন্তীকার টানে! ডা:‌ বিধানচন্দ্র রায়ের পদধুলি পড়েছিল আত্‌ড়া মুখার্জ্জীবাড়িতে

সোহিনী মণ্ডল
ম্যানেজিং ডিরেক্টর, আর কে নিউজ

ওঁ নমো জগদ্ধাত্রীয়ৈ দূর্গায়ৈ নমঃ!‌ মন্ত্রটির অর্থ হলো জগতের ধারক ও রক্ষাকর্ত্রী দেবী জগদ্ধাত্রী এবং মা দুর্গার চরণে প্রণাম ও সমর্পণ। জগদ্ধাত্রীয়ৈ অর্থে যিনি সমগ্র বিশ্ব বা জগতকে ধারণ ও রক্ষা করেন, দেবী দুর্গার সেই রূপের উদ্দেশ্যে নিবেদিত। দূর্গায়ৈ অর্থে যিনি দুর্গম বা সংকট থেকে যিনি ত্রাণ করেন, সেই দেবী দুর্গার উদ্দেশ্যে সম্ভাষণ। অতশত জানা ছিল না বাপু। নেহাতই প্রতি বছরের নিমন্ত্রন। হৈমন্তীকার টানে?‌ সোজা কথায় স্বয়ং মা জগদ্ধাত্রীর টান?‌ গ্রামের নাম আত্‌ড়া। দামোদরের পাড়ে ছোট্ট গাঁ। একপাড়ে হাওড়া অপর দিকে হুগলি। সেই হুগলির আত্‌ড়া গ্রামে মুখুজ্জ্যে বাড়ির জগদ্ধাত্রী পুজো। বছরের এই সময় দেশে ও দেশের বাইরের সকল স্বজন বন্ধু বান্ধবহ একত্রিত হন। সারা বছর কংক্রিটে ঠাসা শহরের কৃত্তিম এয়ারকন্ডিশনের গুঁতো হজম। নাজেহাল পরিস্থিতি। শহুরে গন্ডি পেরিয়ে এসে গ্রামের ওই মাটির দোতলা বাড়িটা দেখলে মন জুড়িয়ে যায়। ঠান্ডা ঘরে এসির ছিঁটেফোঁটা নেই। পুকুর আর গাছগাছালির আড়ালে মাথা তুলে দণ্ডায়মান বাবা পঞ্চানন্দের মন্দির। তবে সরু মেঠো পথ আর নেই। কংক্রিটের রাস্তা নাটমন্দির পর্যন্ত প্রসারিত করার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষক চুনিলাল মুখুজ্জ্যে। লাল রাজত্ব,সবুজ সরকারের পতনের পর গেরুয়া বাতাবরণ। গেরুয়া তাণ্ডব বলায় নিষোধাজ্ঞা রয়েছে। এমনকি,তাণ্ডব শব্দ উচ্চারণ করলে গ্রাম্য সুন্দর কালো-‌মেঠো দোতলা বাড়িটাতেও লেপ্টে দেওয়া হতে পারে গেরুয়া রঙ। ধুস!‌ একটু সুযোগ পেলেই রাজনীতির দড়ি ধরে হ্যাঁচকা টান। হুগলির আত্‌ড়া মুখার্জ্জীবাড়ির জগদ্ধাত্রীপুজোর কথায় আলোকপাত করাই ভালো। চন্দননগরের আলোর স্পর্শে আলোকময় উৎসব প্রাঙ্গন। ঢ্যাম্‌ কুড় কুড়। ঢাকের তাল। সুযোগ পেলেই ইয়াং জেনারেশন পেল্লাই ডিজে বক্সে চালাচ্ছেন কাঁটা লাগা রিমেক। বড় কর্তার ধমক, এই আরতি হচ্ছে যে, বন্ধ কর এখন। সপ্তমি থেকে নবমি। একদিনের পুজো সারা। কুমারীপুজোও। পরদিন দশমী। অফুরন্ত আনন্দমেলার অধিবাস। নাচাগানার সহবাসও। মধ্যাহ্নভোজে সাদা ভাতে টেস্টি ছ্যাঁচরা,ঝুরো আলুভাজায় বাদাম, ডাল, ফুলকপি, কাতলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। হতেও পারে লক্ষ্মীনারায়নের দই। আবার নাও হতে পারে। তবে, আহা বড়ই সুস্বাদু। যেমনটা এই আত্‌ড়া মুখার্জ্জীবাড়ির জগদ্ধাত্রীপুজো হতেও পারে তিনশতাধিক বছরের প্রাচীন পুজো। বর্ষীয়ান সদস্য অমল মুখোপাধ্যায়ের কথায় এমনটাই আঁচ করা গেল। এই হুগলির বাড়িতেই বাংলার রূপকার ডা:‌ বিধানচন্দ্র রায়ের পদধুলি পড়েছিল। ডা:‌ ভুপতিনাথ মুখোপাধ্যায়ের প্রথমা স্ত্রীর শরীর খারাপ। চিকিৎসার জন্য ছুটে এসেছিলেন ডা:‌ বিধানচন্দ্র রায়। তখনও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হননি। এমনকি চিকিৎসা করার পর এক টাকাও নেননি, বলেও জানা গেল ডা:‌ ভুপতিনাথের প্রপৌত্র অমলবাবুর কাছ থেকে। শোনা যায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, সেই সময়ে ডাক্তাবাবুদের প্যানেলে ডাক পড়েছিল ডা:‌ ভুপেন্দ্রনাথ মুখার্জ্জীর। আরও অনেক অজানা তথ্য রয়েছে এই মুখুজ্জ্যে পরিবারে।

চন্দননগর জগদ্ধাত্রীময়। প্রতি বছর আলোর শহরে হৈমন্তীকার টানে আসেন বহু মানুষ। উপচে পড়া ভিড় চন্দননগরে! জনস্রোত রাস্তায়। আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় পুলিশ। ব্যাতিক্রম হয়নি। সপ্তমী ও অষ্টমীর পর নবমী দশমিতেও ভিড়ের সাক্ষী চন্দননগর। দর্শনার্থীদের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। মণ্ডপে মণ্ডপে লম্বা লাইন। চারপাশে নানা রঙের আলোর খেলা। বিভিন্ন বারোয়ারি পুজোগুলিতেও মণ্ডপের থিম অনুযায়ী আলোর ব্যবস্থা। আর সেই রূপ দেখতেই দূরদূরান্ত থেকে আগত মানুষ। জনস্রোত। মানকুন্ডু স্টেশন রোড, তেমাথা, দৈবকপাড়া, নোনাটোলা, বারাসত গেট, দিনেমারডাঙা, মহাডাঙা, পালপাড়া, ফটকগোড়া— সব জায়গাতেই উপচে পড়া ভিড়। গঙ্গাপারের ফেরিঘাটগুলিতেও। ষষ্ঠী পুলিশের হিসাবে প্রায় ১৮ লক্ষ দর্শনার্থী চন্দননগরে এসেছিলেন। তার পর সপ্তমীতে ১২ লক্ষ। অষ্টমীতে কিছু কমে ১০ লক্ষ। পুনবমীতে প্রায় একই সংখ্যক মানুষ জগদ্ধাত্রী দর্শন করেছেন চন্দননগরে। দর্শনার্থীর ভিড়ে পরিস্থিতি সামাল দিতে সাময়িক ভাবে বেশ কয়েকটি মণ্ডপে দর্শন বন্ধ রাখতে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি ফের। প্রশাসনের বক্তব্য, দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং চোরবাগানের মতো কোনও দুর্ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই পদক্ষেপ। চন্দননগরের জগদ্ধাত্রীপুজোকে সম্প্রতি ‘রাজ্য উৎসবে’র স্বীকৃতি দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন, চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। চন্দননগর রবীন্দ্র ভবনে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির নজর পুলিশের। চাউলপট্টি ‘আদি মা’ পুজো কমিটির এক সদস্য বলেন, ‘আদি মা’র ভোগপ্রসাদ নিয়েছেন ২০ হাজার মানুষ।

জগদ্ধাত্রী পুজোর এই আনন্দের মাঝেই প্রতি বছর শহরবাসীর কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তীব্র যানজট ও ‘নো-এন্ট্রি’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় জরুরি পরিস্থিতিতে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত কঠিন। বিশেষ করে শিশু ও প্রবীণদের আচমকা অসুস্থতায় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই মানবিক উদ্যোগ চন্দননগরের দুই বাল্যবন্ধু। একজন চিকিৎসক, অন্যজন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁদের যৌথ উদ্যোগে ‘ডক্টর অন হুইলস’। জগদ্ধাত্রী পুজোর দিনগুলিতে বাইকে চেপে রোগীর বাড়িতে পৌঁছে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা। এই উদ্যোগের কারণ কী? গত ২০২২ সালের জগদ্ধাত্রী পুজোর সময় চিকিৎসক অভ্র ঘোষের বাবা গুরুতর স্নায়ুরোগে আক্রান্ত হন। সেই সময় শহরের রাস্তায় নো এন্ট্রির কড়াকড়ি। বাবাকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে চরম সমস্যায় পড়েছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে এই উদ্যোগের কথা মাথায় আসে। নিজের ভাবনা বাল্যবন্ধু দীপ্তনু মুখোপাধ্যায়কে জানান। কলকাতার একটি কর্পোরেট সংস্থায় কর্মরত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দীপ্তনুও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। দুই বন্ধুর অভিজ্ঞতা ও ভাবনা মিলে যেতেই জন্ম ‘ডক্টর অন হুইলস’-এর। ২০২৩ সাল থেকে চন্দননগরের জ্যোতির মোড়ের স্বপ্না বাজার সংলগ্ন একটি ক্লিনিককে কেন্দ্র করে জগদ্ধাত্রী পুজোর পাঁচ দিন এই পরিষেবা চালু রয়েছে। বাইকেই চিকিৎসক পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। ফোনে অসুস্থতার খবর পাওয়া মাত্রই বাইকে চেপে চিকিৎসক অভ্র ঘোষ ও তাঁর বন্ধু দীপ্তনু পৌঁছে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। প্রয়োজন মতো ইসিজি, সাধারণ রক্ত পরীক্ষা এবং সোডিয়াম ও পটাশিয়াম পরীক্ষাও করা হয়। প্রয়োজনীয় ওষুধ রোগীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন। চন্দননগরের বারাসাত গেট থেকে তালডাঙা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় এই পরিষেবা দেওয়া হচ্ছে। জরুরি সাহায্যের জন্য চালু রয়েছে দু’টি হেল্পলাইন নম্বর। গত বছর জগদ্ধাত্রী পুজোর পাঁচ দিনে প্রায় ৩০ জন রোগীকে পরিষেবা দিয়েছিলেন দুই বন্ধু। এ বছর আরও বেশি। পুজোর সময় চিকিৎসা পাওয়া নিয়ে উদ্বেগ থাকলেও ‘ডক্টর অন হুইলস’ বড় ভরসা রোগীদের।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles