Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সুদীপের দ্বিশতরান, পেস আক্রমণে সামি, আকাশদীপের দাপট! রঞ্জির দ্বিতীয় দিন ৩৯৩ রান পিছিয়ে সার্ভিসেস, ঝুলিতে সম্বল ২ উইকেট

রঞ্জির চলতি মরসুমে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে সার্ভিসেসকে হারাতেই হবে বাংলাকে। গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দু’দিন দাপট দেখাল বাংলা। কল্যাণীর মাঠে দ্বিশতরান করলেন সুদীপ চট্টোপাধ্যায়। বাংলার তিন পেসার মহম্মদ সামি, আকাশদীপ ও সূরজ সিন্ধু জয়সওয়াল সার্ভিসেসের ৮ উইকেট ফেলে দিলেন। দ্বিতীয় দিনের শেষে বাংলার থেকে ৩৯৩ রান পিছিয়ে থাকা সার্ভিসেসের হাতে রয়েছে ২ উইকেট। প্রথম দিনই শতরান করেছিলেন সুদীপ। দ্বিতীয় দিনও ভাল ব্যাট করেন। শাকির হাবিব গান্ধীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৪৭ রান যোগ করেন সুদীপ। সেই জুটি সার্ভিসেসকে অনেক পিছিয়ে দেয়। দ্বিশতরান করেন সুদীপ। শেষ পর্যন্ত ২০৯ রান করে আউট হন বাংলার বাঁহাতি ওপেনার। ইনিংসে ১৮ চার ও একটি ছক্কা মারেন।

সুদীপ আউট হওয়ার পর অবশ্য বাংলার ইনিংস বেশি ক্ষণ স্থায়ী হয়নি। শাকির এক দিকে থাকলেও অপর প্রান্তে উইকেট পড়তে থাকে। সঙ্গীর অভাবে শতরান করতে পারেননি শাকির। ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। ৫১৯ রানে অল আউট হয় বাংলা।সার্ভিসেসের ওপেনিং জুটি খারাপ শুরু করেনি। শুভম রোহিল্লা ও গৌরব কোচর ৪১ রান করেন। সার্ভিসেসকে প্রথম ধাক্কা দেন শামি। গৌরবকে আউট করেন তিনি। তার পর ধস নামে সার্ভিসেসের ব্যাটিংয়ে। ৪১ রানে ১ উইকেট থেকে ৫৪ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। মোহিত অহলাওয়াতকেও আউট করেন শামি। শুভম ও রবি চৌহানের উইকেট নেন সূরজ। অধিনায়ক রজত পালিওয়ালকে আউট করেন আকাশদীপ। শুভম ও নকুল শর্মা ছাড়া সার্ভিসেসের কোনও ব্যাটার বাংলার পেসারদের সামনে দাঁড়াতে পারেননি। শুভম ৩০ রান করেন। নকুল ৩২ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনের শেষে সার্ভিসেসের রান ৮ উইকেটে ১২৬। আকাশদীপ ও সূরজ ৩ করে ও সামি ২ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পথে বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles