সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন দেখতে উন্মুখ হয়ে রয়েছেন দর্শক। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় ‘দাদাগিরি’ দেখাবেন রাজকুমার রাও। ময়দানে নেমে পড়েছেন অভিনেতা। পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনও খামতি রাখতে চান না। নিজেকে প্রস্তুত করতে আরও বেশ কিছুটা সময় নিচ্ছেন অভিনেতা। পিছিয়েছে ছবির শুটিং। কলকাতায় এল ছবির গোটা টিম। মঙ্গলবার কলকাতায় এসে ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ময়দান, সব জায়গাতেই গিয়েছে ছবির টিম। রাজকুমারদের টিম ঘুরে দেখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টার। বুধবার তাঁদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে। কলকাতায় ছবির টিম এলেও ছবির শুটিং এই মুহূর্তে শুরু হচ্ছে না। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। ‘দাদা’র নিজের শহর কলকাতা থেকেই শুটিং শুরু। সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে কলকাতায় শুরু হয়ে গেল জোর তৎপরতা। ছবির পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভরঞ্জন সহ গোটা প্রোডাকশন টিম কলকাতায় রেইকি করতে এসেছে। কলকাতায় সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ইডেন গার্ডেন্স, কলকাতা ময়দান ছাড়াও সৌরভ ছোটবেলায় যেখানে খেলা শিখেছিলেন সেই এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন জায়গা আজকে পরিদর্শন করেন পরিচালক সহ গোটা প্রোডাকশন টিম। সৌরভের সঙ্গেও কথা বলেন।
সৌরভের বেহালার বাড়িতে রেইকি করতে যাবেন। দেখা করবেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে। আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে শ্যুটিং। ২০২৬ সালের শেষের দিকে না হলে ২০২৭ বিশ্বকাপের আগে মুক্তি পাবে সিনেমা। রাজকুমার রাও সৌরভের ভূমিকায় থাকছেন। ইতিমধ্যেই সৌরভের সঙ্গে কথা বলেছেন রাজকুমার। রাজকুমার বাঁহাতি না হওয়ায় তাঁর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।। অক্টোবর মাসে বাবা হতে চলেছেন রাজকুমার। সেই কারণে শ্যুটিং শুরু করতে একটু দেরি। সম্পূর্ণ স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমার বাজেট প্রায় আড়াইশো কোটি টাকা।কথা ছিল, চলতি বছরের জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্য শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়। এর আগে রাজকুমার বলেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব। আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।”




