Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‌ডিভিসি জল ছাড়লে তাতে কলকাতা কীভাবে ভাসবে? মমতার পরিসংখ্যানে বিভ্রান্তি? পরিসংখ্যান খারিজ কেন্দ্রীয় মন্ত্রীর

মমতার পরিসংখ্যানে বিভ্রান্তি? ‘তথ্য’ প্রকাশ মন্ত্রীর। রাজ্য সরকারকে না জানিয়েই নাকি পুজোর মধ্যে ডিভিসি জল ছেড়েছিল। অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বারংবার দাবি করেছেন, ইচ্ছাকৃত এবং একতরফা ভাবে জল ছাড়ে ডিভিসি। এবং তাতে ভেসে যায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এবারও তিনি দাবি করেন, বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত করেই ডিভিসি জল ছাড়ে পুজোর সময়। তবে মমতার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল মুখ খোলেন। মমতা দাবি করেছিলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত থেকে নাকি ডিভিসি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে। তবে আজ সিআর পাতিল বললেন, মাইথন জলাধার থেকে ৪২৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭৫০০ কিউসেক-সহ মোট ৭০০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম।’

এর আগে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘দুর্গাপুজো শেষ হল বিজয়া দশমী দিয়ে। মানুষের মধ্যে আনন্দ, উল্লাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গর জনগণকে শান্তিতে উৎসব পালন করতে দেওয়া হচ্ছে না। রাজ্যকে কোনও নোটিশ না দিয়েই ডিভিসি ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে। আমাদের পবিত্র উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টায় এই বেপরোয়া কাজটি করা হচ্ছে। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের অবহিত না করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি তৈরি করা একটি দুর্যোগ। আমি স্পষ্ট করে বলতে চাই: আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে এবং অশুভের উপর শুভ ইচ্ছা জয়লাভ করবে। জয় মা দুর্গা!’

ডিভিসির বক্তব্য, ‘ডিভিসি নিজের ইচ্ছেয় জল ছাড়ে না। জল ছাড়তে ডিভিসি বাধ্য। আর দুই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারকে জানিয়েই তা করা হয়েছে।’ এর আগে পুজোর মুখেই মহালয়ার পরদিন সারা কলকাতায় জল জমে গিয়েছিল বৃষ্টির জেরে। বহু পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ডিভিসির বিরুদ্ধেই। ডিভিসি জল ছাড়লে তাতে কলকাতা কীভাবে ভাসবে, তা ঠিক স্পষ্ট নয়। মহালয়ার পরদিন জল ছাড়ার ব্যাপারেও ডিভিসি আগে থেকে সতর্কবার্তা দিয়েছিল বলে জানা গিয়েছে। মমতার দেওয়া পরিসংখ্যান খারিজ কেন্দ্রীয় মন্ত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles