দলীপ ট্রফির হাত ধরে ২২ গজে ফিরছেন মহম্মদ সামি। পূর্বাঞ্চলের দলের হয়ে নামবেন। চোট সেরে ফিরেছিলেন। ম্যাচ ফিট ছিলেন না। ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাননি। দুর্দান্ত ছন্দে থাকার সৌজন্যে সুযোগ পাচ্ছে বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। দলের অধিনায়ক ঈশান কিষান এবং সহ-অধিনায়কের ভূমিকায় অভিমন্যু ঈশ্বরণ। ২৮ আগস্ট শুরু দলীপ ট্রফি। ফাইনাল ১৫ সেপ্টেম্বর। টুর্নামেন্টের পূর্বাঞ্চলের দল ঘোষিত। বাংলার মোট পাঁচ ক্রিকেটার দলে। সামি, অভিমন্যু, আকাশ দীপ, মুকেশ কুমার এবং সুরজ সিন্ধু। শেষবার আইপিএল দেখা গিয়েছিল সামিকে। চোটের জন্য চলতি ইংল্যান্ড সিরিজে ছিটকে যান। এবার পুরোপুরি ফিট হয়ে ফিরছেন। ভারতীয় দলে ‘নিয়মিত’ থাকলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি অভিমন্যু। ৩০টি টেস্টে ডাগআউটেই থাকতে হয়েছে। ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছিলেন। দলীপে সহ-অধিনায়ক। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশানকে। যুবদলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করায় বৈভবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। কোনও ক্রিকেটার চোট পেলে দলে ঢোকার সুযোগ পেতে পারেন। ইংল্যান্ড সফরে ডাক না পেলেও ঘরোয়া ক্রিকেটেই ফের নিজেকে প্রমাণ করতে নামবেন পেসার মুকেশ কুমার।
পূর্বাঞ্চলের দল: ঈশান কিষান, অভিমন্যু ঈশ্বরণ, বিরাট সিং, সন্দীপ পট্টনায়ক, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীশী, সূরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশদীপ ও মহম্মদ শামি।
স্ট্যান্ডবাই: বৈভব সূর্যবংশী, আশীর্বাদ সোয়াইন, মুখতার হুসেন, স্বস্তিক সমল, সুদীপ কুমার ঘরামি ও রাহুল সিং।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী ছিল উজ্জ্বল। এবার অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর-অক্টোবরে রয়েছে অস্ট্রেলিয়া সফর। তার আগে অনূর্ধ্ব-১৯ দল দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে সুযোগ পেয়েছে বৈভব। অজিভূমে যুব দলের সঙ্গে তিনটি ওয়ানডে এবং দু’টো চার দিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। প্রথম ওয়ানডে ২১ সেপ্টেম্বর। সিরিজের তিনটি একদিনের ম্যাচই ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২৪ এবং ২৬ সেপ্টেম্বর। পাশাপাশি দু’টি চার দিনের ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, ইয়ান হিলি ওভালে। দ্বিতীয় চার দিনের ম্যাচ ৭-১০ অক্টোবর, ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। দলের অধিনায়ক রেখে দেওয়া হয়েছে আয়ুষ মাত্রেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে রান পেয়েছেন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার। চার টেস্টে তাঁর সংগ্রহ ৩৪০ রান। এর মধ্যে দু’টি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে। সহ-অধিনায়ক বিহান মালহোত্রা। লাল বলের ক্রিকেটে সেভাবে রান না পেলেও ওয়ানডে’তে তুরীয় মেজাজে ছিল বৈভব। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করেছে বিশ্বরেকর্ড। তরুণদের ওয়ানডেতে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে ভারতের এই ‘বিস্ময় বালক’। সব মিলিয়ে পাঁচটি ওয়ানডে’তে ৩৫৫ রান এসেছিল তার ব্যাট থেকে। ২০২৪ সালে চেন্নাইয়ে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেছিল বৈভব। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই। তার লক্ষ্য থাকবে, অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করা।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনোয়ান প্যাটেল, কিষান কুমার, আনোয়ান কুমার, ডি. চৌহান।




