RK NEWZ রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কলকাতার পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে শুরু থেকেই আপত্তি করেছিল বিরোধী দলগুলি। পরবর্তীকালে তার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। মামলায় সাফ জানানো হয়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি হবে, তারপর ভোট। অর্থাৎ কবে পুরভোট হবে, তা এখন প্রশ্নের মুখে। একাধিক পুরসভা ও পুরনিগমে ভোট হয়নি দীর্ঘদিন। পালাবদলের পর একাধিক পুরবোর্ড ভেঙে গিয়েছে, সেখানে দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসকরা। ফলে দ্রুত ভোট করাতে চাইছিল সরকার। নাহলে বিঘ্নিত হচ্ছে নাগরিক পরিষেবা। শোনা যাচ্ছিল, নভেম্বরের শেষের দিকে হতে পারে নির্বাচন। কিন্তু হাই কোর্টের নির্দেশের ফলে পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিয়তায়। এরই মাঝে আবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কলকাতা হাই কোর্টে পৃথক মামলা দায়ের হয়েছে। কলকাতা পুরভোটের উপর কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। গত ১৩ নভেম্বর শীর্ষ আদালতে রাজ্যের তরফে মামলা দায়ের করা হয়। সোমবার পুরভোট সংক্রান্ত মামলার শুনানি। কী জানায় সর্বোচ্চ আদালত, তার উপরেই নির্ভর করছে বাংলার পুরভোটের ভবিষ্যৎ। আপাতত সেদিকেই নজর সকলের। কলকাতা ও হাওড়ায় নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বর থেকে এই কো-অর্ডিনেটর কাজ করবেন। এই কো-অর্ডিনেটর কারা হবেন, তাও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির লোকজনই কো-অর্ডিনেটর হবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন হাই কোর্টের স্থগিতাদেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়া হবে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে গত ১৩ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কী বলে, সেদিকেই এখন তাকিয়ে শাসক-বিরোধী উভয়পক্ষ। সাধারণ মানুষের নজরও পুরভোট মামলার দিকেই।
কলকাতা পুরসভার ভোট ঘোষণার উপর হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। একই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথকভাবে শীর্ষ আদালতে আবেদন করেছে কলকাতা পুরসভাও। সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলাটির শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বুধবার পর্যন্ত পিছিয়ে গেল দুই মামলার শুনানি। সম্প্রতি কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডসংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসে জনসংখ্যার বদলে ভোটার তালিকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বিজেপি-কে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, গোটা প্রক্রিয়াটি আইনসম্মত নয় বলেও দাবি করেন। মামলাকারীর আরও বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার আইনি এক্তিয়ার পুর-কমিশনারের নেই। তাই ভোট ঘোষণার আগে ওয়ার্ড বিন্যাসের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়েছিল সিপিএম। প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ভোট ঘোষণা স্থগিত করতে রাজি হয়নি। এরপর গত ৪ নভেম্বর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান দীপু। তাঁর আশঙ্কা ছিল, যে কোনও মুহূর্তে পুরভোটের নির্ঘণ্ট জারি হয়ে গেলে এই মামলার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না। সেই আবেদনের প্রেক্ষিতেই ভোট ঘোষণায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।




