Thursday, July 30, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

সিএবি সভাপতি পদে প্রত্যাবর্তন মহারাজের, ৬ বছর পর মনোনয়ন জমা দিলেন সৌরভ গাঙ্গুলি

দ্বিতীয় বার সিএবি-র সভাপতি হওয়ার পথে আরও এক ধাপ এগোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইএর প্রাক্তন সভাপতি। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে ফিরছেন সৌরভ। ডেনে ভারতের প্রাক্তন অধিনায়ক ও তাঁর পুরো প্যানেল মনোনয়ন জমা দেন। সভাপতি পদে কোনও বিরোধী মনোনয়ন জমা না পড়ায় ৬ বছর পর বঙ্গ ক্রিকেটের প্রশাসনে সৌরভের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন এখন কার্যত সময়ের অপেক্ষা। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর সৌরভ আবার শীর্ষ পদে এলেন। ২২ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সে দিনই নির্বাচন সিএবিতে। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৌরভ এবং তাঁর প্যানেল এ দিনই মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হওয়ায় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ। সৌরভের প্যানেলের হয়ে সচিব পদে বাবলু কোলে, যুগ্ম সচিব পদে মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দাস এবং সহ-সভাপতি পদে নীতীশ রঞ্জন দত্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নিজের দল নিয়ে সৌরভ বলেন, “বাবলু কোলে খুবই অভিজ্ঞ। ওর মতো অভিজ্ঞ এবং জ্ঞানী লোককে পাশে পাওয়া সম্মানের ব্যাপার। নীতীশ রঞ্জন দত্ত, মদন মোহন ঘোষ এবং সঞ্জয় দাস প্রত্যেকেই বাংলার ক্রিকেটকে দীর্ঘ দিন চেনে। বাংলার ক্রিকেটের জন্য ওদের প্রত্যেকের অবদান ভবিষ্যতে কাজে লাগবে।”

ইডেনে সৌরভ বলেন, “আমি নির্বাচনের জন্য তৈরি ছিলাম। গত দেড় বছর ধরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গায় গাড়িতে চার-সাড়ে চার ঘণ্টা যাতায়াত করে সবার সঙ্গে সম্পর্ক ভাল রেখেছি। কিন্তু নির্বাচন হচ্ছে না, কী আর করা যাবে। সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই। সিএবি-তে কোনও বিপক্ষ নেই। সকলেই এই সংস্থার সদস্য। সিএবি এবং বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে একসঙ্গে কাজ করব। দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বেঙ্গল প্রো টি২০ লিগের মতো প্রতিযোগিতা ইডেনে হবে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কোনও সংস্থায় এ রকম হয় না। সব সামলেই এগিয়ে যেতে হবে।” ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন ‘দাদা’। ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্য সংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি-ও জানিয়ে দিয়েছে সৌরভের নাম। সৌরভই আবার বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles