Saturday, July 25, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

হিন্দি সিনেমার জন্য বাংলাতেই বাংলা সিনেমার ভাঁড়ারে টান! ক্রীড়ামহল সামলে এবার টলিউড সমস্যার সমাধানে নামলেন অরূপ বিশ্বাস

বাংলাতেই বাংলা সিনেমার ভাঁড়ারে টান! বাংলা সিনেমাকে আগে জায়গা দিতে হবে বাংলায়। দাবি টলিউডের। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়রা৷ স্বাক্ষর করেন বিনোদন দুনিয়ার অনেক মহারথী। হিন্দি সিনেমার জন্যই এই হাল। নন্দনে বাংলা বিনোদন দুনিয়ার মানুষদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে, রানা সরকার, ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত-সহ বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। হাজির ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও। হিন্দি ছবির দাপটে নিজের বাংলাতেই কোণঠাসা বাংলা সিনেমা। একের পর এক বাংলা ছবির শো নামিয়ে নেওয়া হচ্ছে হল থেকে। শো-এর জন্য বরাদ্দ সময়টিও দর্শক সমাগমের উপযুক্ত নয়। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “আমাদের মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন। যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার অবমাননা করছেন তাঁদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলা ছবির স্বার্থরক্ষাও আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। আমাদের ঘরের আলোচনা বাইরে বলা সম্ভব নয়। তবে আমাদের এই দীর্ঘ আলোচনা ইতিবাচক এটুকু বলতে পারি। বাংলা ছবিকে নিজের রাজ্যে আর কোণঠাসা হয়ে থাকতে হবে না। হিন্দি ছবির সমান সংখ্যক হল পাবে বাংলা ছবি।” অভিনেতা দেব বলেন, “শুধু ‘ধূমকেতু’র জন্য নয়। সমস্ত বাংলা ছবির ভবিষ্যতের কথা ভেবেই এই বৈঠক। যা অত্যন্ত ইতিবাচক। অরূপদা আমাদের বক্তব্য শুনেছেন। আশা রাখি, ভালো কিছু হতে চলেছে।” অভিনেতা দেব জানালেন, “বাংলায় বাংলা সিনেমা চলবে না, সেটা তো অত্যন্ত দুঃখজনক। খুব ইতিবাচক বৈঠক হল। এবং সবকটা হলকে একটা শোতে হলেও বাংলা সিনেমা চালাতে হবে, তেমনটাই আলোচনা হল। পরিবেশক, হল মালিকদের অনেকেই উপস্থিত ছিলেন। এবং সকলেই একমত যে বাংলায় বাংলা সিনেমা চলবে।” আগে কেন কখনও এই নিয়ম চালু করার কথা ভাবা হয়নি? এ প্রসঙ্গে দেবের উত্তর, “আমরা আগে কখনও একজোট হয়ে আওয়াজ তুলিনি।”

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “যখনই বাংলায় বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেয়েছে, ভালো প্রেক্ষাগৃহ, প্রদর্শন সময় সব হারিয়েছে বাংলা ছবি। আমার ছবি এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। প্রযোজক মাথা চাপড়ে বলেছেন, এ ভাবে কী করে ছবি বানাব? এভাবে চলতে থাকলে বাংলায় কাজের আগ্রহ হারাবেন বাংলার বাইরে থেকে আসা প্রযোজক, পরিচালকেরা।” পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, “বাংলা ভাষা আমার প্রাণ। আট বছর এই ভাষাতেই শিক্ষকতা করেছি। আমার ভাষা আমার গর্ব। সেই ভাষাতেই ছবি বানাই। কিন্তু বহু বছর ধরেই বাংলা ছবি দেখাতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। হিন্দি ছবির দাপটে বাংলা সিনেমা জায়গা পায়নি। শুধু আমার ছবি বলে নয়, এই একই সমস্যার সম্মুখীন আমাদের বাংলা সিনেইন্ডাস্ট্রির প্রত্যেকে। তার মধ্যেই আমরা টিকে রয়েছি। পরিবেশকদের কাছে ‘নাকি’ মুম্বই থেকে এরকম শর্ত আসে যে- সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে চারটে শোয়েই হিন্দি ছবি চালাতে হবে। বাংলা সিনেমা চালালে হিন্দি ছবি দেব না। যেহেতু হিন্দি সিনেমার রোজগার খুব ভালো, সেক্ষেত্রে পরিবেশকরা নিরুপায় হয়ে শর্তে রাজি হয়। ফলে বাংলা সিনেমা বিপদে পড়ে। সেটা নিয়েই আমাদের আজকের বৈঠক। পশ্চিমবঙ্গে কোনও প্রেক্ষাগৃহ বাংলা ছবি নিতে অস্বীকার করতে পারবে না। সেটা সামাঞ্জস্য বজায় রেখে শো দিতে হবে। এবং কোনও বাংলা ছবি যদি ভালো ব্যবসা না করে তাহলে তা সরিয়ে দেওয়ার অধিকার থাকবে হল মালিকের। বাংলা সিনেমার জন্য খুব ইতিবাচক বৈঠক হল।” সমস্যার সমাধান খুঁজতেই বৃহস্পতিবার নন্দনে টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন। সেই ইতিবাচক বৈঠকে খুশি টলিউড।

মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। প্রভাব সরাসরি পড়েছে বাংলার ছবির ক্যাশবাক্সে। বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন টলিউডের পরিচালক-প্রযোজকরা। অরূপ বিশ্বাসের মিটিংয়ে যোগ দেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার প্রমুখ। বৈঠকে উপস্থিত ছিলেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্তও। কী কথা হল? মিলবে এর সুষ্ঠু সমাধান? নানা সময়ে এই নিয়ে আলোচনাও কম হয়নি। আন্দোলনও হয়েছে। অবশেষে সুরাহার পথ খুঁজতে মুখ্যমন্ত্রীকে চিঠি। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় শামিল টলিপাড়ার তারকারা। বৈঠকে খানিকটা সমাধানের পথ পাওয়া গিয়েছে বলে মনে করছি টলিউড সিনেমা মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles