RK NEWZ ভারতের জয়ের রান এসেছে তাঁর ব্যাটে। হারা ম্যাচে তাঁর সৌজন্যেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছে ভারত। সেই মোহিত উলভা ম্যাচের পর জানালেন, ঈশ্বর এবং নিজের উপর বিশ্বাস থাকার কারণেই সফল হয়েছেন। কোচকে কৃতিত্ব দিয়েছেন জয়ের আর এক কারিগর মানাল চৌহান। এ দিকে, বীরেন্দ্র সহবাগের ছেলে আর্যবীর জানিয়েছেন, এ দিন চোট নিয়েই ব্যাট করেছেন তিনি।শেষ ওভারে কী চলছিল মাথার মধ্যে? মোহিত বলেছেন, “কিছুই নয়। নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরে ভরসা রেখেছিলাম। আগে এশিয়া কাপে ভাল খেলিনি। জানতাম আমি বোলার। তবে নিজেকে অলরাউন্ডার মনে করি। নিজেকে প্রমাণ করার বেশি সুযোগ পাইনি। তবে বিশ্বাস ছিল যে সুযোগ এলে পারব। তবে মানালের সাহায্য ছাড়া এই জয় সম্ভব হত না। আমার আগে ও-ই ছন্দটা তৈরি করে দিয়েছিল।”
শেষ বলে চার মেরে দেশকে জিতিয়েছেন মোহিত। তিনি জানতেন, একটা বাউন্ডারিই খেলা শেষ করে দিতে পারে। তাই বেশি ভাবেননি। বলছেন, “নিজেকে বার বার বলছিলাম, ‘আমি পারব, আমি পারব, শেষ পর্যন্ত খেলব’। বেঙ্কট আসার পর আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। বার বার বলেছে, ‘তুমি পারবে, স্রেফ খেলায় মন দাও। ঠিক ম্যাচ শেষ করে দেবে’। এই বিশ্বাসই কাজে লেগেছে। শেষ বলে আমরা জিতেছি। আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। জানতাম শেষ বল পর্যন্ত টিকে থাকলে ম্যাচ শেষ করে দেব।” মোহিত জানিয়েছেন, ১০ নম্বরে ব্যাট করলেও তাঁর কোনও আক্ষেপ নেই। তাঁর কথায়, “১০ নম্বর আমার কাছে বরাবর সৌভাগ্যের সংখ্যা। ১০ নম্বরে ব্যাট করেই বেশি রান করেছি।” পাকিস্তান অত রান তোলায় দল কি ঘাবড়ে গিয়েছিল? কী আলোচনা হয়েছিল ইনিংস বিরতিতে? মোহিত বলেছেন, “ওরা রান করেছিল। আমরা বিশ্বাস রেখেছিলাম জিততে পারব। ব্যাটিং বিভাগ শক্তিশালী ছিল। পিচ পাটা ছিল। হাতে উইকেট থাকলে জিততে পারব, এই বিশ্বাস আমাদের ছিল। লক্ষ্য খুব ভাল খেলেছে শুরুতে। ও টিকে থাকলে একাই ম্যাচ শেষ করে দিতে পারত।” দলের কোচ এবং সাপোর্ট স্টাফেরা ফিনিশার হিসাবে তৈরি করেছেন মানালকে। তাঁদের আস্থার দাম দিতে পেরে খুশি মানাল। তিনি বলেছেন, “সাপোর্ট স্টাফেদের কৃতিত্ব প্রাপ্য। ওরা ফিনিশার হিসাবে আমার উপর বিশ্বাস রেখেছেন। শেষ পর্যন্ত পাশে ছিলেন। একটাই কথা বলেছেন, ক্রিজে নেমে সময়টা উপভোগ করো।” মানাল ক্রিজে নামার সময় প্রায় ১০০-র কাছাকাছি রান বাকি ছিল ভারতের। কী হিসাবে কষেছিলেন? মানালের জবাব, “নিজের উপর বিশ্বাস ছিল। রান করার সঙ্গে সঙ্গে হিসাব কষে গিয়েছি। ঠিক করেছিলাম, এক ওভারে একটা বাউন্ডারি এবং চারটে খুচরো রান নিতে পারলেই প্রতি ওভারে ১০-এর কাছাকাছি রান থাকবে। তাই প্রতি ওভারে একটা বড় শট খেলতে চেয়েছিলাম।” ভারতের ইনিংসের ১৪তম ওভারে পাকিস্তানের এক ফিল্ডারের ছোড়া বল এসে লেগেছিল আর্যবীরের হাতে। সেই ফিল্ডার ক্ষমা চাইলেও কব্জিতে চোট পেয়েছিলেন আর্যবীর। বেশি খেলতেও পারেননি। তবে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় সব ভুলে গিয়েছেন তিনি। বলেছেন, “এখন আর ব্যথা নেই। যা দেখলাম তা বিশ্বাসই করতে পারছি না। পেটে গুড়গুড় করছে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগের ম্যাচ। ওদের বিরুদ্ধে গত ম্যাচে কম রানে আউট হয়েছিলাম। আজ রান করতে মরিয়া ছিলাম। তাই হাতে লাগলেও পিছু হটিনি। ব্যথা করছিল। তবু জানতাম, আমি ক্রিজে থাকলে পাকিস্তান চাপে পড়বে।” আর্যবীর জানিয়েছেন, রাতের দিকে বাবা বীরেন্দ্রর সঙ্গে কথা বলবেন। ভারতের অধিনায়ক লক্ষ্যের বিশ্বাস ছিল, তাঁরা রান তাড়া করতে পারবেন। ব্যাটিং সহায়ক পিচ দেখেই বিশ্বাস এসেছিল। লক্ষ্যের কথায়, “আমাদের দলে ব্যাটিংয়ের শক্তি রয়েছে। আমরা ১১ জন ব্যাটার নিয়ে খেলি।”
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ দিন। আজকে দারুণ পারফরম্যান্সে এশিয়া কাপ জিতেছে। তরুণ ক্রিকেটারদের জন্য গর্বিত। তাদের সাফল্য বহু তরুণকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘সাবাশ ভারতের ছোটরা। অসাধারণ পারফরম্যান্স। ছোট শেহওয়াগের জন্য দারুণ টুর্নামেন্ট গেল। দলের বাকিরাও ভালো। বীরু নিশ্চয়ই গর্বিত হবে।’ আর ‘বীরু’ অর্থাৎ বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, ‘কী দারুণ একটা ম্যাচ। পাকিস্তানকে হারানো কঠিন কাজ। লক্ষ্য-আর্যবীররা ছাড়াও মানাল, মোহিতরা অলৌকিক পারফর্ম করেছে। তরুণ চ্যাম্পিয়নদের নিয়ে গর্বিত।’ এছাড়া ভারতের প্রশংসা করে পোস্ট করেছেন হরভজন সিং, ইরফান পাঠানরাও। কারা এই মানাল-মোহিত? যাঁরা শেষ পর্যন্ত আশার আলো জাগিয়ে ভারতকে ম্যাচ জেতাল? ১৮ বছরের মানালের জন্ম মধ্যপ্রদেশে। ছোটবেলা থেকেই ক্রিকেটে ধ্যানজ্ঞান। সেই জন্য বহুবার স্কুল ফাঁকি দিয়ে খেলতে চলে যেত। বাড়িতে মিথ্যা কথা বলার জন্য শাস্তিও পেয়েছে। কিন্তু মানালের কোচ রাজেশ তোমার তার মধ্যে প্রতিভা দেখতে পেয়েছিলেন বলে নিয়মিত সুযোগ করে দিতেন। মানালের নেতৃত্বে প্রথমবার কোচবিহার ট্রফি জেতে মধ্যপ্রদেশ। এবার ভারতকে জেতাল। মোহিত উলভা মূলত বোলার। তবে তার মধ্যে ভবিষ্যতের হার্দিক পাণ্ডিয়ার ছায়া দেখছেন অনেকে। বিশেষ করে এদিন যেমন মাথা ঠান্ডা করে ম্যাচ জেতাল, সেটার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটভক্তরা। গুজরাটের ১৮ বছর বয়সি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার ক্রিকেট অ্যাকাডেমি থেকে উঠে এসেছে। জাদেজার শৈশবের কোচ মহেন্দ্র সিং চৌহানই তাকে প্রশিক্ষণ দেয়। চলতি বছর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলার পর এশিয়া কাপের দলে জায়গা পায়।




