Top 5 This Week

spot_img

Related Posts

২৬/১১-র ১৮ বছর পার!‌ নিদ্রাহীন সেই রাত কখনও ভুলবে না মুম্বই

RK NEWZ আঠেরোটা বছর কেটে গিয়েছে ভয়ঙ্কর সেই দিনটার পর থেকে। কিন্তু স্মৃতিগুলো এখনও টাটকা। ভালবাসার ‘আমচি মুম্বই’-এর ইতিহাসে অন্যতম অন্ধকারতম দিন। শেষ নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত নিদ্রাহীন সেই রাতটার কথা কখনও ভুলতে পারা যাবে না। জঙ্গি হামলার কবলে মুম্বই শহর। সিএসটি (তখন নাম ছিল ভিটি স্টেশন), গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে তাজ হোটেল, মেরিন ড্রাইভের কাছে ট্রাইডেন্ট হোটেল, রিগ্যাল সিনেমার কাছে লিওপোল্ড ক্যাফে এবং কোলাবার নরিম্যান হাউসে ‘অ্যাটাক’ হয়েছে। দু’টো বিস্ফোরণের খবরও ছিল। একটা ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের কাছে ভিলে পার্লেতে। আর একটি মাজগাঁওর ওয়াদি বন্দরে।চারদিকে আতঙ্ক, অস্বস্তি। হামলার অভিঘাত যে কতটা তীব্র, কতটা ভয়ঙ্কর-তা ঠাহর করা রীতিমতো কঠিন ছিল। এই মুম্বই সেই মুম্বই নয়। জায়গাটার অবস্থা তখন ভয়ঙ্কর বললেও কম হয়। আতঙ্কে মানুষজন এদিক-ওদিক দৌড়চ্ছেন। সারে-সারে মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছেন হাসপাতালকর্মীরা। একে, একে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। সিএসটি থেকে এগোলাম তাজ হোটেলের দিকে। ততক্ষণে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছাড়িয়ে গিয়েছে। মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন, পুলিশের গাড়ি-অ্যাম্বুলেন্সে চারদিক ছয়লাপ।

হোটেলের বাইরে একটা নির্দিষ্ট দূরত্ব। হোটেলের ভিতরে তখনও জঙ্গিরা রয়েছে। নিরাপত্তার স্বার্থেই পুলিশ সকলকে অনেকটা সরিয়ে, ডেঞ্জার জোনের বাইরে রাখতে বাধ্য হয়েছিল। এরই মধ্যে জানা গেল, হামলা ততক্ষণে অন্যত্র ছড়িয়ে পড়েছে। জঙ্গিরা কামা হাসপাতালের দিকে এগিয়েছে। সেই দলটাতেই রয়েছে কাসব। সেখান থেকে বেরোনোর সময় পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। জঙ্গিদের দলটা এর পর মেরিন ড্রাইভের দিকে এগোচ্ছিল। ফের পুলিশের মুখে পড়ে। গিরগৌম চৌপাটির কাছে কাসবকে পাকড়াও করা হয়। মেরিন ড্রাইভের ট্রাইডেন্ট হোটেল হামলার কবলে পড়েছিল। সেখানকার ছবিটাও তাজ হোটেলের মতোই ছিল। নরিম্যান হাউসও নাশকতার কবলে পড়েছে। এনএসজি কম্যান্ডোরা ছাদের রাস্তা বেয়ে ঢুকলেন নরিম্যান হাউসের ভিতর। তারপরই পর পর গুলি-গ্রেনেডের শব্দ। কম্যান্ডোদের পাল্টা জবাব দিচ্ছে জঙ্গিরাও। ২০০৮ সালের ২৬-২৮ নভেম্বরের সেই সব ভয়ঙ্কর রাত। অভিশপ্ত বললেও কিছুই বলা হয় না। শেষ পর্যন্ত ২৯ নভেম্বর ভোরের দিকে তাজ হোটেল জঙ্গিমুক্ত হল। শেষ জঙ্গিকেও গুলি করে মারল কম্যান্ডোরা। হারানো ছন্দ পরে ফিরে পেয়েছে মুম্বই। কিন্তু সময় লেগেছে সব কিছু স্বাভাবিক হতে। ২৬/১১-র অভিঘাত, প্রাণহানি, আতঙ্ক কারুর পক্ষে ভোলা সম্ভবও নয়। এটা শুধুমাত্র ইতিহাসের পাতার একটা দিন নয়। এটা মুম্বইয়ের বুকে সেই গভীর ক্ষত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles