Tuesday, July 28, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

মাঝপথেই সরতে চলেছেন গৌতম গম্ভীর?‌ প্রধান কোচের দায়িত্বে আসছেন সৌরভ গাঙ্গুলী!

ভারতীয় ক্রিকেট ক্রমবর্ধমান পরিবর্তনশীল কাঠামোর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। ব্লু ব্রিগেডদের সাফল্যের পিছনে অসংখ্য কর্মকর্তা যুক্ত। নির্বাচক প্যানেল থেকে ভারতীয় দলের কোচিং সদস্যরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। বর্তমানে প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীর দায়িত্ব পালন করছেন। তবে একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যেই ক্রিকেট মহলে সমালোচিত। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী কোচ হিসেবে পূর্ণ সময়ের জন্য এবার আত্মপ্রকাশ করতে চলেছেন। মহারাজের ভারতীয় দলের সঙ্গে আবারও যুক্ত হ‌ওয়ার বিষয়টি সময়ের অপেক্ষা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। রবি শাস্ত্রীর পর ভারতীয় দলে রাহুল দ্রাবিড় প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন। এরপর গৌতম গম্ভীর এই গুরুত্বপূর্ণ পদে নিজের দায়িত্ব পালন করছেন। সবচেয়ে বড়ো বিষয় হলো গত ১৪ বছরের বেশি সময় ধরে প্রধান কোচের দায়িত্ব ভারতীয়রাই জায়গা করে নিয়েছেন। এই বিষয়টিকেই মাথায় রেখে সৌরভ গাঙ্গুলীর পরবর্তী সময়ে এই দায়িত্ব আসতে পারেন বলে জল্পনা। অন্যতম সফল ভারতের অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছিলেন। ক্রিকেট প্রশাসক হিসেবেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীন তিনি নিয়েছিলেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আইপিএলেও দিল্লি ক্যাপিটালসেরসঙ্গে কোচিং সদস্য হিসেবে যুক্ত থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাংলার মহারাজ। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ‌তাকে প্রধান কোচ হিসাবের দায়িত্ব পালন করতে দেখা যাবে। প্রিটোরিয়া ক্যাপিটালস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। ফলে সৌরভ ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলার দাদা অধিনায়ক থাকাকালীন ভারতীয় দলে আত্মবিশ্বাস এনেছিলেন। তিনি বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, জাহির খান এবং মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের সুযোগ দিয়েছিলেন। দাদার তত্ত্বাবধানে এই তারকাদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা পাকা করে নিতে দেখা যায়। ফলে মহারাজের দূরদর্শী মনোভাব ভারতীয় দলের প্রধান কোচ হিসাবেও মূল্যবান হতে পারেন‌। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুত্বপূর্ণ পদে আসার ইচ্ছা রয়েছে বলেও সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন।

গৌতম গম্ভীর আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করার পর ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে জায়গা করে নিয়েছিলেন। তিনি গুরুত্বপূর্ণ পদে আসার পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছাড়া আর সেইভাবে দলকে সফলতা এনে দিতে পারেননি বিশ্বকাপ জয়ী এই তারকা। একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দল হারের সম্মুখীন হয়। এছাড়াও বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন আশ্বিন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পিছনে গৌতম গম্ভীরের প্ররোচনা ছিল বলে অনেকেই উল্লেখ করেছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা ইতিমধ্যেই তার পদত্যাগ চাইছেন। সূত্র বলছে, আসন্ন এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজগুলিতে ভারতীয় দল যদি ভালো পারফর্ম্যান্স করতে না পারে তাহলে ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগেই প্রধান কোচের দায়িত্ব থেকে এই তারকাকে সরে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles