ভারত -২ (সুহেল, সন্দীপ)
পাকিস্তান – ১ (গাজ়ি)
RK NEWZ ১০ বার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারত। ১০ জনের পাকিস্তানকে ফাইনালে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ জয়ের হ্যাটট্রিক করল ভারত। অথচ একটা সময় প্রতিযোগিতায় দল পাঠাতে রাজি ছিল না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেল ভারতীয় দল। এই নিয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করল ভারত। ভারতের হয়ে ফাইনালে গোল করলেন সুহেল ভাট এবং সন্দীপ মান্ডি। এই নিয়ে ১০ বার চ্যাম্পিয়ন হল ভারত। চ্যাম্পিয়ন হলেও ভারতের জয় সহজ হয়নি। প্রথমার্ধে দাপট ছিল পাকিস্তানেরই। বলা যায়, প্রায় একপেশে খেলা হয়েছে ফাইনালের প্রথমার্ধে। দলের দখল থেকে আক্রমণ তৈরি, সব কিছুতেই এগিয়ে ছিল পাকিস্তান। ম্যাচের শুরুটা ভারত আগ্রাসী মেজাজে করলেও ক্রমশ নিয়ন্ত্রণ নিয়ে নেন পাক ফুটবলারেরা। প্রথম মিনিটেই প্রায় গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন সুহেল। পরিস্থিতি সামাল দেন পাকিস্তানের গোলরক্ষক। ৩ মিনিটের মাথায় আরও একটি সুযোগ নষ্ট করেন সুহেল। এর পরই লড়াইয়ে ফেরে পাকিস্তান। ক্রমশ দাপট বাড়াতে শুরু করে। ৬ মিনিটের মাথায় প্রথম বার সুযোগ তৈরি করে তারা। যদিও মহম্মদ আলি খানের তৈরি আক্রমণ কাজে আসেনি। ১৮ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করে পাকিস্তান। বল ক্লিয়ার করার জন্য এগিয়ে গিয়েছিলেন ভারতের গোলরক্ষক অর্শ শেখ। সুযোগ কাজে লাগিয়ে লব তুলে প্রায় গোল করে ফেলেছিলেন আলি খান। এক ডিফেন্ডার কোনও রকমে বল বিপন্মুক্ত করেন। প্রথমার্ধের খেলা যত এগিয়েছে, ভারতীয় রক্ষণের উপর চাপ তত বেড়েছে। ২২ মিনিটে দলের নিশ্চিত পতন রুখে দেন অর্শ। পাকিস্তানের একের পর এক আক্রমণের মাঝে ভারতীয় দল বল নিয়ে উপরে ওঠার চেষ্টা করলেও পরিকল্পনার ছাপ ছিল না। সে সময় কিছুটা দিশাহারই দেখাচ্ছিল ভারতের ফুটবলারদের। এর মধ্যেই ৩৪ মিনিটে অভিষেক সূর্যবংশীর একটি হাফ ভলি দুর্দান্ত দক্ষতায় আটকে দেন পাক গোলরক্ষক ইউসুফ বাট। প্রথমার্ধের শেষ দিকে ভারত খেলায় ফেরার চেষ্টা করলেও পাকিস্তান দাপট ধরে রাখে। তার সুফলও পায় তারা। সংযুক্ত সময়ে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগির গাজ়ি।জুনেদ শাহের নিচু পাস খাইমিনথাং লুংডিমের পায়ে লেগে দিক পরিবর্তন করে। বল পেয়ে যান গাজ়ি। দুরন্ত শটে জালে বল জড়িয়ে দেন তিনি। এ ক্ষেত্রে তেমন কিছু করার ছিল না অর্শের। ০-১ ব্য়বধানে পিছিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারতীয় দল। ৫১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে বল মারেন। এর আগে অবশ্য পাকিস্তানও গোলের একটি সুযোগ নষ্ট করে। ৫৩ মিনিটে সুযোগ নষ্ট করেন সুহেল। ভারতীয় দলকে সুবিধা করে দেয় ৫৯ মিনিটে পাকিস্তানের জুনেইদের লাল কার্ড। ব্রিসন ফার্নান্ডেজকে বিশ্রী ফাউল করেন তিনি। ‘ভার’ দেখে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি।

পাকিস্তান ১০ জনে হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি ভারতীয় দল। আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় নৌসাদ মুসার ছেলেরা। ফলও মেলে হাতেনাতে। ৬১ মিনিটে ভারতে সমতায় ফেরান সুহেল। ডান দিক থেকে ক্রস করেন লুংডিম। ম্যাকার্টন প্রথম বারের চেষ্টায় শট নিতে গিয়েছিলেন। কিন্তু তিনি ঠিক মতো শট নিতে পারেননি। বল পান সুহেল। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মোহনবাগানের স্ট্রাইকার। সমতায় ফেরার পর দাপট বাড়তে থাকে ভারতের। অন্য দিকে, লড়াই থেকে হারিয়ে যেতে শুরু করে পাকিস্তান। তবে ভারতের ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং পাক গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাচ্ছিল না ভারত। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে ভারতকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের সন্দীপ। কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। তবে এই গোলের আগে একটি ফাউল করেছিলেন সন্দীপ। হলুদ কার্ড দেখতেও পারতেন। সংযুক্ত সময়ের শেষ মিনিটে দিনের সহজতম সুযোগটি লুংডিম নষ্ট না করলে ৩-১ ব্যবধানে জিততে পারত ভারতীয় দল। ফাঁকা গোল পেয়েও গোল করতে পারেননি। শেষ মুহূর্তে তাঁকে আটকে দেন এক পাক ডিফেন্ডার। শেষ পর্যন্ত ১০ জনের পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের হ্যাটট্রিক করল ভারত। এই নিয়ে ১০ বার চ্যাম্পিয়ন হল ভারত। উল্লেখ্য, পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েই এ বারের সাফ অভিযান শুরু করেছিল দ্বিতীয় সারির ভারতীয় দল। নিউ জ়িল্যান্ডের সঙ্গে দু’টি ফিফা প্রীতি ম্যাচ থাকায় ঢাকার প্রতিযোগিতায় সেরা দল পাঠাতে পারেনি ভারত। অন্য দিকে, সেরা দল নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে এসেছিল পাকিস্তান। পাক দলের কয়েক জন ফুটবলার ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। তা-ও চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে মুসার দল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন হল ভারত।




