Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পাখির চোখ অলিম্পিক!‌ বাংলার টেবিল টেনিসে সাফল্য!‌ মাত্র ১৬ বছর বয়সেই ভারতীয় দলে বঙ্গকন্যা সিন্ড্রেলা

বাংলার টেবিল টেনিসে নতুন অধ্যায় রচনা করলেন সূতীর্থা মুখার্জি, আকাশ পাল ও সিন্ড্রেলা দাস। সম্প্রতি আফ্রিকার তিউনেশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব টেবল টেনিস কন্টেনডার টেবল টেনিস প্রতিযোগিতায় ভারতের হয়ে বাংলার এই খেলোয়াড়রা অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয়ের কৃতিত্ব দেখান। ইন্দোর ৮৭ তম সিনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় সতীর্থা সোনার পদক, আকাশ ব্রোঞ্জ পদক আর সিন্ড্রেলা রূপো পদক তুলে নিয়ে বাংলার মুখকে উজ্জ্বল করেছেন। কৃতি খেলোয়াড়রা দমদম বিমান বন্দরে পৌঁছালে বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি সহ অন্যান্য কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানান।

বয়স এখনও ১৬ পূর্ণ হয়নি। তার আগেই বিশ্ব টিম টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিলেন বাংলার সিন্ড্রেলা দাস। আগামী এপ্রিলের শেষে লন্ডনে হতে চলা এই প্রতিযোগিতায় তিনিই টিম ইন্ডিয়ার কনিষ্ঠতম সদস্য। সিন্ড্রেলা ছাড়াও মহিলা দলে আছেন মণিকা বাত্রা, শ্রীজা আকুলা, দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপড়ে। অন্যদিকে, পুরুষদের দলে রয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, জি সাথিয়ান, হরমিত দেশাই ও পায়াস জৈন। কোচ হিসেবে থাকছেন দুই বঙ্গসন্তান সৌরভ চক্রবর্তী ও সোমনাথ ঘোষ। তবে সরকারিভাবে এখনও দল ঘোষণা করেনি টিটিএফআই। আপাতত সাইয়ের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে জাতীয় টিটি সংস্থা।

বয়স কম হলেও প্রতিভার জোরে ভারতীয় টেবল টেনিসে জায়গা করে নিয়েছেন সিন্ড্রেলা। এবছরের শুরুতে চেন্নাইয়ে স্টার কন্টেন্ডারে টিম ইন্ডিয়ার স্কোয়াডে প্রথমবার ঢোকেন তিনি। তারপর থেকে নিয়মিতভাবে একটার পর একটা প্রতিযোগিতায় খেলছেন তিনি। সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্সও হয়েছেন। সেই সূত্রেই সিনিয়র টিম র‍্যাঙ্কিংয়ে অনেকটা উঠে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন সিন্ড্রেলা। তাতেই বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপের দলে ঢুকে পড়েছেন তিনি। জাতীয় দলের সঙ্গে যুক্ত একজন বলছিলেন, “সিন্ড্রেলার প্রতিভা আমাদের অজানা নয়। সামনে একাধিক বড় প্রতিযোগিতা রয়েছে। দু’বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেসব বিষয় মাথায় রেখেই সিন্ড্রেলা-পায়াসের মতো তরুণ মুখকে দলে আনা হয়েছে।” এবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লন্ডনে মূল প্রতিযোগিতা শুরুর আগে তাই দু’দফায় শিবির আয়োজন করেছে টিটিএফআই। ১৩ এপ্রিল থেকে এক সপ্তাহের শিবির হবে বেঙ্গালুরুতে। তারপর শেফিল্ডে ছ’দিন ট্রেনিং করবেন সিন্ড্রেলারা। বর্তমানে সিন্ড্রেলা ব্যস্ত তিউনিশিয়ায় ডব্লুটিটি কন্টেন্ডার নিয়ে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ কলে বলছিলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে থাকাটা আমার কাছে বড় সুযোগ। এবার মণিকাদি-শ্রীজাদির মতো সেরা প্যাডলারদের সঙ্গে এক দলে থাকব। ওদের থেকে অনেক কিছু শিখতে পারব। পাশাপাশি বিশ্বের সেরা প্যাডলারদের খেলাও দেখার সুযোগ পাব। সবমিলিয়ে শেখার দারুণ সুযোগ পেয়েছি। সেটা কাজে লাগাতে চাই।”

