RK NEWZ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। তার পর থেকে একটি দেওয়ালিতেও দিল্লির সরকারি বাসভবনে থাকেননি তিনি। দেশের বিভিন্ন সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে উদ্যাপন করেছেন আলোর উৎসব। ধানমন্ত্রী হওয়ার পরে ১৩তম বছরেও দিল্লির বাইরে জওয়ানদের সঙ্গেই দেওয়ালি পালন করলেন নরেন্দ্র মোদী। এ বছর তিনি বেছে নিয়েছেন বস্তর, যা এক কালে ঘাঁটি ছিল মাওবাদীদের। সেখানে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী আরও এক বার সতর্কবার্তা দিলেন ‘দিমাগি নকশাল’ নিয়ে। তিনি জানালেন, দেশ থেকে সশস্ত্র মাওবাদীরা নির্মূল হয়ে গিয়েছে। কিন্তু ‘দিমাগি নকশালেরা’ মানুষকে সংবিধান, গণতন্ত্রের বিরুদ্ধে প্ররোচনা দিয়ে চলেছে। দেওয়ালির দিন সকালে মোদী পৌঁছে যান বস্তর। সেখানে জওয়ানদের সঙ্গে কথাবার্তা বলেন। তার পরেই বক্তৃতায় তিনি বলেন, ‘‘এই দেওয়ালি সত্যিই বিশেষ। দীর্ঘ দিন ধরে মাওবাদী এবং নকশালবাদের বিরুদ্ধে যে লড়াই দেশ চালিয়েছে, তাতে জয়ী হওয়ার পরে এই প্রথম দেওয়ালি। সারা দেশের প্রতিটা জেলা মাওবাদীমুক্ত হওয়ার পরে এই প্রথম দেওয়ালি। আমাদের দেশের কোটি কোটি নাগরিক মাওবাদীদের আতঙ্ক কাটিয়ে ওঠার পরে এই প্রথম দেওয়ালি।’’ তার পরেই মোদীর গলায় শোনা যায় ‘দিমাগি নকশাল’ নিয়ে সেই সতর্কবার্তা, যা তিনি লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণেও দিয়েছিলেন। রবিবার মোদী বলেন, ‘‘বন্ধুরা, এই সাফল্য়ের মধ্যে একটা বিষয় মনে রাখতে হবে। সশস্ত্র মাওবাদীরা নির্মূল হয়ে গেলেও দিমাগি নকশালেরা অনেক সংগঠনের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। এখনও তারা মানুষকে সংবিধান, গণতন্ত্রের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। বেশ কিছু রাজনৈতিক দল, সংগঠনেও প্রবেশ করেছে তারা। তাঁদের চিহ্নিত করে, পরাজিত করে দেশের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।’’
রবিবার সকালে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমাদের সাহসী নিরাপত্তাবাহিনী সঙ্গে দীপাবলি উদ্যাপনের জন্য বস্তর যাচ্ছি। এই সেই এলাকা, যা এক কালে মাওবাদীরা দখল করে রেখেছিল। আজ সেখানে উন্নয়নের জোয়ার। আমি সেই সাহসী জওয়ানদের বলিদান, আত্মত্যাগ, তপস্যাকে কুর্নিশ করতে যাচ্ছি।’’ ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। তার পর থেকে একটি দেওয়ালিতেও দিল্লির সরকারি বাসভবনে থাকেননি তিনি। দেশের বিভিন্ন সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে উদ্যাপন করেছেন আলোর উৎসব— কখনও সিয়াচেনে, কখনও কার্গিলে, কখনও সমুদ্রের মাঝে যুদ্ধবিমান বহনকারী জাহাজে। এ বার তিনি বস্তরে জওয়ানদের সঙ্গে পালন করছেন দেওয়ালি।
অতীতে ছত্তীসগঢ়ের এই বস্তরে কোনও প্রশাসক, নেতা-মন্ত্রী পা রাখতে ভয় পেতেন। বছরের পর বছর সেখানে দাপট ছিল মাওবাদীদের। একের পর এক স্কুল, রাস্তা, থানা উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। খুন হয়েছেন বহু সাধারণ মানুষ, নিরাপত্তারক্ষী, পুলিশ। পণবন্দি হয়েছেন স্থানীয়েরা। সংসদে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, চলতি বছরের মার্চ-এপ্রিলে মাওবাদী উপদ্রুত জেলা ‘শূন্য’ হয়ে গিয়েছে। এ বার সেই বস্তরে গিয়ে দেওয়ালি উদ্যাপন করলেন মোদী, যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, সরকার যে মাওবাদী দমন অভিযানে আগাগোড়া জওয়ানদের পাশে রয়েছে, সেই বার্তা দিতেই সেখানে গিয়েছেন মোদী। ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র। তার আগে ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মহারাষ্ট্রে দলে দলে মাওবাদীদের আত্মসমর্পণের হিড়িক দেখা গিয়েছিল। তবে গত মে মাসে ছত্তীসগঢ়েই আইইডি বিস্ফোরণে রক্ত ঝরেছিল বাহিনীর। গত জুলাই মাসে সংসদে মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, দেশের কোনও জেলাই আর মাওবাদী উপদ্রুত নয়। পরিসংখ্যান তুলে তিনি জানান, ২০১৮ সালের এপ্রিলে মাওবাদী উপদ্রুত জেলা ১২৬ থেকে ৯০-এ নেমে আসে। তার পরে ২০২১ সালের জুলাইয়ে তা ৭০-এ নামে। ২০২৪ সালের এপ্রিলে এই ধরনের জেলার সংখ্যা ৩৮ হয়ে যায়। পরে ২০২৫ সালের ডিসেম্বরে ওই সংখ্যা আটে নেমে আসে। চলতি বছরের মার্চ-এপ্রিলে মাওবাদী উপদ্রুত জেলা ‘শূন্য’ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে ৩৭টি জেলাকে ‘লিগাসি অ্যান্ড থ্রাস্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, এই জেলাগুলির কোনওটিই বর্তমানে আর মাওবাদী উপদ্রুত নয়।





