RK NEWZ বাবা ছিলেন তাঁর জীবনের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। তিনি পড়াশোনায় ভাল। তাই বাবা চাইতেন, সরকারি চাকরি করুক মেয়ে। প্রতি পদক্ষেপে উৎসাহ দিতেন। বাবার কথা মতো চলতেন পানিহাটির দ্বাদশ শ্রেণির ছাত্রী অর্পিতা সাহা। কিন্তু শনিবার রাত থেকে তাঁর জীবন পাল্টে গিয়েছে। ‘অন্তর্দলীয় সংঘর্ষে’ পানিহাটিতে মৃত্যু হয় বিজেপিকর্মী অরূপ সাহার। বাবার মৃত্যুতে কার্যত দিশাহারা অর্পিতা। তাঁর কথায়, ‘‘বাবা ছিল আমার মোটিভেশন। আমাকে সব সময় বলত ভাল করে পড়াশোনা করতে হবে। অনেক বড় হতে হবে। পেতে হবে সরকারি চাকরি।’’ অন্য দিকে, এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখনও এই ঘটনায় গ্রেফতারি শূন্য। পানিহাটি কাণ্ডে পদক্ষেপ করেছেন বিজেপি নেতৃত্বও। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করলেন। ঘটনার সূত্রপাত শনিবার। পানিহাটি-১ মণ্ডলের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপির উত্তর ২৪ পরগনার পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করায় হেনস্থার শিকার হতে হয় তাঁকে। গালিগালাজ করা হয় বিজেপি নেত্রীকে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে আসেন অরূপ। তিনি নিজেও এক জন বিজেপি কর্মী ছিলেন। তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন অরূপ। বাড়িতে ফিরে বমি হয় তাঁর। পরিবারের দাবি, বমির সঙ্গে রক্তও ওঠে। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন অরূপকে।
এই ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। মৃতের স্ত্রীর অভিযোগ, ‘নব্য বিজেপি’র জন্যই এই অশান্তি। ‘তৃণমূল থেকে বিজেপি’তে আসা কয়েক জনের বিরুদ্ধে হামলার অভিযোগ রুমার। তিনি রাজদীপ দাস, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননি-সহ প্রায় ৪০-৫০ জন যুবকের নাম করেন। রুমার দাবি, হামলার সময় নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। রুমার অভিযোগকে সমর্থন করেছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা জানাতে রবিবারই অরূপের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর চোখেও জল দেখা গিয়েছিল। রুমাকে জড়িয়ে ধরেন তিনি। রত্নার কথায়, ‘‘এই ফ্যামিলির জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তা হলেই বোধহয় ভাল হত…।’’ বিধায়ক আরও বলেন, ‘‘এদের বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল…।’’ পানিহাটিতে দলীয় কর্মীর মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন শাসকদলের বিধায়ক। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি জানান তিনি। অরূপের মৃত্যুর পর থেকে সে দিনের ঘটনা তাড়া করে বেড়াচ্ছে তাঁর কন্যা অর্পিতাকে। তাঁর দাবি, কোনও রাজনৈতিক বিবাদে জড়াতেন না অরূপ। সাধারণত গলা উঁচিয়ে কথাও বলতেন না। অর্পিতার কথায়, ‘‘আমার বাবার তো ওখানে (ঘটনাস্থলে) যাওয়ার কথাই ছিল না। মা বলেছিল ঝামেলা হয়েছে। তাই বাবা গিয়েছিল মায়ের পাশে দাঁড়াতে। কিন্তু সেখানে গিয়ে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, তা ভাবতেও পারিনি।’’
অরূপের কোনও শারীরিক অসুস্থতাও ছিল না বলে দাবি অর্পিতার। তাঁর কথায়, ‘‘বাবা কোনও ওষুধ খেত না। জ্বর হলেও বলত, বিশ্রাম নিলেই সেরে যাবে।’’ বাবার মৃত্যুর পর পড়াশোনা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অর্পিতার মনে। সামনেই পরীক্ষা আইএসসি পরীক্ষা। অর্পিতার কথায়, ‘‘পরীক্ষার তিন মাস আগে বাবা বলেছিল, ভাল করে পড়াশোনা কর, ভাল রেজাল্ট করতে হবে। এখন আর বাবা নেই। কী বলব!’’ পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অরূপের। ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। পরিবারের তরফে পৃথক কোনও লিখিত অভিযোগও দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের ঘোষণা করেন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। তিনি বলেন, ‘‘দল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিজেপি সভাপতির (শমীক ভট্টাচার্য) নির্দেশে জানাচ্ছি, পানিহাটিতে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। ঘটনাটি খতিয়ে দেখতে তিন জনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তার নেতৃত্বে থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিংহ। এ ছাড়াও এই কমিটিতে থাকবেন দুই রাজ্য সম্পাদক নীলাদ্রি অধিকারী এবং সোনালি মুর্মু।’’ রাজ্যে পালাবদলের পর দলের অভ্যন্তরীণ বিবাদ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এ ভাবে প্রতিনিধি দল গঠন করে তথ্যানুসন্ধান করতে পাঠানোর ঘটনা প্রথম বলে দাবি বিজেপির। বিষয়টি খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রাজ্য সভাপতি শমীককে রিপোর্ট দেবে এই কমিটি।





