Top 5 This Week

spot_img

Related Posts

সব বয়সে নিঃশব্দে বাড়ছে হৃদরোগের ঝুঁকি!‌ ‘হার্ট ভালো রাখার আর্ট’ সিজন ২-এ সতর্কবার্তা চিকিৎসকদের

RK NEWZ হৃদরোগ এখন আর শুধুমাত্র প্রবীণদের অসুখ নয়, আট থেকে আশি, সকলের দরজাতেই কড়া নাড়তে পারে। বদলে যাওয়া জীবনযাত্রায় হার্ট ভালো রাখার মন্ত্র কী, কী করবেন আর কী-ই বা এড়িয়ে চলবেন- এই জরুরি প্রশ্নগুলো সামনে রেখে শুক্রবার কলকাতা টাউন হলে বসল বিশিষ্ট চিকিৎসকদের আলোচনার আসর ‘হার্ট ভালো রাখার আর্ট’ সিজন ২। আলোচনা করলেন প্রবীণ চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়, কার্ডিওলজিস্ট ডাঃ কুণাল সরকার, কার্ডিওলজিস্ট ডাঃ দিলীপ কুমার, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সুস্থ হৃদয়ের চাবিকাঠি নিয়ে যে বার্তা দিলেন তাঁরা- বাইরে থেকে সবসময় বোঝা যায় না, ভেতরেই লুকিয়ে থাকে বিপদ! ‘সাইলেন্ট হার্ট ডিজিজ’ নিয়ে সতর্ক করলেন বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। তিনি জানান, বিশেষ কিছু পরিস্থিতি বাদ দিলে বাইরে থেকে দেখে রোগ নির্ণয় করা কঠিন। রোগীর সঙ্গে কথা বলেই তাঁর ভেতরের সমস্যা বুঝতে হয়। অনেক সময় হঠাৎ করে কোনও বড় বিপদ বা দুর্ঘটনা ঘটে গেলে মনে হয় বিষয়টি আকস্মিক, কিন্তু আসলে তার পিছনে দীর্ঘদিনের অজানা কোনও রোগ লুকিয়ে থাকে। ডাঃ মুখোপাধ্যায়ের মতে, অনেক রোগেরই কোনও বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় না, কিংবা প্রকাশ পেলেও তার আকার-প্রকার ঠিকমতো বোঝা যায় না। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সবসময় স্পষ্ট উপসর্গ পাওয়া যায় না। এই ধরনের নীরব রোগ অত্যন্ত বিশ্বাসঘাতক হতে পারে। শরীরের যে কোনও অঙ্গেই এটি হতে পারে, তবে বেঁচে থাকার জন্য হার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হওয়ায় এখানে সমস্যা হলে ঝুঁকি অনেক বেড়ে যায়। তিনি স্পষ্ট করেন, কোনও উপসর্গ ছাড়াই বা ‘অ্যাসিম্পটমেটিক’ অবস্থায় হার্টের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসক জানান, অনেক সময় রোগী নিজেই জানেন না যে তাঁর ভেতরে উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসার) বা ব্লাড সুগার রয়েছে। আবার পরীক্ষা না করালে লিপিডের মাত্রাও বোঝা সম্ভব নয়। এর পাশাপাশি জিনগত বা বংশগত কারণও (জেনেটিক্স) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমান জীবনযাত্রা বা লাইফস্টাইলের কারণে আমাদের দেশে এখন চল্লিশ বছরের কম বয়সীদের মধ্যেও হৃদরোগের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মনে করেন ডাঃ মুখোপাধ্যায়। এক্ষেত্রে তিনি জানান, অনেক সময় রোগীরা নিজের শারীরিক অস্বস্তি ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন না। যেমন—কারও হয়তো বুকে ব্যথা হচ্ছে, কিন্তু তিনি চিকিৎসককে জানালেন তাঁর পিঠে ব্যথা করছে। এতে রোগ নির্ণয়ে জটিলতা তৈরি হয়। আবার অনেক অসুখ আছে যা দেখতে হার্টের সমস্যার মতো মনে হলেও আদতে তা কার্ডিয়াক সমস্যা নয়। তাই ডাঃ সুকুমার মুখোপাধ্যায়ের পরামর্শ, চিকিৎসকদের উচিত রোগীর কাছ থেকে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তাঁর শারীরিক ইতিহাস (হিস্ট্রি) জেনে নেওয়া। রোগীর কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং তাঁর পরিবারে হৃদরোগের কোনও ইতিহাস আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। বুকে চাপ চাপ লাগা, অস্বস্তি হওয়া, এমন উপসর্গ দেখা দেওয়ার এক ঘণ্টার মধ্যে অনেক সময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এর পিছনে একাধিক কারণ রয়েছে। ডাঃ দিলীপ কুমারের মতে, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, অ্যারিদমিয়া বা হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়া, অন্যতম কারণ। কার্ডিয়াক অ্যারেস্টের নেপথ্যে সবচেয়ে বেশি দায়ী ধমনীর ব্লকেজ। প্রায় ৮৫-৯০ শতাংশ ক্ষেত্রে এর সঙ্গে ধমনীর সমস্যার যোগ থাকে বলেই মনে করেন তিনি।

এছাড়া হাই কোলেস্টেরল থাকলেও হৃদরোগের ঝুঁকি বাড়ে। ডাঃ কুমার বলেন, নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করা জরুরি। বিষয়টি অবহেলা করে ফেলে রাখা ঠিক নয় বলে মনে করেন তিনি। বুকে অস্বস্তি বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া পরামর্শ দেন।

জিন কাজ করে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে?

ডাঃ কুমারের মতে, জিন বড় ভূমিকা পালন করে। কিছুটা হলেও জিন নির্ধারণ করে কখন হার্ট অ্যাটাক হতে পারে। পাশ্চাত্য দেশে হৃদরোগের প্রকোপ তুলনামূলক কম এবং রোগের মাত্রা অনেক ক্ষেত্রে এমন থাকে, যাতে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে সাধারণত ৭০-৮০ বছর বয়সে হৃদরোগ দেখা যায়। কিন্তু ভারতে অনেক কম বয়সেই হৃদরোগ হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা সংগীতশিল্পী কে কে-র কথা উল্লেখ করেন। আরও একটি বিষয় ডাঃ কুমার জানান, ভারতীয়দের ধমনী বা আর্টারি তুলনামূলক ছোট। অন্যদিকে, পাশ্চাত্যের মানুষদের ধমনীর আকার অনেকটাই বড়। এই পার্থক্যও হৃদরোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই সচেতন হতেই হবে, জিনগত হৃদরোগের ঝুঁকি থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন। হৃদরোগের নেপথ্য কারণ ও ভারতের আর্থ-সামাজিক বাস্তবতা নিয়ে অত্যন্ত তীক্ষ্ণ এবং চমকপ্রদ বিশ্লেষণ করেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন ডাঃ কুণাল সরকার।

ডাঃ সরকারের মতে, মানুষের শরীরের ভেতরে ২৫০ থেকে ৩০০ গ্রামের এমন একটি পেশি (মাসেল) তৈরি করা হয়েছে, যাকে বিরামহীনভাবে নিজে থেকেই কাজ করে যেতে হয়। প্রকৃতির এই সৃষ্টিকেই তিনি কিছুটা রসিকতার ছলে ‘সৃষ্টির ভুল’ বা ‘মিস্টেক অফ নেচার’ বলে অভিহিত করেছেন।

উদাহরণ টেনে তিনি জানান, একটি ছোট পাখির বিপাকীয় হার (মেটাবলিক অ্যাক্টিভিটি রেট) মানুষের তুলনায় ২০০ গুণ বেশি, অথচ তার হার্টে কোনো ধমনী বা আর্টারি নেই। এমনকি কুমিরের মতো প্রাণীর হার্টেও আর্টারি থাকে না। প্রকৃতি তাদের হার্ট তৈরি করেছে অনেকটা স্পঞ্জের মতো—স্পঞ্জ যেমন জল শুষে নেয়, তাদের হার্টও সেভাবেই নিজে থেকে রক্ত টেনে নেয়। ফলে তাদের না লাগে কোনও আইসিসিইউ (ICCU), না হয় বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক।

