Top 5 This Week

spot_img

Related Posts

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা,দৌড়বেন বিশ্বমানের অ্যাথলেটরা!নেতৃত্বে কেনিয়ার ইসাইয়া লাসোই ও ইথিওপিয়ার দেগিতু আজিমেরা

RK NEWZ কেনিয়ার ইসাইয়া কিপকোচ লাসোই এবং ইথিওপিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দেগিতু আজিমেরাও যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে নেতৃত্ব দিতে চলেছেন টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার ১১তম সংস্করণের আন্তর্জাতিক এলিট অ্যাথলেটদের তালিকায়। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেসটি অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। দ্রুতগতির রেস কোর্স এবং অনুকূল আবহাওয়ার সম্ভাবনা নিয়ে ‘আমার কলকাতা। সোনার কলকাতা’ প্রস্তুত বিশ্বের অন্যতম সেরা দূরপাল্লার দৌড়বিদদের বিশ্বসেরা সময়ের লক্ষ্যে ছুটতে দেখার জন্য। ১,৭৪,২৯৬ মার্কিন ডলার পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সমান পুরস্কারমূল্য রাখা হয়েছে। দুই বিভাগেই প্রথম তিন স্থানাধিকারী পাবেন যথাক্রমে ১৫,০০০, ১০,০০০ এবং ৭,০০০ মার্কিন ডলার। প্রতিযোগিতার আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলবে ৮,০০০ মার্কিন ডলারের ইভেন্ট রেকর্ড বোনাস। ২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত ভিডিএইচএম-এ লাসোই ৬০ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। পরের বছর কোপেনহেগেনে তিনি নিজের ব্যক্তিগত সেরা সময় ৫৮ মিনিট ১০ সেকেন্ড করেন। এ বছরের আন্তর্জাতিক এলিট তালিকায় দ্রুততম প্রবেশকারী লাসোই একজন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্ল্যাটিনাম লেবেল অ্যাথলেট। ২০২৬ সালের গুয়াদালাহারা হাফ ম্যারাথনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৫ সালে তিনি বস্টন হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হন এবং একই বছরে কোপেনহেগেন ও রাস আল খাইমা হাফ ম্যারাথনে তৃতীয় স্থান অর্জন করেন। চলতি বছর টিসিএস আমস্টারডাম ম্যারাথনে ২ ঘণ্টা ৪ মিনিট ৫৭ সেকেন্ড সময় করে ম্যারাথনে অভিষেকও হয়েছে তাঁর। লাসোই বলেন, “টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় আমি প্রথমবারের মতো ২৫ কিমি দৌড়ে অংশ নিতে চলেছি। এই দূরত্বে একটি স্মরণীয় দৌড়ের অভিজ্ঞতা অর্জনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

কলকাতায় আগে প্রতিদ্বন্দ্বিতা করা চ্যাম্পিয়ন ও অ্যাথলেটরা বারবার এই শহরে ফিরে আসতে ভালোবাসেন। ২০২৬ সালের সংস্করণও তার ব্যতিক্রম নয়। উগান্ডার স্টিফেন কিসা, যিনি ২০২৪ সালে কলকাতায় ১ ঘণ্টা ১২ মিনিট ৩৩ সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং মহিলাদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইথিওপিয়ার দেগিতু আজিমেরাও আবারও এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। ২০২০ সালের এডিএইচএম-এ ৫৮ মিনিট ৫৬ সেকেন্ড সময় করে হাফ ম্যারাথনে ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েছিলেন কিসা। পুরুষদের বিভাগে অন্যতম উল্লেখযোগ্য নাম তানজানিয়ার গ্যাব্রিয়েল জেরাল্ড গে। ২০২৬ সালের বার্লিন ম্যারাথনে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। দেশের ম্যারাথন রেকর্ডের অধিকারী গে দু’বার ওয়ার্ল্ড ম্যারাথন মেজরসে পডিয়াম ফিনিশ করেছেন। হাফ ম্যারাথনে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৫৯ মিনিট ১৮ সেকেন্ড। ২০২৫ ও ২০২৬ সালে টিসিএস ওয়ার্ল্ড ১০কে বেঙ্গালুরুতে তিনি যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থান অর্জন করেন। কেনিয়ার ব্রায়ান কিবোর আকোটিরও পুরুষদের বিভাগে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। হাফ ম্যারাথনে তাঁর ব্যক্তিগত সেরা সময় ৫৮ মিনিট ৩৯ সেকেন্ড। একজন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল অ্যাথলেট আকোটির ২০২৫ সালের ভ্যালেন্সিয়া হাফ ম্যারাথনে তৃতীয় এবং ২০২৬ সালের পোর্ট জেন্টিল ১০কে-তে দ্বিতীয় স্থান অর্জন করেন। কেনিয়ার জেমস কিপকোগেই, যাঁর ব্যক্তিগত সেরা সময় ৫৯ মিনিট ৩ সেকেন্ড, তিনিও পুরুষদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতার গভীরতা বাড়াবেন। ২০২৫ সালে ভিডিএইচএম-এ তৃতীয় হওয়ার পর ২০২৬ সালের রিগা হাফ ম্যারাথনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেনিও ২০২৩ সালে ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ড সময় করে পুরুষদের ইভেন্ট রেকর্ড গড়েছিলেন। এই সময়টি দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি এলিউড কিপচোগের দখলে থাকা বিশ্বসেরা সময়ের থেকে মাত্র পাঁচ সেকেন্ড বেশি। মহিলাদের বিভাগে ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ডের ইভেন্ট রেকর্ডটি রয়েছে ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদের দখলে, যা তিনিও ২০২৩ সালের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় গড়েছিলেন। এই রেকর্ডগুলি দূরত্বের দৌড়ে বিশ্বের সেরা অ্যাথলেটদের কাছে এখনও বেঞ্চমার্ক হয়ে রয়েছে। আন্তর্জাতিক দূরপাল্লার দৌড়ের ক্যালেন্ডারে কলকাতার গুরুত্বও তাই ক্রমশ বাড়ছে।

মহিলাদের খেতাব ধরে রাখার লক্ষ্যে আজিমেরাও

গত বছর কলকাতায় ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ড সময় করে নিজের প্রথম ২৫কে খেতাব জিতেছিলেন দেগিতু আজিমেরাও। ২০২৬ সালের টিসিএস লন্ডন ম্যারাথনে ২ ঘণ্টা ১৯ মিনিট ১৩ সেকেন্ড সময় করে চতুর্থ স্থান অর্জন তাঁর দক্ষতা ও সামর্থ্যের আরও এক প্রমাণ। এবার কলকাতায় ফিরে নিজের খেতাব ধরে রাখাই লক্ষ্য ইথিওপিয়ার এই অ্যাথলেটের। আজিমেরাও বলেন, “গতবার কলকাতায় আমি অল্পের জন্য ইভেন্ট রেকর্ড ভাঙতে পারিনি। তবে এ বছর সেই রেকর্ড গড়তে পারব বলে আমি আত্মবিশ্বাসী।” এ বছর মহিলাদের বিভাগে শীর্ষস্থানের লড়াইয়ে রয়েছেন দ্রুতগতির দুই কেনিয়ান অ্যাথলেটও। ইভালিন চিরচির ও বিট্রিস জেপচিরচিরের হাফ ম্যারাথনে ব্যক্তিগত সেরা সময় যথাক্রমে ১ ঘণ্টা ৬ মিনিট ১ সেকেন্ড এবং ১ ঘণ্টা ৬ মিনিট ৪৮ সেকেন্ড। এ বছরের মহিলাদের বিভাগে দ্রুততম প্রবেশকারী চিরচির একজন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল অ্যাথলেট। ২০২৬ সালের দেগু ম্যারাথনে তিনি তৃতীয় এবং ২০২৫ সালের প্রাগ হাফ ম্যারাথনে দ্বিতীয় স্থান অর্জন করেন। টিসিএস ওয়ার্ল্ড ১০কে বেঙ্গালুরুতেও দু’বার অংশ নিয়েছেন তিনি। দুই কেনিয়ান অ্যাথলেটই আজিমেরাওয়ের একই বয়সের বিভাগে পড়েন। ফলে তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মহিলাদের বিভাগে গত বছরের তৃতীয় স্থানাধিকারী মেসেলেচ আলেমায়েহু এবং উগান্ডার স্টেলা চেসাংও খেতাবের অন্যতম দাবিদার। আলেমায়েহুর ব্যক্তিগত সেরা সময় ১ ঘণ্টা ৭ মিনিট ৪২ সেকেন্ড। ২০২৬ সালের ভিডিএইচএম-এ তিনি ষষ্ঠ স্থান অর্জন করেন। অন্যদিকে, স্টেলা চেসাং ১০,০০০ মিটারে প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন এবং ২০২৬ সালের ওসাকা ম্যারাথনের বিজয়ী। তিনি একজন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্ল্যাটিনাম লেবেল অ্যাথলেট। কেনিয়ার রেজিনা ওয়াম্বুই এনদুঙ্গু, যাঁর ব্যক্তিগত সেরা সময় ১ ঘণ্টা ৭ মিনিট ১০ সেকেন্ড এবং যিনি ২০২৬ সালের লিসবন হাফ ম্যারাথনে তৃতীয় হয়েছিলেন, তিনিও থাকছেন প্রতিদ্বন্দ্বিতায়। ইথিওপিয়ার অভিজ্ঞ অ্যাথলেট তিগিস্ত তেসেমা এবং ২০২৬ সালের লিসবন ম্যারাথনের বিজয়ী ও ২০২৫ সালের টোকিও হাফ ম্যারাথনের তৃতীয় স্থানাধিকারী মেসেরেম মামো মহিলাদের বিভাগে ইথিওপিয়ার চ্যালেঞ্জকে আরও শক্তিশালী করবেন। সব মিলিয়ে মহিলাদের বিভাগে অভিজ্ঞতা ও প্রতিদ্বন্দ্বিতার গভীরতা রেসের দিন এক আকর্ষণীয় লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

আন্তর্জাতিক এলিট অ্যাথলেটদের তালিকা

পুরুষ বিভাগ:

১. গ্যাব্রিয়েল জেরাল্ড গে – তানজানিয়া – ০০:৫৯:১৮
২. ইসাইয়া কিপকোচ লাসোই – কেনিয়া – ০০:৫৮:১০
৩. ব্রায়ান কিবোর আকোটির – কেনিয়া – ০০:৫৮:৩৯
৪. স্টিফেন কিসা – উগান্ডা – ০০:৫৮:৫৬
৫. জেমস কিপকোগেই – কেনিয়া – ০০:৫৯:০৩
৬. আতাকলতি কিদানু – ইথিওপিয়া – ০০:৫৯:৩৮
৭. টিমোথি কিপলাগাত – কেনিয়া – ০১:০১:০৬
৮. হালেফোম তেসফায় – ইথিওপিয়া – ০১:০১:২০
৯. এরিক কিপলাঙ্গাত – কেনিয়া – ০১:০১:২৯
১০. কেভিন কেমোই – কেনিয়া – ০১:০১:৪৮
১১. ম্যাক্সন কিপনগেটিচ – কেনিয়া – ০১:০১:৫১
১২. আসবেল রুট্টো – কেনিয়া – ০১:০২:১৬
১৩. আলেমায়েহু মুলাতে – ইথিওপিয়া – ০১:০৫:০৩
১৪. ইমানুয়েল কিবেট – উগান্ডা – অভিষেক
১৫. মোদেস্তি কালিস্তি – তানজানিয়া – অভিষেক
১৬. এলিজা চেপ্টোইয়েক – উগান্ডা – পেসার
১৭. লিওনার্ড কুয়েরিট – উগান্ডা – পেসার

মহিলা বিভাগ:

১. ইভালিন চিরচির – কেনিয়া – ১:০৬:০১
২. দেগিতু আজিমেরাও – ইথিওপিয়া – ১:০৬:০৭
৩. বিট্রিস জেপচিরচির চেসেরেক – কেনিয়া – ১:০৬:৪৮
৪. রেজিনা ওয়াম্বুই এনদুঙ্গু – কেনিয়া – ১:০৭:১০
৫. তিগিস্ত তেসেমা – ইথিওপিয়া – ১:০৭:২৩
৬. মেসেলেচ আলেমায়েহু – ইথিওপিয়া – ১:০৭:৪২
৭. স্টেলা চেসাং – উগান্ডা – ১:০৭:৫৯
৮. মেসেরেম মামো – ইথিওপিয়া – ১:১০:৫৮
৯. তেকান বেহেরে – ইথিওপিয়া – ১:১১:৫৭
১০. পাসকালিনে জেলাগাত – কেনিয়া – অভিষেক
১১. বেনার্ড চেপ্টোচ – উগান্ডা – পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles