RK NEWZ বৃহন্নলাদের নিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ বাহিনী— ‘বৃহন্নলা ব্রিগেড’। বৃহস্পতিবার নগরোন্নয়ন ভবনের সাংবাদিক বৈঠকে নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের ব্যস্ত ট্রাফিক সিগন্যাল বা লোকাল ট্রেনের কামরায় আর হাত পেতে সাহায্য চাওয়া নয়। বৃহন্নলাদের মূলস্রোতে ফিরিয়ে আনতে এবং সম্মানের সঙ্গে বিকল্প জীবিকার সংস্থান করে দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। রূপান্তরকামীদের নিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ বাহিনী, ‘বৃহন্নলা ব্রিগেড’। বৃহস্পতিবার নগরোন্নয়ন ভবনের সাংবাদিক বৈঠকে নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই প্রকল্পের মাধ্যমে বৃহন্নলাদের মূলত দু’টি গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করা হবে— ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং বকেয়া পুরকর আদায়। পুরমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর বিশেষ ইচ্ছাতেই এই মানবিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তির পরিবর্তে বৃহন্নলা বন্ধুরা যাতে মাথা উঁচু করে রোজগার করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিকল্প জীবিকার ব্যবস্থা। প্রকল্পের প্রথম ধাপে আগ্রহীদের বাছাই করে পুলিশের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে মোতায়েন করা হবে। তবে তাঁদের কাজ হবে মূলত সাধারণ মানুষকে সচেতন করা। কী ধরনের সচেতনতার পাঠ দেবেন তাঁরা? মন্ত্রী জানিয়েছেন, সিগন্যালে দাঁড়িয়ে এই ব্রিগেডের সদস্যেরা চালক ও যাত্রীদের ট্রাফিক নিয়ম মানার বিষয়ে সতর্ক করবেন। কেউ হেলমেট না পরলে বা সিটবেল্ট না বাঁধলে, কেন তা পরা জরুরি, সে বিষয়ে তাঁরা বুঝিয়ে বলবেন। কলকাতা শহর হোক বা শহরতলি— সর্বত্রই সিটবেল্ট বাঁধার প্রয়োজনীয়তা নিয়ে প্রচার চালাবেন তাঁরা। পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও থাকবে তাঁদের কাঁধে। চলন্ত গাড়ির জানলা খুলে রাস্তায় থুতু ফেলা বা আবর্জনা না ফেলে গাড়ির ভেতরেই নির্দিষ্ট প্যাকেটে ময়লা রাখার বিষয়ে নাগরিকদের সচেতন করবেন ‘বৃহন্নলা ব্রিগেড’-এর সদস্যেরা।
শুধু ট্রাফিক সিগন্যালই নয়, পুরসভার রাজস্ব আদায়ের ক্ষেত্রেও তাঁদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরমন্ত্রী জানান, পুরসভাগুলিতে বিপুল পরিমাণ কর বকেয়া পড়ে রয়েছে। কিন্তু দফতরে লোকবলের অভাব থাকায় বার বার শুধু নোটিস পাঠিয়েই কাজ সারতে হচ্ছে, বকেয়া আদায় সে ভাবে হচ্ছে না। এই সমস্যার সমাধানে বৃহন্নলাদের একটি অংশকে বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর আদায়ের কাজে লাগানো হবে। তবে তাঁদের একা ছাড়া হবে না, সঙ্গে পুরসভার ইন্সপেক্টররাও থাকবেন। কর আদায়ের মতো সংবেদনশীল কাজে নামার আগে তাঁদের উপযুক্ত ‘গ্রুমিং’ বা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নাগরিকদের সঙ্গে কী ভাবে মার্জিত ভাষায় কথা বলতে হবে, কী ভাবে বকেয়া কর চাইতে হবে— সেই সমস্ত আদবকায়দা তাঁদের শিখিয়ে দেওয়া হবে। ট্রাফিক সচেতনতা এবং কর আদায়— এই দু’টি ক্ষেত্রেই নিযুক্ত বৃহন্নলাদের সরকারের তরফে নির্দিষ্ট মাসিক ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রশাসনিক মহলের মতে, সরকারের এই সিদ্ধান্তে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। এক দিকে যেমন দীর্ঘ দিন ধরে অবহেলিত সমাজের এই প্রান্তিক শ্রেণির কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা সুনিশ্চিত হবে, তেমনই অন্য দিকে লোকবলের অভাবে ধুঁকতে থাকা কর আদায় প্রক্রিয়ায় গতি আসবে এবং শহরের ট্রাফিক ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সচেতনতাও বাড়বে।