সেলিব্রিটিদের আড়ালে সাধারণ মানুষের হাহাকার

বর্তমানে কোনও সেলিব্রিটি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু এর আড়ালে থাকা অসংখ্য সাধারণ মানুষের কথা মনে করিয়ে দিয়ে ডাঃ সরকার এক ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ভারতে এক রাতেই প্রায় আড়াই লক্ষ মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অথচ সাধারণ মানুষের মধ্যে না আছে এই রোগ সম্পর্কে সঠিক ধারণা, না আছে চিকিৎসা সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান।

হৃদরোগের আলোচনায় ডায়াবেটিসকে বাদ দেওয়া অসম্ভব বলে মনে করেন এই চিকিৎসক। তাঁর মতে, এই রোগের বোঝা মূলত আর্থ-সামাজিক (সোশিও-ইকোনমিক)। যে দেশ যত বেশি দরিদ্র ছিল এবং যে দেশের মানুষকে শতকের পর শতক ধরে কার্বোহাইড্রেট-নির্ভর খাদ্যাভ্যাসের ওপর টিকে থাকতে হয়েছে, সেখানে ডায়াবেটিসের প্রকোপ তত বেশি।

ভারতের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি কটাক্ষের সুরে বলেন, দেশে ডায়াবেটিস এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আধার কার্ড না থাকলেও চলবে, ব্লাড সুগার থাকলেই বোধহয় ভোট দেওয়া যাবে!

সবশেষে চিকিৎসার সুযোগ বা ‘অ্যাক্সেস অফ ট্রিটমেন্ট’-এর অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডাঃ কুণাল সরকার। তিনি মনে করিয়ে দেন, আজও ভারতের প্রায় ৪০ শতাংশ মানুষ রোগ প্রতিরোধ (প্রিভেনশন) কিংবা সঠিক চিকিৎসা—কোনওটিরই নাগাল পাচ্ছেন না। হার্টের পরীক্ষা করানোর ক্ষেত্রে বাঙালিরা অনেকটাই পিছিয়ে রয়েছেন। হৃদরোগের ঝুঁকির ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য নেই। তাই প্রত্যেককেই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে বলে মনে করেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সুস্থ থাকতে গেলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরি। নারী ও পুরুষ, উভয়েরই এই বিষয়টি বোঝা প্রয়োজন বলে জানান।

দ্য ওয়াল হার্ট ভালো রাখার আর্ট সিজন ২-এ বক্তব্য রাখতে গিয়ে ডাঃ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে ধারণা ছিল, ঋতুস্রাবের সময় মহিলাদের হৃদস্পন্দনের হার কম থাকে। কিন্তু এই ধারণা ঠিক নয়। হৃদরোগের সমস্যা নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই একইভাবে দেখা দিতে পারে। ফলে লিঙ্গের ভিত্তিতে হৃদরোগের ঝুঁকি বিচার করা ঠিক নয়।’

ডাঃ কুমারের মতো ডাঃ বন্দ্যোপাধ্যায়ও মনে করেন হৃদরোগের ক্ষেত্রে জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের বাবা-মা বা অন্য কারও ব্লাড সুগার, রক্তচাপের সমস্যা থাকলে কিংবা কম বয়সে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে নারী-পুরুষ উভয়কেই সতর্ক হওয়ার পরামর্শ দেন।

নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর মা তাঁদের ভালোর কথা ভেবে উপবাস করতেন। তবে বর্তমান সময়ের মহিলারা অনেক বেশি প্রগতিশীল এবং খাদ্যাভ্যাসের দিকেও নজর রাখেন। গ্রামের মহিলারা এখনও কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকলেও নিজেদের অধিকার সম্পর্কে তাঁরা যথেষ্ট সচেতন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles