Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কংগ্রেস তৃণমূল ঘুরে বিজেপিতে লিয়েন্ডার! ভারতীয় জনতা দলের প্রার্থী টেনিস কিংবদন্তি?

অতীতেও কয়েকবার জল্পনা ছড়িয়েছিল, ভোটে লড়তে পারেন লিয়েন্ডার। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তিনি বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গে। দু’বছর পর তৃণমূলে যোগ দেন। বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রীড়ার অন্যতম কিংবদন্তি লিয়েন্ডার পেজ। সূত্রের খবর, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন প্রাক্তন টেনিস তারকা। পাঁচ রাজ্যে নির্বাচনের আবহেই তিনি যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে, খবর সূত্রের। তাহলে কি টেনিস কোর্ট ছেড়ে এবার ভোটের ময়দানে নামছেন লিয়েন্ডার? বাংলার বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করবে গেরুয়া শিবির? অলিম্পিক পদকজয়ী টেনিস তারকার পদ্মশিবিরে যোগদানের জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। গত সপ্তাহে তিনি বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে। সেসময় থেকেই জল্পনা ছড়ায়, এবার বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার। সম্ভবত সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন লিয়েন্ডার। বৈঠক সেরেছেন অমিত শাহর সঙ্গে। সোমবারই তিনি যোগ দিতে পারেন পদ্মশিবিরে, এমন সম্ভাবনা প্রবল। বাংলার পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটের মুখেই লিয়েন্ডারের বিজেপি যোগের জল্পনার জেরে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি? অতীতেও অবশ্য বেশ কয়েকবার জল্পনা ছড়িয়েছিল, ভোটে লড়তে পারেন লিয়েন্ডার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গে। দু’বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার মাটিতে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। সেবারও শোনা গিয়েছিল, লিয়েন্ডারকে প্রার্থী করা হতে পারে। শেষ পর্যন্ত টিকিট পাননি। শিকে ছিঁড়বে প্রাক্তন টেনিস তারকার কপালে? সূত্রের খবর, তেমনটা হয়তো হবে না। কিন্তু ক্রীড়া প্রশাসনে বিরাট পদ পেতে পারেন লিয়েন্ডার। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য বহু চেষ্টা করছে ভারত। তার জন্য আহমেদাবাদকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বহু পরিকাঠামো। পাশাপাশি তৈরি হয়েছে মিশন অলিম্পিক ২০৩৬। দশ বছর পর গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ভারত যেন অন্তত ১০০টি পদক পায়, সেটা নিশ্চিত করতেই এই মিশন প্রতিষ্ঠা। নানা খেলায় ভারতীয়দের মানোন্নয়নেও জোর দেবে এই মিশন। সম্ভবত এই মিশনের শীর্ষ পদে বসানো হতে পারে লিয়েন্ডারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles