ভ্যালেন্টাইনস ডে মানেই কি শুধু লাল গোলাপ, হৃদয় আকৃতির চকলেট আর প্রেমের প্রস্তাব? আধুনিক সময় আমাদের এমনটাই শিখিয়েছে। কিন্তু, ভ্যালেন্টাইনস ডে-এর ইতিহাস (Valentine’s Day) যদি একটু গভীরভাবে দেখা যায়, তাহলে বোঝা যায় এই দিনটির শিকড় অনেক বেশি জটিল, রহস্যময় এবং কখনও কখনও অদ্ভুতও। ১৪ ফেব্রুয়ারি আজ ভালোবাসার প্রতীক হলেও এর পেছনে রয়েছে ধর্মীয় কাহিনি, প্রাচীন রোমান আচার এবং সামাজিক পরিবর্তনের দীর্ঘ ইতিহাস। প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একাধিক শহীদ ছিলেন। বিভিন্ন কাহিনি ও কিংবদন্তি সময়ের সঙ্গে মিশে গিয়ে একটি একক চরিত্রে রূপ নিয়েছে। এঁদের কেউ ছিলেন পুরোহিত, যিনি গোপনে বিয়ে দিতেন, কেউ ছিলেন চিকিৎসক। তাদের গল্পের মিলনেই তৈরি হয়েছে আজকের সেন্ট ভ্যালেন্টাইন কিংবদন্তি। এই মিশ্র ইতিহাসই ভ্যালেন্টাইনস ডে -কে রহস্যময় করে তুলেছে। ভ্যালেন্টাইনস ডে-এর শিকড় খুঁজতে গেলে পৌঁছে যেতে হয় প্রাচীন রোমান উৎসব লুপারকালিয়ায়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পালিত এই পেগান উৎসবটি মূলত উর্বরতা ও সুস্বাস্থ্যের জন্য আয়োজন করা হত। নানা আচার ও সামাজিক রীতি পালিত হত, যার সঙ্গে আধুনিক ভালোবাসার দিনের সরাসরি মিল না থাকলেও সময়ের সঙ্গে চার্চ এই সময়টিকে খ্রিস্টীয় রূপ দিয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন, লুপারকালিয়া থেকেই ধীরে ধীরে ১৪ ফেব্রুয়ারির গুরুত্ব তৈরি হয়েছে। ভ্যালেন্টাইন কার্ডের ইতিহাসও বেশ চমকপ্রদ। অন্যতম প্রাচীন প্রেমবার্তা পাঠিয়েছিলেন ডিউক অফ অর্লিয়ানস, চার্লস। তিনি লন্ডনের টাওয়ারে বন্দি অবস্থায় তাঁর স্ত্রীকে একটি কবিতা পাঠান। সেই চিঠিই পরবর্তীকালে রোমান্টিক কার্ড বিনিময়ের প্রচলনকে জনপ্রিয় করে তোলে। আজকের ডিজিটাল যুগে ই-কার্ড বা সোশ্যাল মিডিয়া পোস্টের পেছনেও রয়েছে সেই বন্দি প্রেমিকের আবেগঘন বার্তার ঐতিহ্য। মধ্যযুগীয় ইংল্যান্ডে একটি মজার বিশ্বাস প্রচলিত ছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি পাখিরা তাদের সঙ্গী নির্বাচন করে। কবি জিওফ্রে চসার এই ধারণাকে সাহিত্যিক রূপ দেন। ফলস্বরূপ, দিনটি ধীরে ধীরে প্রেম ও জুটি গঠনের প্রতীক হয়ে ওঠে। প্রকৃতির এই প্রতীকী ব্যাখ্যা মানুষের মনে ভালোবাসার সঙ্গে তারিখটির সম্পর্ক আরও দৃঢ় করে দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ভ্যালেন্টাইনস ডে একসময় শুধু রোমান্টিক প্রেমের দিন ছিল না। অনেক সংস্কৃতিতে এটি ছিল বন্ধুত্ব ও আন্তরিকতার দিন। পরিবার, বন্ধু, প্রিয়জন সবাইকে শুভেচ্ছা জানানো হত। সময়ের সঙ্গে বাজার অর্থনীতি ও জনপ্রিয় সংস্কৃতি দিনটিকে মূলত প্রেমিক-প্রেমিকার উদযাপনে সীমাবদ্ধ করে দেয়। কিন্তু এর আসল চেতনায় ছিল মানবিক সম্পর্কের বিস্তৃত রূপ। চকলেট দেওয়ার প্রথাটিও খুব প্রাচীন নয়। উনিশ শতকে চকলেট প্রস্তুতকারক সংস্থাগুলো বিশেষ প্যাকেজিং ও প্রচারের মাধ্যমে এটি জনপ্রিয় করে তোলে। অর্থাৎ আজ যে চকলেটকে আমরা ভালোবাসার চিহ্ন মনে করি, তা আসলে ছিল একটি সফল বিপণন কৌশলের ফল। একইভাবে লাল গোলাপ, হৃদয় আকৃতি এবং উপহারের সংস্কৃতিও ধীরে ধীরে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হয়। ভ্যালেন্টাইনস দিবসের ইতিহাস আমাদের শেখায়, ১৪ ফেব্রুয়ারি কেবল নিখুঁত রোমান্সের চাপ নয়। এটি সামাজিক রীতি, ধর্মীয় পরিবর্তন, সাহিত্যিক প্রভাব এবং বিপণনের সম্মিলিত ইতিহাস। এই দিনের অন্ধকার বা অদ্ভুত শিকড় জানলে হয়তো আমরা উপলব্ধি করতে পারি, ভালোবাসা সবসময় একই রকম ছিল না। সময়ের সঙ্গে তার প্রকাশভঙ্গি বদলেছে। সোশ্যাল মিডিয়া নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরে, তখন এই ইতিহাস আমাদের চাপমুক্ত করে। বুঝতে সাহায্য করে, এই দিনটি সবসময়ই ছিল মানুষের সংযোগ, আবেগ এবং সামাজিক আচার উদযাপনের দিন। নিখুঁত উপহার নয়, আন্তরিকতা ও অনুভূতিই ছিল এর মূল শক্তি এবং এখনও রয়েছে।
