RK NEWZ ভোটার ‘প্রকৃত’ কি না, এত দিন তার যাচাই হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর এ বার ভোটারের দেওয়া তথ্যের ভুল সংশোধনে নজর দিল কমিশন। কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত ভোটারের তথ্যের অমিল পাওয়া গিয়েছে, তাঁদের বাড়ি গিয়ে বুথস্তরের আধিকারিক বা বিএলওকে তথ্যযাচাই করতে হবে। এ বার যেন আর তথ্যগত অসঙ্গতি না থাকে, তা সুনিশ্চিত করতে হবে। এর আগে কমিশনের দেওয়া একটি হিসাব বলেছিল, বিহারের পরে ১২টি রাজ্যের এসআইআরে ৬.৫ কোটি নাম ‘মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট’ বলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার বাইরে আরও ১২.৭ লক্ষ নাম ‘অন্য’ তালিকায় রয়েছে। প্রায় ৩৬ লক্ষ ভোটারের নামে অন্য কেউ ফর্ম-৭-এর মাধ্যমে আপত্তি তোলায় বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ নাম ‘তথ্যগত অসঙ্গতি’র জন্য বাদ গিয়েছে। যাঁদের সামনে সুপ্রিম কোর্টের তৈরি আপিল ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ রয়েছে। এ বার কমিশনের নির্দেশ, বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে সংশোধন চলাকালীন সংগ্রহ করা সংশ্লিষ্ট ভোটারের তথ্য মিলিয়ে দেখতে হবে। যদি দু’টি তথ্যের মধ্যে কোনও অমিল পাওয়া যায়, তাহলে সেই তথ্য যাচাইয়ের জন্য চিহ্নিত করতে হবে। কমিশনের যুক্তি, প্যান কার্ড বা আধার কার্ডে কোনও রকম ভুল থাকলে তা সংশোধন করতেই হয়। নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি সঠিক করে নিতে হয়। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে দেখা যায়, ভুল থেকে গিয়েছে। সেটা যাতে না-হয়, সেই জন্য এই উদ্যোগ। এ বার ভোটার তালিকায় কোনও ভোটারের নাম, বাবা বা মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য তথ্যে ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করে নিতে হবে। শুধুমাত্র ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। ভোটারের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই সংশোধন করতে হবে। কমিশনের বক্তব্য, তালিকায় নাম থাকা প্রত্যেক ভোটারের তথ্য নির্ভুল হতে হবে। আর যেন কোনও তথ্যগত ভুল না থাকে।





