প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ। অক্টোবরে শেষ সপ্তাহে রঞ্জি ট্রফি দিয়ে প্রত্যাবর্তন হবে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। আগামী সপ্তাহে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর ডান পায়ের পরীক্ষা হবে। ১০ অক্টোবরের মধ্যে ফিট সার্টিফিকেট পেয়ে যাওয়ার কথা। বোর্ডের এক সূত্র বলছে, ‘এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ১০ অক্টোবরের মধ্যে পন্থ ক্লিয়ারেন্স পেয়ে যেতে পারে। চলতি সপ্তাহে পন্থের পায়ের পরীক্ষা হবে। লম্বা রিকভারি প্রক্রিয়া চলেছে। বিসিসিআইয়ের মেডিক্যাল দল কোনও ঝুঁকি নিতে চাইছে না।’ রঞ্জি ট্রফি খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন পন্থ। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিকে নিজের সেই ইচ্ছার কথা জানান ঋষভ। ডিডিসিএর এক কর্তা বলেন, ‘পন্থ জানিয়েছে ও ২৫ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য তৈরি। বোর্ডের মেডিক্যাল দলের ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পারেননি পন্থ। আসন্ন অস্ট্রেলিয়া সফরও মিস করবেন। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট চলাকালীন পায়ে চোট পান। প্রাথমিকভাবে মনে হয়েছিল সারতে ছয় সপ্তাহ লাগবে। কিন্তু সেই নিয়ে ব্যাট করায় পরিস্থিতির অবনতি হয়। তবে গত ২০ দিনে অনেক উন্নতি করেছেন। রঞ্জি খেলার ইচ্ছাপ্রকাশ করলেও, দিল্লির শিবিরে কবে যোগ দেবেন সেই বিষয়ে এখনও কিছু জানায়নি। ক্লিয়ারেন্সের অপেক্ষায়। ১৫ অক্টোবর প্রথম রাউন্ডের রঞ্জি ম্যাচে খেলতে পারবেন না। পরের রাউন্ডে খেলতে পারলে, দলকে নেতৃত্ব দেবেন। ১৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ৫ নভেম্বর পর্যন্ত রঞ্জির দুটো ম্যাচ খেলবেন পন্থ।
ফের বাইশ গজে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে। চলতি বছরের ৯ মার্চ দুই ক্রিকেটারকে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের দেখতে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। অনেকেরই ধারণা, এটাই দু’জনের বিদায়ী সফর। সেই কারণে তাঁদের নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। জানা গিয়েছে, সিরিজ শুরুর ১৩ দিন আগে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে সফর শুরু করবে ভারত। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি–টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনা তো রয়েইছে। তাছাড়াও টি–টোয়েন্টি সিরিজ নিয়েও আগ্রহ তুঙ্গে। জানা গিয়েছে, তিন ওয়ানডে–সহ পাঁচ টি–টোয়েন্টি ম্যাচেরও টিকিট প্রায় শেষ। ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচ মিলিয়ে মোট আটটি ম্যাচের ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ৩০ হাজার টিকিট। জানা গিয়েছে, পারথে কিছু টিকিট এখনও বিক্রি হওয়া বাকি থাকলেও অ্যাডিলেড এবং সিডনির টিকিট নিঃশেষিত। অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে সরিয়ে শুভমান গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। দলে রয়েছেন বিরাট কোহলিও। তাঁদের দেখার জন্য উদগ্রীব ক্রিকেট প্রেমীরা। বেশ কয়েক মাস আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ বলেছিলেন, ‘এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। যদি সেটাই হয়, তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবিশাস্য অবদানের কথা সকলেই জানে। সেটাকে মনে রেখে ওদের সংবর্ধনা দেওয়া হবে।’ সুতরাং বোঝাই যাচ্ছে যে, অজি সফরের পর বিরাট–রোহিতের অবসর নিয়ে জল্পনাও রয়েছে। হয়তো সেই কারণেই ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে দেখতে স্টেডিয়ামে উপচে পড়তে চলেছে ভিড়।





