RK NEWZ চরম আর্থিক সংকট ও অসুস্থতায় শয্যাশায়ী অভিনেতা শরদ কাপুর। তাঁর এই দুর্দশায় স্ত্রী তথা জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুর খোঁজ। কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়ালেন সোনু সুদ। জরাজীর্ণ শরীর। হাঁটতে গেলে লাগছে সাহায্য। গালে অবিন্যস্ত দাড়ি। ছবির কোনও চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন এমন নয়। আদতেই এককালের হার্টথ্রব বর্তমানে এমন শীর্ণকায় অবস্থায় পৌঁছেছেন। কথা হচ্ছে, শরদ কাপুরের। এ হেন নিদারুণ অবস্থার জন্য তিনি এখন আলোচনায়। অভিনেতার কী হয়েছে? এই নিয়ে ভক্তদের মাথাব্যথার মাঝেই উঠে এসেছে তাঁর অর্থকষ্ট ও লড়াইয়ের কাহিনি। দ্বিধা ঘুচিয়ে শাহরুখের সহ-অভিনেতা সাহায্য চেয়েছেন ইন্ডাস্ট্রির কাছে। দু’তিন বছর ধরে প্রায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন অভিনেতা। চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ জোগাড় করতেও সমস্যায় পড়তে হয়েছে। এমনকী কখনও কখনও টানা দু-তিন দিন খাবার জোটেনি তাঁর। শরদের এক বন্ধুর দাবি, অভিনেতার কোনও বিলাসবহুল বাংলো বা ব্যাঙ্কে কোটি কোটি টাকা নেই। তাই এই পরিস্থিতিতে তাঁর কাছে সেভাবে কোনও রাস্তা খোলা নেই কাজ ছাড়া। পা ভেঙে যাওয়ায় পোষ্যদের দেখভাল করতে পারছিলেন না। তাদের কষ্ট সহ্য করতে না পারায় এক স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন। সেই সংস্থার তরফে করা ভিডিও থেকেই অভিনেতার এই অবস্থার কথা প্রকাশ্যে আসে। শুরু হয় চর্চা। তাঁর এই অবস্থার কথা লোকমুখে ঘোরা শুরু হতেই প্রশ্ন উঠছে তাঁর স্ত্রীকে নিয়ে। কোয়েল বসু। যিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি অর্থাৎ চন্দন বসু ও বিখ্যাত অভিনেত্রী ডলি বসুর কন্যা। কোয়েলের সঙ্গে শরদের পরিচয় কলকাতায়। ওবেরয় গ্র্যান্ডে কোয়েল কাজ করতেন, সেখানেই আলাপের পর সম্পর্ক তৈরি হয়। ২০০৬ সালের ৩ ডিসেম্বর অর্থাৎ সিঙ্গুর নিয়ে বাংলার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন শুরুর ঠিক আগের সন্ধ্যায় তাঁরা বাগদান সারেন। ঘটনাচক্রে, গ্র্যান্ড হোটেল থেকে ৩০০ মিটার দূরে মেট্রো চ্যানেলে অনশনে বসেছিলেন মমতা। সম্পর্কের কথা সকলকে খুশিমনেই জানিয়েছিলেন শরদ। বিভিন্ন রিপোর্ট বলছে, দু’বছর একসঙ্গে থাকার পর ২০০৮ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেতাকে এই অবস্থা থেকে বের করতে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা সোনু সুদ।