উপহার এমন হওয়া উচিত, যার মাধ্যমে সঙ্গীর প্রতি ভালবাসার সঙ্গে সঙ্গে তাঁর প্রয়োজনীয়তাটাও গুরুত্ব পায়। প্রেমিকার জন্য উপহারের হদিস। চারিদিকে বসন্তের আমেজ। প্রেমিক-প্রেমিকার একে অপরের জন্য ভালবাসা প্রকাশের দিন আসন্ন। হাতে গুনে আর দু’-চারদিন। তার পর সেই মাহেন্দ্রক্ষণ। যে দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকে অসংখ্য যুগল। ‘ভ্যালেন্টাইন্স ডে’-র সঙ্গে উঠে আসে উপহারের প্রসঙ্গও। মনের কাছাকাছি থাকা মানুষটির জন্য ভালবাসার ছোঁয়াচ মাখানো উপহার। ফুল, চকোলেট, টেডি বিয়ারের বাইরে প্রেমিকা এমন কী উপহার?
ইলেকট্রিক রেজার: প্রতি ১৫ দিন অন্তর অন্তর সালোঁয় গিয়ে ওয়্যাক্সিং বা থ্রেডিং করানোটা মহিলাদের কাছে বেশ যন্ত্রণার বিষয়। প্রেমিকার সেই যন্ত্রণা কমাতে প্রেমদিবসে তাঁকে একটা ইলেকট্রিক রেজ়ার উপহার দিতে পারেন। উপহারে তাঁর প্রতি ভাবনা আর প্রয়োজনীয়তা, দুইয়েরই সুন্দর মিশেল চোখে পড়বে।
হোমবেস সালোঁ সার্ভিস: অফিসের কাজের চাপ ও বাড়ির দায়িত্ব সামলে, প্রতি দিনের হাজারটা কাজের মাঝে মহিলারা অনেক সময়েই নিজের জন্য সময় বার করার সুযোগ পান না। তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিতে পারেন। প্রেমিকার জন্য অ্যাপ নির্ভর সালোঁ সার্ভিসের বুকিং করে দিতে পারেন। ফুল বডি মাসাজ, পছন্দের ফেশিয়াল, পেডিকিয়োর, ম্যানিকিয়োর— এমন গোটা পাঁচেক সালোঁ সার্ভিস পেয়ে প্রেমিকা খুশি হবেন।
পিরিয়ড পেন রিলিফ ডিভাইস: ঋতুস্রাবের সময় অনেক মহিলাকেই তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়। কারও কারও ক্ষেত্রে যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি থাকে যে, তাঁদের সারা দিনের কাজকর্মেও তার প্রভাব পড়ে। প্রেমিকার যদি এরকম সমস্যা থাকে, তা হলে প্রেমদিবসে তাঁকে একটি পিরিয়ড পেন রিলিফ ডিভাইস উপহার দিতে পারেন।
স্মার্ট বোতল: শরীর চাঙ্গা রাখতে পর্যাপ্ত মাত্রায় জল খেতেই হবে। তবে প্রেমিকার কি ঘণ্টায় ঘণ্টায় জল খাওয়ার অভ্যাস নেই? তা হলে তাঁর হাতে তুলে দিন স্মার্ট বোতল। ব্যস্ততায় জল খাওয়ার কথাও মনে না থাকলে স্মার্ট জলের বোতল মোবাইলে অ্যাপের সাহায্য সংযুক্ত থেকে প্রেমিকাকে সেই কথা মনে করিয়ে দেবে। সব তথ্য সঞ্চয় হবে সেখানে। বোতলে থাকে সেন্সর। আলো জ্বালিয়ে বোতল সঙ্কেত দেবে জল খাওয়ার সময় হলে।
স্মার্ট রিং: সোনার যা দাম, তাতে সোনার আংটি না-ই বা হল! প্রেমিকার জন্য কিনে ফেলতে পারেন স্মার্ট রিং। রূপকথার গল্পে যে জাদু আংটির কথা শোনা যায়, এ-ও খানিকটা তেমনই। এই আংটি আঙুলে পরলে শরীরের অভ্যন্তরীণ সমস্ত খবরাখবর মিলবে নিমেষে। অক্সিজেনের মাত্রা থেকে হৃৎস্পন্দন, ক্যালোরি ক্ষয় সমস্তটাই জানিয়ে দিতে পারে আংটি। এতে রয়েছে শরীরের বিভিন্ন মাত্রা নির্ধারক ক্ষমতা। প্রযুক্তির সাহায্যে আংটি জানিয়ে দিতে পারে শরীরে অক্সিজেনের পরিমাণ থেকে ঘুমের হিসাব। প্রেমিকা স্বাস্থ্য সচেতন হলে এই উপহার তাঁর অবশ্যই মনে ধরবে।





