চাপে ভারত। ৮৭ রাহুলের। শুভমন খেলছেন ৭৮ রানে। ভারত ১৭৪/২। রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ভারতীয় বোলিংকে নির্বিষ করে ৬৬৯ রান করলেন বেন স্টোকসরা। রানের পাহাড়ে চড়ে তাঁরা ভারতের সামনে লিড রাখলেন ৩১১ রানের। ম্যাঞ্চেস্টারে শুভমানদের সামনে এখন ইনিংসে হার বাঁচানোর লড়াই। আর সেই লক্ষ্যে নেমে পরপর উইকেট খুইয়ে কার্যত ব্যাকফুটে ভারত। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস। ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার কার্যত পরিবর্তন করেন স্টোকস। বুমরাহ, জাদেজারা তাঁর সামনে বিশেষ কিছু করতে পারছিলেন না। ১৬৪ বলে সেঞ্চুরি করেছিলেন। বাকি ৪১ রান করলেন ৩৪ বলে। শেষমেশ জাদেজার বলে বাউন্ডারি লাইনের সামনে তাঁর ক্যাচ ধরলেন সাই সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস। ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন কার্স। তাঁকে ফেরান জাদেজাই। ততক্ষণে ৬৬৯ রানের পাহাড়ে চেপে বসেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। বুমরাহ এবং ওয়াশিংটন সুন্দর নেন ২টি করে উইকেট। সিরাজ এবং অংশুল কম্বোজ নেন ১টি করে উইকেট। এত রানের বোঝা মাথায় নিয়ে গিলরা দ্বিতীয় ইনিংসে কতটা লড়াই চালান, তার উপর নির্ভর করছে সিরিজে ভারতের ভাগ্য। কারণ, এই টেস্টে ড্র বা হার হলে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ভারত পরপর দুই উইকেট খোয়াল, তাতে চাপে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্রিস ওকসের চতুর্থ এবং পঞ্চম বলে একে একে সাজঘরে যশস্বী এবং সুদর্শন। ক্রিজে কেএল রাহুল এবং শুভমান গিল। ম্যাচ বাঁচাতে গেলে তাঁদের লৌহ কঠিন মানসিকতা নিয়ে ব্যাট করতে হবে।

ইংল্যান্ডের ভিসা পেয়েছেন নারায়ণ জগদীশন। রবিবার সকালে ইংল্যান্ড রওনা দেবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাঞ্চেস্টারেই শুভমন গিলদের সঙ্গে যোগ দেবেন। ঋষভ পন্থ চোট পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে পারবেন না। ভারতীয় দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ধ্রুব জুরেল। পন্থ চোট পাওয়ায় লর্ডসের মতো ম্যাঞ্চেস্টারেও তিনি উইকেট রক্ষা করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে সম্ভবত তিনিই প্রথম একাদশে ঢুকবেন। তবু সতর্কতা হিসাবে ওভাল টেস্টের জন্য দ্বিতীয় উইকেটরক্ষক দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেন কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকায় প্রথমে ঈশান কিশনের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারেরও চোট রয়েছে। তাঁকে না পাওয়ায় জগদীশনকে বেছে নিয়েছেন তাঁরা। মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটার জগদীশনের পারফরম্যান্স বিবেচনা করেই প্রথম বার টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করে দেন তামিলনাডুর ক্রিকেটার। ইংল্যান্ডের ভিসার জন্যও আবেদন করেন। শনিবার তাঁর ভিসার আবেদন মঞ্জুর হয়েছে। রবিবার সকালেই তিনি ইংল্যান্ডের বিমান ধরবেন। সে দিনই ম্যাঞ্চেস্টারে যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছিলেন ২৯ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। তার আগের দু’টি মরসুম তিনি খেলেন মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে। জগদীশনের নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্তার কথায়, ‘‘বেশ কিছু দিন ধরেই জগদীশনের উপর নজর ছিল। সম্পূর্ণ নিজের যোগ্যতাতেই টেস্ট দলে জায়গা করে নিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ কিছু দ্বিশত এবং ত্রিশতরানের ইনিংস খেলেছে। কয়েকটা বিশ্বরেকর্ডও গড়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে। আরও আগেই জাতীয় দলে সুযোগ পেতে পারত।’’ ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জগদীশনের। ৪৭.৫০ গড়ে ৩৩৭৩ রান করেছেন। ১০টি শতরান এবং ১৪টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। ১৩৩টি ক্যাচ ধরেছেন। ১৪ জন ব্যাটারকে স্টাম্পড করেছেন। ঘরোয়া স্তরে তিন ধরনের ক্রিকেটেই সফল জগদীশন।

অবশেষে সূচি ঘোষিত হল এশিয়া কাপের। টুর্নামেন্ট নিয়ে চলছিল জল্পনা। এসিসি-র বার্ষিক সাধারণ সভাতেও নিশ্চিত করা যায়নি ক্রীড়াসূচি। এশিয়া কাপের দিনক্ষণ জানিয়ে দিলেন এসিসি-র চেয়ারম্যান মহসিন নকভি। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান
সুপার ৪
২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১
ফাইনাল ২৮ সেপ্টেম্বর




