Top 5 This Week

spot_img

Related Posts

‘এনকাউন্টার’ করে সরকারের কাছে ভাল হতে চেয়েছে পুলিশ! ‘সুপারি দিয়েছিল, মারিনি বলে ফাঁসিয়েছে’! গুলি খেয়ে দাবি প্রতাপের

RK NEWZ স্বামী পুলিশকে গুলি করে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযোগ। তবে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন বৃহস্পতিবার রাতেই। ফোনে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু পুলিশই সেটা করতে দেয়নি। ‘এনকাউন্টার’ করে সরকারের কাছে ভাল হতে চেয়েছে পুলিশ! এমনই দাবি আসানসোলে ‘এনকাউন্টারে’ জখম প্রতাপ দাসের স্ত্রী নীতু দেবীর। অন্য দিকে, গুলিবিদ্ধ প্রতাপকে হাসপাতালে ভর্তি করানোর সময় তিনি কাতরাতে কাতরাতে বললেন, ‘‘আমায় ফাঁসিয়েছে মুসাফির। আমায় সুপারি দিয়েছিল লোককে মারতে। মারিনি। তাই…।’’ একটি সাইবার প্রতারণা সংক্রান্ত মামলায় প্রতাপকে খুঁজছিল পুলিশ। বুধবার আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে তাঁকে ধরেও ফেলে তারা। কিন্তু প্রতাপ পুলিশকে গুলি ছুড়ে পালান বলে অভিযোগ। শুক্রবার ইসমাইল এলাকা থেকেই প্রতাপকে পাকড়াও করা হয়েছে। যদিও এ বারও তিনি পুলিশকে গুলি ছুড়েছিলেন বলে অভিযোগ। পাল্টা গুলিতে জখম হন। ডান পায়ে গুলি লাগে। বর্তমানে তাঁকে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছে। খানিক সুস্থ হলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করাবে। প্রতাপকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জনৈক মুসাফিরের নাম বলেন তিনি। দাবি করেছেন, তাঁকে খুনের বরাত দিয়েছিলেন ওই ব্যক্তি। তিনি রাজি না হওয়ায় ফাঁসানো হয়েছে। কে ওই মুসাফির তা জানা যায়নি। প্রতাপের কথার সত্যতা কতটা তা-ও তদন্তসাপেক্ষ। ছেলে যে ‘সুবোধ’ নন, তা বলছেন মা রঞ্জনা দাস। তবে মহিলার অভিযোগ, পুত্রকে ভাল থাকতে দিচ্ছেন না ‘প্রভাবশালীরা’। প্রতাপের মায়ের কথায়, ‘‘বদমায়েশি তো করেছে। তবে যা করেছে, আগে করেছে। তার শাস্তিও পেয়েছে। জেল হয়েছে। বেলও পেয়েছে। ২ বছর ও কোনও অপরাধ করেনি। পুলিশ নিজেদের কাজ করানোর জন্য ওকে টানছে। ও যখন ভাল হতে চাইছে, তখন হতে দিচ্ছে না। কিন্তু আমাদের কথা শুনবে কে?’’ রঞ্জনার দাবি, শুক্রবার প্রতাপ আদালতে যাচ্ছিলেন। একই কথা বলছেন প্রতাপের স্ত্রী। তাঁর আঙুল পুলিশের দিকে। প্রতাপের স্ত্রী বলেন, ‘‘পুলিশ ওকে আত্মসমর্পণ করতে দেয়নি। রাতে আমার ননদের ফোনে যোগাযোগ করেছিল। তখন পুলিশও উপস্থিত ছিল। ও বলেছিল, পুলিশের হাতে যাব না। আদালতে সারেন্ডার (আত্মসমর্পণ) করব। শুক্রবার ও আত্মসমর্পণ করতেই যাচ্ছিল। কিন্তু পুলিশ বাহবা নিতে এনকাউন্টার করল।’’ তাঁর দাবি, পুলিশের হাতে বিভিন্ন ভয়েস রেকর্ডিং রয়েছে। সেগুলো যদি তারা আদালতে জমা দেয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, তা হলে পরিষ্কার হবে এ বার কোনও অপরাধে জড়াতে চাননি তাঁর স্বামী।

২৫ বছরের প্রতাপের নামে অসংখ্য মামলা। ছোট থেকেই অপরাধপ্রবণ বলে অভিযোগ। নাবালক থাকাকালীন একাধিক দুষ্কর্ম, অপরাধে জড়িয়েছিল সে। শার্পশুটারের হাত থেকে বন্দুক নিয়ে ‘টার্গেডে’ গুলি চালাতেও হাত কাঁপেনি! আসানসোলে পুলিশের গুলিতে জখম সাইবার প্রতারক প্রতাপ দাসের ঝুলিতে রয়েছে অসংখ্য অপরাধ। একাধিক মামলাও রয়েছে প্রতাপের বিরুদ্ধে। বুধবার গ্রেপ্তারির আশঙ্কায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল সাইবার প্রতারক প্রতাপ দাস। শুক্রবার ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে ডেরা থেকে অভিযুক্তকে খুঁজে বের করেন তদন্তকারীরা। ফের পালাতে আগ্নেয়াস্ত্রকেই হাতিয়ার করেন সে। পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালানোর চেষ্টা করে। এবার পুলিশের এনকাউন্টারে জখম প্রতাপ। তার পায়ে গুলি লেগেছে বলে খবর। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তাঁর চিকিৎসা চলছে। পুলিশ বলছে, কিশোর বয়স থেকেই অপরাধে হাতেখড়ি হয়েছিল তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোর বয়সে পেট্রল পাম্পে ডাকাতিতে প্রতাপের নাম জড়ায়। মদের দোকানেও লুটে অভিযুক্ত প্রতাপ। কিশোর বয়সেই পুলিশের খাতায় নাম উঠেছিল। গ্রেপ্তারের পর জুভেনাইল আদালতে যাওয়া। সেখান থেকেই সংশোধনের জন্য হোমযাত্রা। তবে হোম থেকে ছাড়া পেয়েও অপরাধপ্রবণতা কিছুমাত্র কমেনি প্রতাপের। বরং ক্রমেই আরও অপরাধের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। আসানসোল, দুর্গাপুরের সীমানা ছাড়িয়ে বাঁকুড়া, পুরুলিয়াতেও তাঁর অপরাধের অভিযোগ আসতে থাকে। ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গাতেও অপরাধে হাত পাকান প্রতাপ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক চালাতেও অত্যন্ত দক্ষ প্রতাপ। যে কোনও পরিস্থিতি দ্রুতগতিতে বাইক চালিয়ে এলাকা ছাড়তেও তাঁর জুড়ি মেলা ভার। সেজন্য একটা সময়ের পর থেকে শার্পশুটাররা তাঁকে বাইক চালানোর কাজে নিতে শুরু করে! মোটা টাকায় তাঁকে অপারেশনে বাইক চালানর জন্য নেওয়া হত। অভিযোগ, বাঁকুড়ায় এক ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগও উঠেছিল প্রতাপের বিরুদ্ধে। অভিযোগ, শার্পশুটারের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালাতেও তাঁর হাত কাঁপেনি। ঘনিষ্ঠ মহলে খবর, ওই এলাকার অপরাধ জগতের মাথা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। সেজন্য ক্রমেই তাঁর অপরাধের পরিধি বাড়তে থাকে। ক্রমে জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত হন প্রতাপ। মাত্র ২৫ বছর বয়সেই অসংখ্য অভিযোগ তাঁর বিরুদ্ধে। একাধিক থানায় পুলিশের খাতায় মামলা। ক্রমেই এই নেটওয়ার্ক বাড়তে থাকে। প্রতাপের সঙ্গে কারা অপরাধে জড়িয়ে? তাঁকে জেরা করে সেই তথ্য পেতে চাইছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles