Top 5 This Week

spot_img

Related Posts

বাল্যবিবাহ রোধে আরও কড়া রাজ্য!‌ প্রমাণ মিললে আইনি ব্যবস্থা পুরোহিতদের বিরুদ্ধেও

RK NEWZ বাল্যবিবাহ রুখতে এবার আরও কড়া কলকাতা পুলিশ। নাবালক-নাবালিকার বিয়ে দেওয়ার অভিযোগ উঠলে শুধু পরিবারের সদস্যরাই নন, বিয়েতে যাঁরা পৌরোহিত্য করছেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। এমনকী, এই অবৈধ বিয়ের সঙ্গে তাঁরা জড়িত থাকার প্রমাণ মিললে দায়ের হতে পারে মামলা। প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে তাঁদের। শুক্রবার অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে প্রত্যেক থানার ওসি ও লালবাজারের কর্তাদের এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা পুলিশ কমিশনারের। লালবাজারের সূত্র জানিয়েছে, শহরের প্রত্যেক থানার আধিকারিককে নিজের এলাকায় যাঁরা বিয়ের পৌরোহিত্য করেন, এমন সব ধর্মের ব্যক্তিদের নিয়ে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিষেধ আইনের বিভিন্ন ধারা ও আইনি পরিণতি সম্পর্কে তাঁদের জানাতে বলা হয়। নাবালক-নাবালিকার বিয়ে দিলে কী কী শাস্তি হতে পারে, তা তাঁদের স্পষ্ট করে বুঝিয়ে দিতেও বলা হয়েছে।

এদিকে, বাল্যবিবাহের প্রবণতা রুখতে স্কুলগুলিতে বিশেষ সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। শহরে যে এলাকাগুলি থেকে বাল্যবিবাহের অভিযোগ বেশি আসে, সেগুলিতে বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে। থানার বিট অফিসাররা যেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে বাল্যবিবাহের বিষয়ে খোঁজখবর নেন, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। কোথাও নাবালক বা নাবালিকার বিয়ের আয়োজন হচ্ছে কি না, সেই ব্যাপারে আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ওই বৈঠকে সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন লালবাজারের কর্তারা। শহরের বাসিন্দাদের অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করতে আরও বেশি সংখ্যায় বিট মিটিং করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। কীভাবে সাইবার জালিয়াতির ফাঁদ এড়ানো যায়, সে বিষয়ে বিভিন্ন এলাকায় গিয়ে আরও বেশি প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরে চুরি-সহ কয়েকটি অপরাধ বেড়েছে বলে পুলিশ আধিকারিকদের সতর্ক করেন লালবাজারের কর্তারা। ওই অপরাধগুলির প্যাটার্ন ধরে সেগুলি কীভাবে কমানো যায়, তা নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles