পোডিয়ামে কেউ চেঁচালেন। তারপর ট্রফি নিয়ে পালিয়ে গেল। নিজের চোখে দেখেন সূর্য। রবিবার দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচটির প্রত্যেক ওভার রোমাঞ্চকর ছিল। আর সেই ম্যাচ শেষের পরও রোমাঞ্চ শেষ হয়নি। ভারত শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ম্যাচ জিতে এশিয়া চ্যাম্পিয়ন হলেও হাতে ট্রফি পায়নি। ম্যাচের পরে এই বিতর্কিত পরিস্থিতিতে সূর্যকুমার যাদব আর তাঁর দলকে ট্রফি ছাড়াই উদযাপন করতে দেখা গিয়েছিল। আর এবার সেই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললে স্কাই। পিসিবি প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি চায়নি ভারতীয় দল। এদিকে পাকিস্তান দলের অনুপস্থিতির কারণে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী বিলম্বিত হয়েছিল। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ভারতের হাতে ট্রফি তুলে দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের পদক নেওয়ার পরে উপস্থাপক সাইমন ডুল ঘোষণা করেন যে, এসিসির তরফ থেকে তাঁকে জানানো হয়েছে যে ভারত আজ তাদের ট্রফি সংগ্রহ করবে না। এদিকে স্টেডিয়াম ছেড়ে চলে যান নকভিও। সূর্য বলেন, ‘ট্রফি লেকে ভাগ গয়ে’। অর্থাৎ, ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেল।
সূর্যকুমার বলেন, ‘আমরা দরজা বন্ধ করে ড্রেসিংরুমের ভিতরে বসে ছিলাম না। আমরা কাউকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করাইনি। তারাই ট্রফি নিয়ে পালিয়ে যায়। সেটাই আমি দেখেছি। আমি জানি না, কিছু লোক আমাদের ভিডিয়োও রেকর্ড করেছে নিশ্চয়। আমরা কিন্তু মাঠে অপেক্ষা ছিলাম। আমরা ভেতরে যাইনি। প্রথমেই আমি পরিষ্কার করে বলতে চাই, পুরো টুর্নামেন্টে সরকার বা বিসিসিআইয়ের কেউ আমাদের এমন কিছু বলেনি যে, কেউ যদি ট্রফি দেয় তবে আমরা তা নেব কি নেব না। আমরা নিজেরাই মাঠে দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নিয়েছি। তারা (কর্মকর্তারা) মঞ্চে দাঁড়িয়ে ছিলেন এবং আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম। আমি তাদের মঞ্চে কথা বলতে দেখেছি। তাদের কথাবার্তার বিশদ আমি জানি না। কিন্তু সেই জটলার মধ্যে কেউ কেউ চিৎকার করতে শুরু করে। এবং তারপরে আমরা দেখি যে তাদের প্রতিনিধি ট্রফি নিয়ে পালিয়ে গেলেন।’ এদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়াও জানিয়েছেন, ট্রফি ‘চুরি’ করার জন্য নকভির বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড অভিযোগ দায়ের করবে।





