Top 5 This Week

spot_img

Related Posts

বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে লাগাম! ৫ শতাংশের বেশি হলে ফেরত বা ‘অ্যাডজাস্টে’র প্রস্তাব নবান্নের

RK NEWZ বেসরকারি স্কুলের ফি ৫ শতাংশের বেশি বাড়লে বাড়তি টাকা ফেরত বা পরের সেমেস্টারে সমন্বয় করার প্রস্তাব। ১ ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত। রাজ্যের বেসরকারি অনুদানহীন স্কুলগুলির ফি নিয়ন্ত্রণ এবং স্কুলগুলির অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য নিউটাউনের হিডকো সংলগ্ন নিউটাউন কনভেনশন সেন্টারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। ২৬ নভেম্বরের এই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী, স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি পাহাড়-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেসরকারি স্কুল ও স্কুল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দেন। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, স্কুলগুলির স্বাভাবিক কাজকর্ম পরিচালনায় স্কুল শিক্ষা দফতর সর্বাত্মক সহযোগিতা করবে এবং স্কুলগুলির কাছ থেকে পরামর্শ ও মতামতও আহ্বান করেন। তবে কিছু বেসরকারি স্কুলের ক্রমবর্ধমান ফি কাঠামো এবং তার ফলে অভিভাবকদের ওপর যে আর্থিক চাপ পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফি বৃদ্ধি ও আর্থিক বোঝা

অত্যধিক এবং ঘনঘন স্কুল ফি বৃদ্ধি জনস্বার্থের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে বৈঠকে পর্যবেক্ষণ করা হয়। স্কুলগুলির ফি কাঠামো ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকার বহু অভিযোগ পেয়েছে বলে উঠে আসে আলোচনায়। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক সমস্যার দিকটি তুলে ধরে স্কুলগুলিকে সংবেদনশীল হওয়ার এবং এমন কোনও সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপে।

সাংবিধানিক ও নীতিগত দিক

মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা ভারতের সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত বিষয় এবং এ ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই দায়িত্ব রয়েছে। ডঃ বি আর আম্বেদকরের সাংবিধানিক দৃষ্টিভঙ্গি এবং মৌলিক অধিকার হিসেবে শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে, মানসম্মত শিক্ষায় সবার সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দল শাসিত একাধিক রাজ্য ইতিমধ্যেই বেসরকারি অনুদানহীন স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন বা নিয়ন্ত্রক ব্যবস্থা এনেছে বলেও উল্লেখ করা হয়। এছাড়া, ফি বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যা ভারতী এবং রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের তুলনামূলক সংযত অবস্থানের উদাহরণও তুলে ধরা হয়।

সরকারের অবস্থান

মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, সমস্ত স্টেকহোল্ডার বা পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে আগ্রহী সরকার। কঠোর আইনি পদক্ষেপের চেয়ে স্কুলগুলির স্ব-নিয়ন্ত্রণ বা সেলফ-রেগুলেশন বেশি কাম্য বলে জোর দেওয়া হয়। তবে সন্তোষজনক সহমত তৈরি না হলে সরকার উপযুক্ত আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে বাধ্য হবে।

বিশেষ কমিটি ও ৫ শতাংশের বেশি ফি বৃদ্ধির প্রস্তাব

বৈঠকে স্কুল ফি খতিয়ে দেখা এবং অন্যান্য সমস্যা মেটানোর জন্য বেশ কিছু প্রস্তাব আলোচিত হয়:

আগামী ১ ডিসেম্বরের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিত্ব নিয়ে ১০ থেকে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

এই কমিটিতে সরকারি প্রতিনিধি, বেসরকারি অনুদানহীন স্কুলের প্রতিনিধি, অভিভাবক এবং রাজ্যের পাহাড় অঞ্চলের প্রতিনিধিত্ব-সহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ থাকবেন।

কমিটি বর্তমান ফি কাঠামো, অভিভাবকদের উদ্বেগ এবং স্কুলগুলির আর্থিক ও প্রশাসনিক সীমাবদ্ধতাগুলি খতিয়ে দেখবে।

চলতি অর্থবর্ষে বেসরকারি স্কুলগুলির ৫ শতাংশের বেশি ফি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, যেখানেই ফি বৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে, সেখানে বাড়তি টাকা অভিভাবকদের ফিরিয়ে দিতে হবে অথবা পরবর্তী সেমেস্টার বা শিক্ষাবর্ষে দেয় ফি-র সঙ্গে সমন্বয় (অ্যাডজাস্ট) করতে হবে। শিক্ষার মানে আপস না করে এবং অভিভাবকদের উপর অযথা আর্থিক চাপ না দিয়ে একটি ভারসাম্যপূর্ণ পথ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। কমিটি বিষয়গুলি সার্বিকভাবে খতিয়ে দেখে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেবে।

আইন প্রণয়নের ইঙ্গিত ও অভিযোগ নিষ্পত্তির ডিজিটাল উদ্যোগ

মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, কমিটির সুপারিশ খতিয়ে দেখবে সরকার এবং ৫ শতাংশের বেশি ফি ফেরত বা সমন্বয়ের মতো স্ব-নিয়ন্ত্রণের শর্ত মানা না হলে, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি খতিয়ে দেখা হবে।

পাশাপাশি, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল উদ্যোগ হিসেবে একাধিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। স্কুল ফি এবং সংশ্লিষ্ট বিষয়ে মতামত, পরামর্শ বা অভিযোগ জানানোর জন্য অভিভাবকদের জন্য একটি নির্দিষ্ট অনলাইন অভিযোগ পোর্টাল তৈরি করা হবে। এই অভিযোগগুলি সম্পূর্ণ গোপন বা অ্যানোনিমাস থাকবে এবং অভিযোগকারীর নাম স্কুলগুলিকে জানানো হবে না। অন্যদিকে, স্কুলগুলির অসুবিধা, পরিচালনগত চ্যালেঞ্জ ও বিশেষ চাহিদা বোঝার জন্য বেসরকারি স্কুলগুলির জন্যও একটি পোর্টাল তৈরি করা হবে। স্কুল ও অভিভাবকদের তোলা এই সমস্যাগুলি বিশেষ কমিটি খতিয়ে দেখবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো অভিযোগ নিষ্পত্তির চেষ্টা করবে সরকার।

নিয়মিত বৈঠক, প্রপার্টি ট্যাক্স ও অন্যান্য সিদ্ধান্ত

বৈঠকে জানানো হয়, বর্তমান আলোচনা প্রক্রিয়া ভবিষ্যতেও ভার্চুয়াল ও সশরীরে—উভয়ভাবেই চলবে। প্রস্তাব অনুযায়ী, প্রতি মাসে একবার ভার্চুয়াল বৈঠক এবং প্রায় দুই মাস অন্তর সশরীরে বৈঠক আয়োজন করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও বেসরকারি স্কুলগুলির সঙ্গে আরও আলোচনা হবে।

এছাড়া বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে:

ইউডিএমএ দফতর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, স্কুলগুলির বর্গফুট হিসেবে এলাকা না বাড়লে চলতি বছরে তাদের বর্তমান প্রপার্টি ট্যাক্স বাড়ানো হবে না।

ভাষানীতি জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী হবে।

এনওসি পেতে দেরির অভিযোগের ক্ষেত্রে, আরটিপিএস আইনের বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একই প্রাঙ্গণে প্রাইমারি এবং আপার প্রাইমারি বিভাগের জন্য আলাদা ইউডাইস কোড থাকার সমস্যা নিয়ে একটি ইউডাইস কোডের দাবি ওঠে—যা ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকটি স্কুল তাদের পঠনপাঠন ও পরিকাঠামোর মান, শিক্ষকদের গুণগত মান এবং শিক্ষণ পদ্ধতির কথা তুলে ধরে। ঠিক হয়েছে, কমিটি নির্দিষ্ট ক্ষেত্রগুলি খতিয়ে দেখে সুপারিশ করতে পারবে এবং শিক্ষার মান ও বস্তুনিষ্ঠ মাপকাঠির ভিত্তিতে ক্ষেত্রভিত্তিক ফি সংশোধনের বিষয়টিও কমিটি দেখতে পারবে।

বিভিন্ন বোর্ডের অধীনস্থ স্কুলগুলির আলাদা অ্যাকাডেমিক ক্যালেন্ডারের কারণে ইউডাইস ডেটা আপলোড করতে সমস্যার কথাও ওঠে, যা খতিয়ে দেখে নির্দিষ্ট ক্ষেত্রে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles