অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত। বৃহস্পতি থেকে দলীপ ট্রফি দিয়ে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম শুরু হয়ে যাচ্ছে। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি নজর থাকবে মহম্মদ সামির ওপর। ইংল্যান্ড সফরের টিমে ছিলেন না। অস্ট্রেলিয়া সফরেও চোটের জন্য খেলতে পারেননি শামি। এশিয়া কাপের টিমে রাখা হয়নি। ভারতীয় দলে ফেরার জন্য এই টুর্নামেন্ট তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সামি সেটা ভালোরকম বুঝে গিয়েছেন ঘরোয়া টুর্নামেন্টে খেলেই ফিরতে চান। সাহসপুরে নিজের ফার্মহাউসে পিচ তৈরি করেছেন। সেখানেই নেটে বোলিং করেছেন। ট্রেনিং করে দলীপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। ঘরের মাঠে দুটো টেস্ট সিরিজ রয়েছে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে অবশ্য ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে ওয়ান ডে আর টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই জাতীয় দলে ফিরতে চাইছেন। ওই সিরিজকেই পাখির চোখ করেছেন তারকা পেসার। দলীপের ম্যাচগুলো তাঁর কাছে অ্যাসিড টেস্ট। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ক্যাপ্টেন করা হয়েছিল শুভমান গিলকে। কিন্তু অসুস্থতার জন্য শুভমন খেলছেন না। গিল না থাকলেও অর্শদীপ সিং, হর্ষিত রানা রয়েছেন। স্বাভাবিকভাবে তাঁদের উপরও যে নির্বাচকদের নজর থাকবে, সেটা বলে দেওয়াই যায়। এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন অর্শদীপ আর হর্ষিত। দু’জনেই শুধু দলীপের প্রথম ম্যাচে খেলবেন বলেই শোনা গেল।




