RK NEWZ সমাজমাধ্যমে তৈরি হওয়া নানা বিতর্ক নিয়ে মাথা ঘামাতেই রাজি নন লিয়োনেল স্কালোনি। তাঁর মতে, ছোট কয়েকটা বিষয়কে অহেতুক বড় করে দেখানো হচ্ছে। ফুটবলারদেরও এ সব নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার কোচ। আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বিশ্বকাপে। কোনও কোনও মহল থেকে এমন অভিযোগ উঠছে। কোয়ার্টার ফাইনালের আগে এই অভিযোগ নিয়ে মুখ খুললেন লিয়োনেল স্কালোনি। সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না লিয়োনেল মেসিদের কোচ। সুবিধাজনক সূচি, বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ার মতো কথা বলা হচ্ছে। সুইৎজ়ারল্যান্ড ম্যাচের আগে এ সব কটাক্ষকে হাতিয়ার করেই ফুটবলারদের তাতানোর চেষ্টা করছেন বিশ্বজয়ী কোচ। কোয়ার্টার ফাইনালের আগে সব মিলিয়ে কিছুটা ক্ষুব্ধ মনে হয়েছে স্কালোনিকে। তিনি বলেছেন, ‘‘গত বার আমরা বিশ্বকাপ জিতেছিলাম। মনে হচ্ছে, সে কারণেই অনেকে চান না আমরা আবার চ্যাম্পিয়ন হই। বিষয়টা আমাদের অজানা নয়। এই সব সমালোচনা, মন্তব্যই আমার ফুটবলারদের আরও ভাল খেলার অনুপ্রেরণা। এগুলোকে আমরা লড়াই করার শক্তি হিসাবে দেখি।’’
আর্জেন্টিনার কোচ আরও বলেছেন, ‘‘আসলে এই ধরনের সমালোচনা বা নেতিবাচক মন্তব্য নতুন কিছু নয়। ১৯৮৬ সালে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখনও নানা কথা বলা হয়েছিল। তার ৪০ বছর পরও বিতর্ক তৈরি করা হয়। আমরা এ সবে অভ্যস্ত। আর্জেন্টিনা ভাল খেললেই এমন নানা কথা বলা হয়। বিতর্ক তৈরির চেষ্টা হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের আর্জেন্টিনার সাফল্য সহ্য হয় না।’’ স্কালোনির দাবি, ‘‘আধুনিক প্রযুক্তির যুগে কোনও দলের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ নেই। কোনও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে না। তা ছাড়া প্রতিযোগিতার আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল, কোন সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হচ্ছে।’’ সমাজমাধ্যমে তৈরি হওয়া নানা বিতর্ক নিয়ে মাথা ঘামাতেই রাজি নন স্কালোনি। তাঁর মতে, ছোট কয়েকটা বিষয়কে অহেতুক বড় করে দেখানো হচ্ছে। দলের ফুটবলারদেরও এ সব নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার কোচ। ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।