বয়স মাত্র ১৬ হলেও ম্যাচে নামলে সেসব মাথায় রাখেন না সিন্ড্রেলা। তাঁর কথায়, “জানি আমার সিনিয়র কেরিয়ার সবে শুরু হয়েছে। তবে ভারতের জার্সিতে খেলার চাপটা ভালোই টের পাই। তাই সব ম্যাচ জেতাই লক্ষ্য থাকে।” প্রতিযোগিতায় পুরুষ বিভাগে গ্রুপে ভারত খেলবে স্লোভাকিয়া, তিউনিশিয়া ও গুয়াতেমালার বিরুদ্ধে। মহিলা বিভাগে লড়াই ইউক্রেন, রোয়ান্ডা ও উগান্ডার সঙ্গে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি নকআউটে যাবে। তবে রানার্স হলেও সুযোগ থাকবে নকআউটে খেলার।

এ বার বড়দের সঙ্গে পাল্লা দেওয়ার পালা। ভাল খেলার পুরস্কার পেল সিন্ড্রেলা দাস। টেবল টেনিসের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ডাক পেয়েছে কলকাতার কিশোরী। ২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত লন্ডনে আয়োজিত হবে বিশ্ব সিনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দলে সুযোগ পেয়েছে সিন্ড্রেলা। ভারতীয় টেবল টেনিস সংস্থা চিঠি পাঠিয়েছে বাংলার টেবল টেনিস সংস্থাকে। সেখানে জানানো হয়েছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর কাছে ছাড়পত্র নিতে হবে সিন্ড্রেলাকে। বিদেশে যাওয়ার জন্য ভিসাও করিয়ে নিতে হবে। টেবল টেনিস সংস্থার নিয়ম মেনে সিন্ড্রেলাকে ছাড়ার আবেদন করেছে ভারতীয় টেবল টেনিস সংস্থা।

জানুয়ারি মাসে বডোদরায় জোড়া পদক জিতেছিল ১৬ বছরের সিন্ড্রেলা। সার্থক আর্যের সঙ্গে জুটি বেঁধে জিতেছিল অনূর্ধ্ব-১৯ মিক্সড ডাবলস। অনূর্ধ্ব-১৭ মেয়েদের সিঙ্গলসও চ্যাম্পিয়ন হয়েছিল সে। ভাল পারফরম্যান্সের পুরস্কার পেল সিন্ড্রেলা। এ বার বড়দের সঙ্গে খেলবে সে। বাংলার টেবল টেনিসে সিন্ড্রেলা অনেক বছর ধরেই পরিচিত নাম। ধীরে ধীরে জাতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছে সে। এর আগে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। ডব্লিউটিটি ইয়ুথ কন্টেন্ডারে স্লোভেনিয়ায় অনূর্ধ্ব-১৩ সোনা, ইটালিতে অনূর্ধ্ব-১৩ সোনা, আলজেরিয়া, শ্রীলঙ্কা ও পেরুতে অনূর্ধ্ব-১৫ সোনা জিতেছে সে। দোহায় যুব প্রতিযোগিতায় সোনা জিতে ফিরে গোয়ায় অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার মেয়ে। পাঁচ বছরের মধ্যে এত সাফল্য পেয়েছে সে।

সিন্ড্রেলার লক্ষ্য অলিম্পিক্স। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেশের হয়ে খেলতে চায় সে। তার আগে ২০২৬ সালের কমনওয়েলথ খেলতে চায় সে। আপাতত সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছে সিন্ড্রেলা। তার প্রথম ধাপ ভারতের হয়ে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles