Friday, June 19, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘উনি জমিদার,আমরা চাকর’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব মমতা!‌ ‘তৃণমূল সুপ্রিমোর সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে’, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের অপমান করা হয়েছে। অসম্মান করা হয়েছে। আমরা বৈঠক বয়কট করে চলে এসেছি। জেনে বুঝে আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন।” সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতাও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন। বললেন, তাঁদের অপমান, অসম্মান করা হয়েছে। তাই বৈঠক বয়কট করে চলে এসেছেন তাঁরা। অভিষেক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের নিয়ে নির্বাচন সদনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করতে আসেন মমতা। আর সঙ্গে ছিলেন মৃত ৩ বিএলও-র পরিবার ও এসআইআর-এ ক্ষতিগ্রস্ত ৫ পরিবার। ঘণ্টাখানেকের বেশি বৈঠকের পর বেরিয়ে এসে কমিশনকে নিশানা করেন মমতা। তৃণমূল সুপ্রিমো মূলত মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ দাগেন। মমতা বলেন, বৈঠকে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে বলে এসেছেন, ‘আপনার অবস্থা ধনখড়ের(বাংলার প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন উপরাষ্ট্রপতি) মতো হবে। বিজেপির ভয়ে কাজ করছেন।’ জ্ঞানেশ কুমারকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করে মমতা বলেন, “আমাদের অপমান করা হয়েছে। অসম্মান করা হয়েছে। আমরা বৈঠক বয়কট করে চলে এসেছি। জেনে বুঝে আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন।” একইসঙ্গে তিনি বলেন, “এমন মানসিকতা নিয়ে কথা বলছেন, যেন উনি জমিদার আর আমরা চাকর।” মমতা বলেন, তিনি অনেক নির্বাচন কমিশনার দেখেছেন। কিন্তু, এমন কমিশনার দেখেননি। জ্ঞানেশকে বিজেপির তোতাপাখি বলে আক্রমণ করেন। এর আগে একাধিকবার তৃণমূল সীমা খান্নার প্রসঙ্গ তুলেছে। এই সীমা খান্না ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ। এদিন মমতার মুখেও সীমা খান্নার নাম শোনা গিয়েছে। তিনি বলেন, “সীমা খান্না কে? কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের। ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছেন।” কমিশনকে নিশানা করলেও এদিন মমতা স্পষ্ট করে দেন, তাঁর দল নির্বাচন বয়কট করবে না। বলেন, “এই ভুল কখনই করব না আমরা। আমরা লড়ে নেব।”

ঘণ্টাখানেকের বেশি বৈঠক। তারপর সেই বৈঠক ‘বয়কট’ করে নির্বাচন সদনের বাইরে এসে কমিশনকে একের পর এক তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ শানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য, তাঁদের কথা শোনেনি কমিশন। তবে মমতার সঙ্গে বৈঠকের পরই কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করল কমিশন। মমতা-সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বিবৃতিতে কমিশন জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল বৈঠক করে। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয় তৃণমূলের প্রতিনিধি দলের তরফে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বলে বিবৃতিতে জানিয়ে দিল কমিশন।

একইসঙ্গে এদিন কমিশন স্পষ্ট করে দিয়েছে, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন, তবে কমিশনের আইনগত ক্ষমতা এবং সংবিধান অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। বিবৃতিতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব হল কমিশন। বিবৃতিতে কমিশন বলল, তৃণমূল কংগ্রেসের বিধায়করা প্রকাশ্যেই কমিশন এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আপত্তিকর ও হুমকির ভাষা ব্যবহার করছেন। পাশাপাশি নির্বাচনী কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। ​তৃণমূল কর্মী ও বিধায়করা ইআরও অফিস ভাঙচুর করেছেন। কমিশন বিবৃতিতে স্পষ্ট করে দিল, ​এসআইআর কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের উপর কোনও ব্যক্তির দ্বারা কোনও ধরনের চাপ, বাধা কিংবা হস্তক্ষেপ করা যাবে না। কমিশনের অভিযোগ, বিএলও-দের সাম্মানিকের টাকা আটকে রেখেছে রাজ্য সরকার। এদিন বিবৃতিতে কমিশন জানাল, আর বিলম্ব না করে ​বুথ লেভেল অফিসারদের সাম্মানিকের টাকা সময়মতো দিতে হবে। রাজনীতির কারবারিরা বলছেন, কমিশনের বৈঠকের পর মমতা যখন বলছেন, তাঁদের অপমান করা হয়েছে। তখন বিবৃতি দিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করল কমিশন। এর জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

দিল্লিতে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াতে সোমবার রাতেই রাজধানী রওনা হচ্ছে রাজ‌্য পুলিশের বিশেষ দল। নবান্ন সূত্রে খবর, এদিন দিল্লিতে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকে নজর রেখেই মুখ‌্যমন্ত্রী নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন বলেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ‌্য পুলিশের শীর্ষকর্তারা। সেই মতো সন্ধ‌্যায় সিদ্ধান্ত হয়, রাতেই দিল্লি পাঠানো হবে রাজ‌্য পুলিশের ২২ জনের একটি দলকে। দলের শীর্ষে থাকছেন ডিএসপি পদমর্যাদার অফিসার। এছাড়াও অন‌্যান‌্য পদমর্যাদার অফিসার ও কনস্টেবলও থাকছে। থাকছেন মহিলা পুলিশও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে সেখানে থাকা রাজ‌্য পুলিশের বাহিনীর সঙ্গে যোগ দেবেন তাঁরা। পাশাপাশি বঙ্গভবনের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চায় রাজ‌্য পুলিশ। বঙ্গভবন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার উপর সকাল থেকেই নজর রেখেছিলেন রাজ‌্য পুলিশের শীর্ষকর্তারা। আজ, সোমাবার সকাল থেকে বঙ্গভবনে দিল্লি পুলিশের নজিরবিহীনভাবে উপস্থিতি ছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে মমতা জানান, বঙ্গ ভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। বঙ্গভবনে তল্লাশি করছে তারা। শুধু তাই নয়, দিল্লিতে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কাপড়ে পৌঁছে গিয়েছিলেন চাণক্যপুরীর বঙ্গভবনে। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারয়তীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশের সামনে কার্যত রুখে দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পিছু হটতে বাধ্য হয়েছিল দিল্লি পুলিশ। এ নিয়ে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ‌্য পুলিশ সূত্রে খবর, বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন শীর্ষকর্তারা। সেই মতো রাতেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের একটি দলকে দিল্লিগামী বিমানে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

পাল্টা মমতার তুলোধনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাও আবার এসআইআর নিয়ে। শুভেন্দুর সাফ কথা, এসআইআরের আতঙ্কের নামই হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন তাঁদের একাংশকে চালনা করছে তৃণমূল, আইপ্যাক। তাঁদের দ্বারই যত গড়মিল করা হচ্ছে। অভিলম্বে তাঁদের সাসপেন্ড করে এফআইআর করার দাবি তুললেন তিনি। শুভেন্দুর স্পষ্ট কথা, “প্রথমদিন থেকে লাগাতার ভয় দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। সমস্ত লোকের নামের বানান ভুল, পদবির বানান ভুল। মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। বিএলও, ইআরও, এইআরও-দের একাংশ দিয়ে, আইপ্যাককে বসিয়ে নাম ও পদবির বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করা হয়েছে।” এরপরই সরাসরি মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাঁর প্রশাসন এটা করেছে। তৃণমূল ও আই প্যাকের নির্দেশে যে সব বিএলও, ইআরও, এইআরওরা এই কাজ করেছেন তাঁদের অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর করতে হবে। একইসঙ্গে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। আমাদের কাছে এদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles