RK NEWZ ভোটার ‘প্রকৃত’ কি না, এত দিন তার যাচাই হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর এ বার ভোটারের দেওয়া তথ্যের ভুল সংশোধনে নজর দিল কমিশন। কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত ভোটারের তথ্যের অমিল পাওয়া গিয়েছে, তাঁদের বাড়ি গিয়ে বুথস্তরের আধিকারিক বা বিএলওকে তথ্যযাচাই করতে হবে। এ বার যেন আর তথ্যগত অসঙ্গতি না থাকে, তা সুনিশ্চিত করতে হবে। এর আগে কমিশনের দেওয়া একটি হিসাব বলেছিল, বিহারের পরে ১২টি রাজ্যের এসআইআরে ৬.৫ কোটি নাম ‘মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট’ বলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার বাইরে আরও ১২.৭ লক্ষ নাম ‘অন্য’ তালিকায় রয়েছে। প্রায় ৩৬ লক্ষ ভোটারের নামে অন্য কেউ ফর্ম-৭-এর মাধ্যমে আপত্তি তোলায় বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ নাম ‘তথ্যগত অসঙ্গতি’র জন্য বাদ গিয়েছে। যাঁদের সামনে সুপ্রিম কোর্টের তৈরি আপিল ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ রয়েছে। এ বার কমিশনের নির্দেশ, বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে সংশোধন চলাকালীন সংগ্রহ করা সংশ্লিষ্ট ভোটারের তথ্য মিলিয়ে দেখতে হবে। যদি দু’টি তথ্যের মধ্যে কোনও অমিল পাওয়া যায়, তাহলে সেই তথ্য যাচাইয়ের জন্য চিহ্নিত করতে হবে। কমিশনের যুক্তি, প্যান কার্ড বা আধার কার্ডে কোনও রকম ভুল থাকলে তা সংশোধন করতেই হয়। নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি সঠিক করে নিতে হয়। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে দেখা যায়, ভুল থেকে গিয়েছে। সেটা যাতে না-হয়, সেই জন্য এই উদ্যোগ। এ বার ভোটার তালিকায় কোনও ভোটারের নাম, বাবা বা মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য তথ্যে ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করে নিতে হবে। শুধুমাত্র ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। ভোটারের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই সংশোধন করতে হবে। কমিশনের বক্তব্য, তালিকায় নাম থাকা প্রত্যেক ভোটারের তথ্য নির্ভুল হতে হবে। আর যেন কোনও তথ্যগত ভুল না থাকে।
‘ভরসা’ প্রকল্পে কারা পাবেন সুবিধা?
আবেদনের পদ্ধতি কী? স্নাতক উপভোক্তারা মাসিক ২ হাজার টাকা পাবেন
এই প্রকল্পে স্নাতক উপভোক্তারা মাসিক ২ হাজার টাকা পাবেন। যাঁরা স্নাতক নন তাঁরা ১ হাজার ৫০০ টাকা করে প্রতি মাসে পাবেন। নতুন সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ প্রকল্প চালু হয়েছিল। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই প্রকল্প নিয়ে খুঁটিনাটি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে স্নাতক উপভোক্তারা মাসিক ২ হাজার টাকা পাবেন। যাঁরা স্নাতক নন তাঁরা ১ হাজার ৫০০ টাকা করে প্রতি মাসে পাবেন। সর্বোচ্চ ৫ বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদনের পদ্ধতিই বা কী, সে সংক্রান্ত বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কারা ‘ভরসা’ প্রকল্পে আবেদনের যোগ্য?
বাংলার স্থায়ী বাসিন্দা।
২০২৭ সালে ১ জানুয়ারি অনুযায়ী বয়স ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্য়ে।
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ (নন গ্র্যাজুয়েট/ আন্ডার গ্র্যাজুয়েট) অথবা স্নাতক ডিগ্রিধারী।
স্বনিযুক্ত নন এবং সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত নন।
একই পরিবার থেকে দু’জনের বেশি আবেদনকারী এই সুবিধা পাবেন না।
অন্নপূর্ণা যোজনা বা রাজ্য সরকারের অন্যান্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত নন।
তবে মানবিক পেনশনের মতো দিব্য়াঙ্গজনদের জন্য কোনও পেনশন প্রাপকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
এসআইআর ২০২৬-এর পর চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে। অথবার এসআইআর অ্যাপেলেট ট্রাইব্য়ুনালে মামলা বিচারাধীন অথবা সিএএ-র অধীনে আবেদন বিচারাধীন।
আবেদনের পদ্ধতি:
‘আপনার সরকার আপনার পাশে’ এই জনঅভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্য়মে আবেদনগুলি খতিয়ে দেখা হবে। যাচাই করা তথ্য ‘ভরসা’ প্রকল্পের তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে।
কোন আবেদনপত্রগুলি যাচাই করা হবে?:
যোগ্যতার শর্ত অনুযায়ী সংগৃহীত তথ্যের সরেজমিনে যাচাইয়ের ভিত্তিতে প্রকল্পটি রূপায়িত হবে। যাচাইয়ের পর নির্ধারিত আধিকারিক যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন।
সহায়তা বন্ধের শর্ত:
ভুল করে কোনও সহায়ত মঞ্জুর হলে অথবা কোনও যোগ্যতার শর্ত আর পূরণ না হলে, উপভোক্তাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়ার পর সহায়তা বন্ধ বা স্থগিত রাখা যেতে পারে।





