অভিনেতা-অভিনেত্রী থেকে সঙ্গীতশিল্পী, রাজনীতিবিদ। সকলেই বিহু ওরফে তমোঘ্ন মুখোপাধ্যায়ের বিয়ের প্রীতিভোজ উপলক্ষে উপস্থিত। ব্যস্ততার ফাঁকে নতুন বর-কনে বিহু-রোজাকে আশীর্বাদ করতেও হাজিরা। চার দশক ধরে টলিউডের ইন্ডাস্ট্রির সদস্য অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের ছেলের বিয়ে। বাঙালি বিয়ের অনুষ্ঠানের নিদর্শন রাখলেন খরাজ। টলিপাড়ায় চার দিনব্যাপী বিবাহ অনুষ্ঠান। খড়দহে আনুষ্ঠানিক বিয়ের পর ধনধান্য অডিটোরিয়ামে রিসেপশনে চাঁদের হাট। একমাত্র ছেলের বিয়ে! রিসেপশনে আয়োজনে কোনও খামতি রাখেননি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। চার দশক ধরে টলিউডের ইন্ডাস্ট্রির সদস্য তিনি। খরাজের ছেলের বিয়েতে যে বাংলার যশস্বীদের ভিড়। ব্যাঙ্কোয়েটের প্রবেশপথেই একটানা দরজার বাইরে বসে অতিথিদের অভ্যর্থনা জানান অভিনেতাকে। একেবারে অনুষ্ঠানের শেষে ছবি তুলতে আসরে হাজির।

বর ও কনে তাঁদের রিসেপশনের সাজে রংমিলন্তির ছোঁয়া রেখেছিলেন। শেরওয়ানি-পাজামা এবং বেনারসির রঙে ছিল সবুজের ছোঁয়া। রোজার শাড়ি যদি হয় মস গ্রিন, তা হলে বিহুর পোশাকের রংও সবজেটে ছাই রং। রোজার গলা, কান, হাত, আঙুল ছিল সোনার গয়নায় ভরা। কোমরে গুঁজে রাখা রুপোর গয়না, অনেকটা যেন চাবির থোকার মতো। খরাজের পরনে ছিল অফ-হোয়াইট নকশা করা ঐতিহ্যবাহী তসরের পাঞ্জাবি এবং কোঁচানো কোরা ধুতি। অভিনেতার সাজসজ্জার নেপথ্যে ছিলেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক রায়। খরাজ-পত্নী প্রতিভা মুখোপাধ্যায় সেজেছিলেন সোনালি বুটির কাজ করা কালো সিল্কের শাড়িতে। বিহু এবং তাঁর স্ত্রী রোজার রিসেপশনে হাজিরা দিতে ধনধান্যে পৌঁছোন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গাঢ় নীল পাঞ্জাবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রুপোলি চওড়া পাড়ের কালো বেনারসিতে চূর্ণী গঙ্গোপাধ্যায় হাজির খরাজপুত্রের রিসেপশনে। বাঙালি বিয়ের চিরাচরিত সাজে দেখা দিয়েছিলেন টলিপাড়ার তারকাদম্পতি। প্রযোজকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও হাজির অনুষ্ঠানে। নন্দিতার পরনে ছাইরঙা শাড়ি। শিবপ্রসাদ পরেছিলেন কালো টিশার্ট-সবূজ ব্লেজার। পাতা পাতা ছাপ আঁকা কালো শাড়িতে অনসূয়া মজুমদার। সবুজ ব্লাউজ়, লাল বেনারসি এবং ভারী গয়নার সাজে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন ছবির প্রিমিয়ার সেরে উপস্থিত দেব এবং রুক্মিণী মৈত্র। কালো শেরওয়ানি এবং ফুলছাপ অফ-শোল্ডার গাউন পরিহিত। স্ত্রী ও মেয়ের সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় অনুষ্ঠানে প্রবেশ করেন। টেকনিশিয়ান স্টুডিয়োর প্রধান এবং ফেডারেশন অফ ডাব্লিউবি ফিল্ম অপারেটিভের সভাপতি স্বরূপ বিশ্বাসের সাজে সাদা শার্টের উপর সুতোর কাজ করা পাখির ছোট ছোট প্রতিকৃতি। লাল-কালো বেনারসিতে বিয়ের আসরে মৌসুমী সাহা। গাঢ় নীলচে সবুজ রঙের বেনারসিতে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের পরনে গাঢ় নীল গলাবন্ধ শেরওয়ানি।

ইন্ডাস্ট্রির পুরনো শিল্পীদের পুনর্মিলন উৎসব। বোধিসত্ত্ব মজুমদার, সুমিত গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, কুশল চক্রবর্তী, স্বাগতা এবং ঋষি মুখোপাধ্যায়। অভিনেতা-সঙ্গীতশিল্পী বিহুর বিশেষ দিনে অভিনন্দন জানাতে অনুষ্ঠানে হাজির গানের জগতের খ্যাতনামী ব্যক্তি মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপম ইসলাম ও তাঁর স্ত্রী রূপসা দাশগুপ্ত, স্ত্রী ও মেয়ের সঙ্গে রূপঙ্কর বাগচী, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। অতিথিদের জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ফিশ ফ্রাই, বাসন্তি পোলাও, গন্ধরাজ ভেটকি, মটন কষার পর মিষ্টিমুখের জন্য চাটনি, পাঁপড়, নলেন গুড়ের সন্দেশ, রাবড়ি-জিলিপি এবং কুলফি।




