Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সাধারণতন্ত্র দিবসে দিল্লির আওয়াজ ‘বাঙালি অস্মিতা’! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’, অমিত শাহর ‘রবীন্দ্রনাথ সান্যাল’?‌ সরব মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত সাহিত্যসম্রাটকে ‘বঙ্কিমদাস’ বলে উল্লেখ করেছিলেন। অমিত শাহ আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গিয়ে বলে দিচ্ছেন ‘রবীন্দ্রনাথ সান্যাল’। যা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মনিষীদের অপমান নিয়ে সরব হন। এবার সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ‘বাংলা এবং বাঙালি অস্মিতা’কেই সুকৌশলে তুলে ধরে ট্যাবলো সাজালো পশ্চিমবঙ্গ সরকার। বাংলার ট্যাবলোয় শুরুতেই থাকছে আনন্দমঠ লেখায় মগ্ন সাহিত্যসম্রাটের বিশাল মূর্তি। সঙ্গে থাকছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা-সহ অন্যান্যরা। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যেভাবে ট্যাবলো সাজানো হয়েছে তা নীরবে কেন্দ্রের বিজেপি সরকারকেই জবাব বলে মনে করছে রাজনৈতিকমহল।
বাংলার মনীষীদের অপমান করছিল বিজেপি, তখন পালটা আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাঁদের হাতিয়ার ছিল দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলা ও বাঙালিদের ভূমিকা। যার পুরোভাগে থাকবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাঁকে দেখা যাবে তিনি মগ্ন রয়েছেন আনন্দমঠ লেখায়। চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে। সম্প্রতি এসআইআর শুনানিতে ডাক পড়েছে প্রাক্তন সাংসদ তথা নেতাজির আত্মীয় সুগত বসুর। সেই নেতাজির মূর্তিও দেখা যাবে ট্যাবলোয়। ট্যাবলোয় থাকছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল ইসলাম, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেকর ও রাসবিহারী বসুদের প্রতিকৃতি। থাকছে ঐতিহাসিক আলিপুর জেলও। সাধারণতন্ত্র দিবসের প্যারেডের থিম, ‘স্বাধীনতা কা মন্ত্র – বন্দেমাতরম’। যেখানে বাংলার থিম, ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা।’ কয়েকমাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিশেষজ্ঞদের মতে, তার আগে মুখে কিছু না বললেও সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় নতুন করে বাংলা ও বাঙালির অস্মিতাকে ফুটিয়ে তুলে ‘বাংলা বিরোধী’-দের জবাব দিল রাজ্য। কয়েক সপ্তাহ আগেই যখন সংসদে বন্দেমাতরম আলোচনায় বাংলা-বাঙালিকে অপমান করেছিল কেন্দ্রের শাসকদল, তখন সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার স্বাধীনতা সংগ্রামে অবদান ও মনীষীদের সামনে এনে নির্বাচনের আগে বড় চাল দিল রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles