টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে একটি গ্রুপ চূড়ান্ত। গ্রুপ ‘এক্স’ গ্রুপেই রয়েছে ভারত। সেই গ্রুপে কোন দল কবে কার সঙ্গে খেলবে তা-ও নিশ্চিত। ভারতের গ্রুপে আগে থেকেই তিনটি দল ঠিক হয়ে গিয়েছিল। ভারত ছাড়া সেখানে ছিল ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দল হিসাবে সেই গ্রুপে ঢুকল জিম্বাবোয়ে। বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে যে দুই দল নক আউটে উঠেছে তাদের আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে। তবে সুপার এইটে আটটি দল আগে থেকে ধরে রাখা হয়েছিল। গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলবে। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক, বা দ্বিতীয় স্থানেই শেষ করুক, তারা এক্স গ্রুপের প্রথম দল (এক্স ১)। এই গ্রুপের বাকি তিন দল ধরা হয়েছে অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ় (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। তার মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার সুপার এইট আগেই পাকা হয়ে গিয়েছিল। এ বার সেই তালিকায় জুড়ল জিম্বাবোয়ে। আগে থেকেই ঠিক ছিল, যদি কোনও দল এই তালিকায় থাকা কোনও দলের বদলে সুপার এইটে ওঠে, তা হলে তার জায়গা নেবে তারা। সেই হিসাবেই অস্ট্রেলিয়ার বদলে সেই গ্রুপ থেকে জ়িম্বাবোয়ে ওঠায় অস্ট্রেলিয়ার বদলে তাদের জায়গা হল এক্স ২। ওয়াই গ্রুপের চারটি দল ধরে রাখা আছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউ জ়িল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কা (ওয়াই ৪)। এই গ্রুপের তিনটি দল ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে উঠে গিয়েছে। একটি জায়গা বাকি রয়েছে। ১ মার্চ ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ ম্যাচ রয়েছে। অর্থাৎ, সে দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ অহমদাবাদ ও ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। সোমবার ঠিক হয়ে গিয়েছিল, ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। মঙ্গলবার ঠিক হয়ে গেল, ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বদলে জ়িম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যেরা। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
বৃষ্টি থামল না। আর সেই বর্ষণেই বদলে গেল গ্রুপের অঙ্ক। পাল্লেকেলের ম্যাচ ভেস্তে যেতেই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। সুপার এইটে জায়গা পাকা করল জিম্বাবোয়ে। গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার সঙ্গে পরের পর্বে জায়গা নিশ্চিত করল সিকান্দার রাজাদের দল। আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পরই পরিষ্কার হয়ে যায় সমীকরণ। এক পয়েন্ট পেয়ে টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে জিম্বাবোয়ে। গণিতের হিসাবে বাদ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও ওমান। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল থেকেই বৃষ্টি। টসই করা যায়নি। মাঠ পুরো কভারে ঢাকা। মাঝেমধ্যে বৃষ্টি কমলেও আবার ঝিরঝিরে ধারাপাত শুরু হয়। গ্রাউন্ডস্টাফ কভার খুলে আবার ঢাকেন। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন। ভাগাভাগি এক পয়েন্ট। জিম্বাবোয়ের ভাগ্যের তালা খুলে যায়। ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল। প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে হারের পর অন্য ফলাফলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বিশেষ করে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বড় হার ও তার আগে জিম্বাবোয়ের হাতে অপ্রত্যাশিত পরাজয় অজিদের অবস্থান দুর্বল করে দেয়। জিম্বাবোয়ে এক পয়েন্ট পাওয়ার পর অস্ট্রেলিয়া আর দ্বিতীয় স্থানে পৌঁছতে পারত না। ফলে তাদের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে কার্যত অর্থহীন! ১৭ বছরে এই প্রথম সুপার এইট পর্যায়ে পৌঁছতে ব্যর্থ অজি বাহিনী। ২০২৪ টি-২০ বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবোয়ে এবার ঘুরে দাঁড়িয়েছে। অধিনায়ক সিকান্দার রাজার নেতৃত্বে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছে। এখন সামনে সুযোগ, গ্রুপের শীর্ষস্থান দখল করার। ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জিতলে গ্রুপ ‘বি’-তে প্রথম স্থানও হাতে আসতে পারে।
গ্রুপ এ থেকে সুপার এইটে ভারত। বাদ গিয়েছে নামিবিয়া। বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই রয়েছে। তারা হল পাকিস্তান, আমেরিকা ও নেদারল্যান্ডস।
পাকিস্তান (পয়েন্ট ৪, নেট রানরেট -০.৪০৩) — বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই সুপার এইটে জায়গা করে নেবে তারা। হারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন সলমন আলি আঘারা। কারণ, সে ক্ষেত্রে আমেরিকার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও নেট রানরেট কম হবে পাকিস্তানের।
আমেরিকা (পয়েন্ট ৪, নেট রানরেট +০.৭৮৭) — আমেরিকার কোনও ম্যাচ বাকি নেই। তাদের সুপার এইটে ওঠা অন্য দলের খেলার উপর নির্ভর করছে। পাকিস্তান নামিবিয়াকে হারালে বিদায় নেবে আমেরিকা। পাকিস্তান হারলে সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডসকে। বা ভারত হারলেও তফাত কম থাকতে হবে। সে ক্ষেত্রে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে নক আউটে যাবে আমেরিকা।
নেদারল্যান্ডস (পয়েন্ট ২, নেট রানরেট -১.৩৫২) — পাকিস্তান জিতলে নেদারল্যান্ডসের স্বপ্ন শেষ। যদি পাকিস্তান হারে তার পরেও শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই একমাত্র নেট রানরেটে সুপার এইটে উঠতে পারবে নেদারল্যান্ডস।
গ্রুপ বি থেকে সুপার এইটে শ্রীলঙ্কা। বাদ গিয়েছে ওমান। বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই রয়েছে। তারা হল জ়িম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।
জিম্বাবোয়ে (পয়েন্ট ৪, নেট রানরেট +১.৯৮৪) — মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সুপার এইটে উঠে যাবে জ়িম্বাবোয়ে। শ্রীলঙ্কায় বৃষ্টি হচ্ছে। ফলে খেলা যদি ভেস্তে যায় তা হলে ১ পয়েন্ট পাবে জ়িম্বাবোয়ে। সে ক্ষেত্রেও সুপার এইটে উঠে যাবে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।
অস্ট্রেলিয়া (পয়েন্ট ২, নেট রানরেট +০.৪১৪) — জ়িম্বাবোয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একমাত্র জ়িম্বাবোয়ে হারলে সামান্য সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে হারাতে হবে। তার পর প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন জ়িম্বাবোয়েকে হারিয়ে দেয়। তবেই নেট রানরেটে সুপার এইটে ওঠার সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার। অর্থাৎ, তাদের সামনে অঙ্ক বেশ কঠিন।
আয়ারল্যান্ড (পয়েন্ট ২, নেট রানরেট +০.১৫০) — জ়িম্বাবোয়েকে হারাতেই হবে। তার পর প্রার্থনা করতে হবে শেষ ম্যাচে জ়িম্বাবোয়ে শ্রীলঙ্কার কাছে ও অস্ট্রেলিয়া ওমানের কাছে হারে। তবেই নেট রানরেটে তাদের সুযোগ থাকবে নক আউটে যাওয়ার। অর্থাৎ, তাদের সামনে অঙ্ক বেশ কঠিন।
গ্রুপ সি থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড। বাদ গিয়েছে স্কটল্যান্ড, ইটালি ও নেপাল। এই গ্রুপ থেকে দুই দল সুপার এইটে উঠে গিয়েছে। এই গ্রুপের বাকি খেলার উপর কিছু নির্ভর করছে না।
গ্রুপ ডি থেকে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। বাদ আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।





