জল্পনার সমাপ্তি। আইএসএলের সম্প্রচার জট অনেকটাই কাটল। খেলা দেখাতে আগ্রহী সাতটি সংস্থা। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে ‘বিড’ করেছে সম্প্রচার স্বত্বের জন্য। সবচেয়ে ভাল ‘বিড’ দিয়ে বাকিদের থেকে দৌড়ে এগিয়ে রয়েছে ভারতীয় সংস্থা ‘ফ্যানকোড’। প্রোডাকশনের দায়িত্বে থাকছে কলকাতার সংস্থা ক্যালাইডোস্কোপ। সোম সকালে ফেডারেশন বিড খুলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারাই। অবশেষে চূড়ান্ত, সম্প্রচারের দায়িত্ব পাচ্ছে ফ্যান কোড। টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস। আইএসএলের সম্প্রচারের জন্য একাধিক সংস্থা আগ্রহী ছিল। যার মধ্যে ছিল এবিপি ডিজিটাল বা ইউরো স্পোর্টসের মতো সংস্থা। আর বিগত কয়েক বছর ধরে যারা আইএসএল দেখিয়ে আসছে, সেই জিও হটস্টারও এই দৌড়ে ছিল। সম্প্রচার স্বত্বের জন্য ফেডারেশন মোট পাঁচটি প্যাকেজের ব্যবস্থা রেখেছিল। তার মধ্যে তিনটি প্যাকেজে আগ্রহ দেখিয়েছে ফ্যানকোড। তার মধ্যে বিশ্বব্যপী সম্প্রচারের ব্যবস্থা, টিভি সম্প্রচার, ডিজিটাল সম্প্রচার সবই রয়েছে। ব্রিটেনের ক্রীড়া উপদেষ্টা সংস্থা ‘টু সার্কলস’ও তিনটি প্যাকেজ বেছে নিয়েছে। তবে তারা বিশ্বব্যপী সম্প্রচারের দায়িত্ব নিতে রাজি নয়। দৌড়ে রয়েছে এবিপি নেটওয়ার্কও। তারা ডি এবং ই প্যাকেজ নিয়েছে। তার মধ্যে শুধু ডিজিটাল সম্প্রচার এবং বিশ্বব্যপী সম্প্রচার রয়েছে। জিয়োস্টার শুধু ডিজিটাল সম্প্রচারে আগ্রহী।
পিআর সলিউশন্সের সঙ্গে জোট বেধে মনার্ক সংস্থা ডি এবং ই প্যাকেজে আগ্রহ দেখিয়েছে। স্পোর্টসওয়ার্কজ এবং কেপিএস সংস্থা শুধু ই প্যাকেজে আগ্রহী। সময়সীমা বৃদ্ধির জন্য ফেডারেশনকে অনুরোধ করেছিল সোনি। তা খারিজ হয়ে যায়। বিড খোলার পর গুণমান এবং অর্থপ্রাপ্তির নিরিখে সঠিক সংস্থা বেছে নেওয়া হবে। প্রথমে খতিয়ে দেখা হবে টেকনিক্যাল দিক, যেখানে আগ্রহী সংস্থাগুলির সম্প্রচারের অভিজ্ঞতা, ক্যামেরা এবং পরিকাঠামো এবং জনপ্রিয়তাকে দেখা হবে। এর পর কোন সংস্থা কত অর্থ ফেডারেশনকে দিতে পারছে তা দেখা যাবে। ৭০ শতাংশ টেকনিক্যাল স্কোর এবং ৩০ শতাংশ আর্থিক স্কোর, এই বিচারে যে সংস্থা বাকিদের চেয়ে এগিয়ে থাকবে, তারাই আইএসএলের সম্প্রচারের দায়িত্ব পাবে। ক্যালাইডোস্কোপ বা কেপিএস স্টুডিও হচ্ছে সেই সংস্থা, যারা ইতিমধ্যেই তিনবার আই লিগ, পর পর ৬বার ডুরান্ড কাপ করার পাশাপাশি গত মরশুমে কলকাতা লিগেরও প্রোডাকশন করেছে। কেপিএস স্টুডিওর ম্যাচ সম্প্রচারের কোনও প্ল্যাটফর্ম নেই। এরা শুধুই ম্যাচের প্রোডাকশন করে। তাই শুধু প্রভোকশন রাইটস পাওয়ার জন্য কেপিএস স্টুডিও বিডে অংশগ্রহণ করেছে। সোনি এবং জ়ি, দুই বড় সংস্থা আইএসএল দেখাতে আগ্রহ প্রকাশ করেনি।





